ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

MD. Razib Ali

Senior Reporter

রোহিত-সূর্যকুমারকে টপকে রাজার বিশ্বরেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২০ ১১:২০:৫০
রোহিত-সূর্যকুমারকে টপকে রাজার বিশ্বরেকর্ড

কলম্বোর মাঠে বীরত্বগাঁথা লিখলেন সিকান্দার রাজা। শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয়ে কেবল সুপার এইট নিশ্চিত করাই নয়, রেকর্ড বইয়ের পাতায় সূর্যকুমার যাদব ও রোহিত শর্মার মতো মহারথীদেরও পেছনে ফেলে দিয়েছেন জিম্বাবুইয়ান অধিনায়ক। লঙ্কানদের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয়ে গ্রুপ 'বি'-র শীর্ষস্থান দখল করে পরবর্তী রাউন্ডে পা রাখল আফ্রিকার এই দেশটি।

লঙ্কানদের হারিয়ে অপরাজিত জিম্বাবুয়ে

১৭৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে এক মুহূর্তের জন্যও খেই হারায়নি জিম্বাবুয়ে। ৪ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টুর্নামেন্টের বড় অঘটনের পর লঙ্কানদের হারানো জিম্বাবুয়ের জন্য বড় আত্মবিশ্বাসের কারণ। অস্ট্রেলিয়া ও ওমানের বিপক্ষে দাপুটে জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হলেও, অপরাজিত থেকেই সুপার এইটে নাম লেখালো তারা।

ব্যাট-বলে রাজার অলরাউন্ড নৈপুণ্য

দলের বিপর্যয়ে চার নম্বরে ব্যাটিং করতে এসে লঙ্কান বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ২৬ বলের ইনিংসে ১৭৩.০৮ স্ট্রাইক রেটে করেন ৪৫ রান। তার এই বিধ্বংসী ইনিংসে ছিল ৪টি বিশাল ছক্কা ও ২টি চারের মার। এর আগে বল হাতেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন তিনি; উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করেন মাত্র ৩৬ রান। অসাধারণ এই পারফরম্যান্সের সুবাদে তার হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।

রেকর্ডবুক ওলটপালট

এই ম্যাচসেরার স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন রাজা। এটি ছিল রাজার ক্যারিয়ারের ২০তম ম্যাচসেরা হওয়ার গৌরব। এর ফলে ভারতের সূর্যকুমার যাদবকে টপকে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের তালিকায় সবার উপরে উঠে এলেন তিনি। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। বর্তমানে রাজার উপরে আছেন কেবল মালয়েশিয়ার বীরান্দিপ সিং (২২ বার)।

ভেঙে দিলেন রোহিতের রেকর্ড

ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি নেতৃত্বের মুকুটেও নতুন পালক যুক্ত করেছেন রাজা। আইসিসি ইভেন্টে সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসেবে ম্যাচসেরা হওয়ার কৃতিত্ব এখন তার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মার গড়া আগের রেকর্ডটি এখন জিম্বাবুইয়ান তারকার দখলে।

টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত অপরাজিত থাকা চারটি দলের একটি হিসেবে সুপার এইটে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে।

আল-মামুন/

পাঠকের মতামত: