ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কে কত দেবে

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ অক্টোবর ০৩ ১৪:৪৫:১০
সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কে কত দেবে

শেয়ারবাজারে বিদায়ী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণাকে ঘিরে বিনিয়োগকারীদের সামনে এসেছে ভিন্ন ভিন্ন চিত্র। পাঁচ কোম্পানির মধ্যে সর্বোচ্চ ৭৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস। আবার এপেক্স ফুটওয়্যার ক্যাশের পাশাপাশি বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এনভয় টেক্সটাইলস ঘোষণা করেছে ৩২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। অন্যদিকে বঙ্গজ লিমিটেড দিয়েছে ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। তালু স্পিনিং কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইবনে সিনায় ৭৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড

ডিভিডেন্ড ঘোষণার দিক থেকে সপ্তাহের উল্লেখযোগ্য সিদ্ধান্ত এসেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস থেকে। ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৭৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। এর আগের অর্থবছরে ক্যাশ ডিভিডেন্ড ছিল ৬৪ শতাংশ।

কোম্পানিটির আর্থিক ফলাফলেও আগের বছরের তুলনায় পরিবর্তন দেখা গেছে। সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২০ টাকা ২৭ পয়সা।

নগদ অর্থপ্রবাহের হিসাবেও কোম্পানিটির অবস্থান আগের বছরের চেয়ে ভিন্ন। শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৭ টাকা ৯৫ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ২৩ টাকা ১৬ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৫৬ পয়সা।

ডিভিডেন্ডসংক্রান্ত সিদ্ধান্তের পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম হিসেবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ৯টায়। এ সভায় অংশগ্রহণ ও ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড ডেট ২৬ অক্টোবর।

এপেক্স ফুটওয়্যারে ক্যাশের সঙ্গে বোনাস শেয়ার

এপেক্স ফুটওয়্যারের ঘোষণায় রয়েছে দুই ধরনের ডিভিডেন্ড। ২০২৫-২৬ অর্থবছরের জন্য কোম্পানিটি মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর অর্ধেক অর্থাৎ ১৫ শতাংশ হবে ক্যাশ ডিভিডেন্ড এবং বাকি ১৫ শতাংশ স্টক বা বোনাস শেয়ার।

প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ক্যাশ ডিভিডেন্ডের পরিমাণ ১ টাকা ৫০ পয়সা। পাশাপাশি প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে ১৫টি বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কোম্পানির আর্থিক হিসাবেও আগের অর্থবছরের তুলনায় পরিবর্তন রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে পুনঃনির্ধারিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯১ পয়সা। ২০২৪-২৫ অর্থবছরে পুনঃনির্ধারিত ইপিএস ছিল ৬ টাকা ৯০ পয়সা।

তবে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৯৬ টাকা ৯৭ পয়সা। আগের অর্থবছরে এই সূচক ছিল ৪৫ টাকা ১৯ পয়সা।

সম্পদের হিসাবে ৩০ জুন ২০২৬ তারিখে পুনঃনির্ধারিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫৫ টাকা ২৫ পয়সা। ৩০ জুন ২০২৫ তারিখে পুনঃনির্ধারিত এনএভি ছিল ৩৪৯ টাকা ৩৫ পয়সা।

ডিভিডেন্ড পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার। কোম্পানিটির ৩৬তম এজিএম অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ২০২৬, রোববার বেলা ১১টায়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ডিজিটাল প্ল্যাটফর্মে সভাটি ভার্চুয়ালি আয়োজন করা হবে।

এনভয় টেক্সটাইলসে ৩২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড

৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের ফলাফলের ভিত্তিতে এনভয় টেক্সটাইলস শেয়ারহোল্ডারদের জন্য ৩২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ২৪ পয়সা। এর আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ৪০ পয়সা।

তবে নগদ কার্যকরি প্রবাহের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা গেছে। সমাপ্ত বছরে এনওসিএফপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৮৮ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪ টাকা ৭৭ পয়সা।

কোম্পানিটির সম্পদমূল্যও আগের বছরের তুলনায় বেড়েছে। হিসাববছর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনইভপিএস) হয়েছে ৬০ টাকা ৩৩ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেষে এ মূল্য ছিল ৫৮ টাকা ৩২ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ডের জন্য যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণের রেকর্ড ডেট ২৬ অক্টোবর। এজিএম হবে আগামী ৫ ডিসেম্বর বেলা ১১টায়। ঢাকার গুলশান অ্যাভিনিউয়ে পুলিশ প্লাজার পাশে অবস্থিত গুলশান শুটিং ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে সভাটি অনুষ্ঠিত হবে।

বঙ্গজের ডিভিডেন্ড ৩ শতাংশ

বঙ্গজ লিমিটেড ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭৬ লাখ ২৪ হাজার ৬৪৩টি। এর মধ্যে পরিচালক ও উদ্যোক্তাদের মালিকানায় রয়েছে ১৭ লাখ ৫৬ হাজার ৪৫৪টি শেয়ার। সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য প্রদেয় ক্যাশ ডিভিডেন্ডের মোট পরিমাণ ১৭ লাখ ৬০ হাজার ৩৭৮ টাকা।

তবে আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় আগের বছরের তুলনায় কমেছে। সমাপ্ত অর্থবছরে ইপিএস হয়েছে ২৪ পয়সা, আগের বছর যা ছিল ২৮ পয়সা।

নগদ প্রবাহের হিসাবেও নেতিবাচক অবস্থান দেখা গেছে। শেয়ারপ্রতি নিট কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৫২ পয়সা। আগের বছর এই সূচক ছিল ৩৮ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সা। আগের বছর তা ছিল ২১ টাকা ২ পয়সা।

বঙ্গজের এজিএম আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মে (চুয়াডাঙ্গা) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ অক্টোবর।

তালু স্পিনিংয়ে ডিভিডেন্ড নেই

অন্য চার কোম্পানির বিপরীতে তালু স্পিনিংয়ের ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করা হয়নি। ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের ফলাফলের ভিত্তিতে কোম্পানিটি ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

এই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৪ পয়সা। আগের বছর লোকসানের পরিমাণ ছিল ২ টাকা ৭৯ পয়সা।

শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও আগের বছরের তুলনায় কমেছে। ৩০ জুন, ২০২৬ তারিখে এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৫১ পয়সা, যেখানে আগের বছর ছিল ১৩ টাকা ৩৪ পয়সা।

অন্যদিকে, শেয়ারপ্রতি নিট কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.০০৭ টাকা। আগের বছর এই সূচক ছিল ঋণাত্মক ০.০৩ টাকা।

কোম্পানিটির এজিএম আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২টায় হাইব্রিড প্ল্যাটফর্মে (চুয়াডাঙ্গা) অনুষ্ঠিত হবে। এ সভার জন্য রেকর্ড তারিখ রাখা হয়েছে ১৯ অক্টোবর।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ