শেয়ারহোল্ডারদের জন্য ওয়ালটনের চমক
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৫-২৬ অর্থবছরে আর্থিক সক্ষমতা ও পরিচালন দক্ষতায় ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদের ৫৪তম সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করা হয়েছে।
অর্থাৎ, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ১৮ টাকা নগদ লভ্যাংশ এবং প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি বোনাস শেয়ার পাবেন।
মুনাফা বেড়েছে ৮৮ কোটি টাকা
কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ হিসাব বছরে ওয়ালটনের মুনাফা হয়েছে ১ হাজার ১২৪ কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৯৪ টাকা। আগের হিসাব বছরে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ১ হাজার ৩৬ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৩৬৩ টাকা।
এ হিসাবে এক বছরে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ৮৮ কোটি টাকা।
২০২৫-২৬ অর্থবছরে ওয়ালটনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ৩৩ টাকা ৭৫ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৩১ টাকা ১১ পয়সা।
কোম্পানির আয় বৃদ্ধির পেছনে নিট রেভিনিউ ৩২২ কোটি ৫৬ লাখ টাকা বা ৪ দশমিক ৫৫ শতাংশ বৃদ্ধি এবং অর্থায়ন ব্যয় ২৬৭ কোটি ২৬ লাখ টাকা কমে যাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আগের অর্থবছরে কোম্পানির অর্থায়ন ব্যয় ছিল ৪৪৮ কোটি ৪০ লাখ টাকা, যা বিক্রয়ের ৬ দশমিক ৩৩ শতাংশ। চলতি অর্থবছরে তা কমে বিক্রয়ের ২ দশমিক ৪৫ শতাংশে নেমে এসেছে।
পরিচালন নগদ প্রবাহেও উন্নতি
একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ বা এনওসিএফপিএস উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এটি দাঁড়িয়েছে ৬৩ টাকা ৭২ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৫২ টাকা ৯১ পয়সা।
কোম্পানির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ ৬৯৪ কোটি ৩৬ লাখ টাকা বা ৮ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি এবং সরবরাহকারীদের অর্থ পরিশোধ ২ দশমিক ৩১ শতাংশ কমে আসা এ উন্নতির অন্যতম কারণ।
বেড়েছে নিট সম্পদ মূল্য
২০২৫-২৬ অর্থবছরে পুনর্মূল্যায়নসহ ওয়ালটনের মোট নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৭০৪ কোটি টাকা। আগের অর্থবছরে তা ছিল প্রায় ১২ হাজার ১০৯ কোটি টাকা।
পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বেড়ে হয়েছে ৩৮১ টাকা ২৬ পয়সা, যা আগের বছর ছিল ৩৬৩ টাকা ৪০ পয়সা।
অন্যদিকে, পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ২৬২ টাকা ৮ পয়সা থেকে বেড়ে হয়েছে ২৮০ টাকা ২৪ পয়সা।
সম্প্রসারণে ব্যবহার হবে স্টক লভ্যাংশ
প্রতিবেদনের তথ্যমতে, প্রস্তাবিত ১০ শতাংশ স্টক লভ্যাংশ কোম্পানির গ্রিন এনার্জি সক্ষমতা সম্প্রসারণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং অন্যান্য আধুনিকায়ন ও সম্প্রসারণমূলক কার্যক্রমে অর্থায়নের লক্ষ্যে সুপারিশ করা হয়েছে।
এ স্টক লভ্যাংশ সম্পূর্ণভাবে রিটেইনড আর্নিংস থেকে দেওয়া হবে।
লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর ২০২৬। কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ অক্টোবর ২০২৬ ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
রেকর্ড ডেটে যেসব শেয়ারহোল্ডারের নাম সিডিবিএল ডিপোজিটরি রেজিস্টারে থাকবে, তারা ঘোষিত লভ্যাংশ পাওয়ার পাশাপাশি এজিএমে অংশগ্রহণের যোগ্য হবেন।
ভ্যাট কমায় আশাবাদী ওয়ালটন
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন খাতে পরিচালন ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে পণ্য বিক্রির স্বাভাবিক ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে কোম্পানির ব্যবস্থাপনা। ফলে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও গত হিসাব বছরে কোম্পানির মুনাফা হয়েছে ১১২৪ কোটি ৫৭ লাখ টাকা।
চলতি হিসাব বছরেও মুনাফা অর্জনে আরও সফলতার দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী কোম্পানিটি। এর অন্যতম কারণ হিসেবে ২০২৬-২৭ হিসাব বছরে ফ্রিজ, এসিসহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের ওপর ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে আগের ৭ দশমিক ৫ শতাংশে আনার বিষয়টি উল্লেখ করেছে ওয়ালটন।
কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ হিসাব বছরে ইলেকট্রনিক্স পণ্য বিক্রয়ের ওপর ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করায় ওই বছরে ৪০০ কোটি টাকার বেশি ভ্যাট দিতে হয়েছে।
চলতি হিসাব বছরে ভ্যাটের হার আবার ৭ দশমিক ৫ শতাংশে কমে আসায় বিক্রির ওপর প্রদেয় ভ্যাটও উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
ওয়ালটনের ধারণা, ২০২৬-২৭ হিসাব বছরে পণ্য বিক্রির স্বাভাবিক ধারা বজায় থাকলে নিট রেভিনিউ উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর ফলে কোম্পানির নিট মুনাফাও বাড়তে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫.২ মাত্রার ভূমিকম্প আসলে ভূমিকম্পই ছিল না!
- পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ-বার জানাল সূত্র
- মেসির সতীর্থ থেকে এবার মেসির কোচ, অবিশ্বাস্য যাত্রা
- রুমিন ফারহানার মধ্যেও ‘হাসিনার ছায়া’!
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি প্রকাশ
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- ২০৩০ সালে বাংলাদেশ হবে বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতি, ছাড়াবে যেসব দেশ
- ২৯ আগস্টের বাজারদর ও ভরির দাম একনজরে
- প্রধানমন্ত্রীর চিঠি, ‘মক্কা চুক্তি’ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট
- যেভাবে থানা থেকে পালিয়েছিলেন মিতু
- ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে সৌদির অবস্থান স্পষ্ট
- আজকের স্বর্ণের দাম: ভরিতে কমেছে ৭,১১৫ টাকা
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল