ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সাইফ-হৃদয়-রিশাদের বিরুদ্ধে বিসিবির শাস্তির সিদ্ধান্ত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ অক্টোবর ০৩ ১৬:১৫:১৪
সাইফ-হৃদয়-রিশাদের বিরুদ্ধে বিসিবির শাস্তির সিদ্ধান্ত

এশিয়ান গেমসে মাঠের ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ ক্রিকেট দলে সামনে এসেছে শৃঙ্খলাজনিত আরেক ঘটনা। জাপানের নাগোয়ায় টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া ঘুরতে যাওয়ার অভিযোগে সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনের বিরুদ্ধে আর্থিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিসিবির একটি সূত্র বলছে, তিন ক্রিকেটারের প্রত্যেককে ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। বিষয়টি এরই মধ্যে ক্রিকেটারদের জানানো হয়েছে।

জাতীয় দলের তিন ক্রিকেটারের এই ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে এশিয়ান গেমসে বাংলাদেশ দলের সফর। কারণ, টুর্নামেন্টে প্রত্যাশিত ফল না পাওয়ার পাশাপাশি এবার দলের ভেতরের শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছে।

কী ঘটেছিল নাগোয়ায়

ঘটনার সূত্রপাত নাগোয়ায়। বৃষ্টির কারণে সেদিন বাংলাদেশ দলের অনুশীলন বন্ধ ছিল। ওই সময় সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন বাইরে ঘুরতে যান।

তবে বাইরে যাওয়ার আগে তারা টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়েছিলেন কি না, সেই বিষয়টি সামনে আসে পরে। জানা গেছে, তিন ক্রিকেটারের অনুমতি ছাড়া ঘোরার খবরটি প্রথমে দলের মধ্যে মুখে মুখে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিষয়টি টিম ম্যানেজার নাফিস ইকবালের কাছে পৌঁছে যায়।

নাফিস ইকবাল পরে এ বিষয়ে বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান তামিম ইকবালকে অবহিত করেন। ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট তিন ক্রিকেটারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বোর্ড প্রেসিডেন্ট।

জরিমানার সিদ্ধান্ত বিসিবির

বিসিবির একটি সূত্রের বরাতে জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি বিবেচনায় নিয়ে সাইফ, হৃদয় ও রিশাদের আর্থিক জরিমানা করা হচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ১ লাখ থেকে ২ লাখ টাকার মধ্যে হতে পারে।

শাস্তির বিষয়টি শুধু বোর্ডের পর্যায়েই সীমাবদ্ধ নেই। ইতোমধ্যেই সংশ্লিষ্ট ক্রিকেটারদেরও এ ব্যাপারে অবগত করা হয়েছে।

এশিয়ান গেমসে প্রত্যাশা পূরণ হয়নি

বাংলাদেশ ক্রিকেট দল জাপানে গিয়েছিল ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে। কিন্তু প্রতিযোগিতার শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হয়নি। বরং কোনো জয় ছাড়াই এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট শেষ করতে হয়েছে লিটন দাসের দলকে।

বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ছিল মালয়েশিয়ার বিপক্ষে। ২৯ সেপ্টেম্বর নির্ধারিত ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে ম্যাচ না খেলেই বাংলাদেশ সেমিফাইনালে জায়গা পায়।

সেখানেই অবশ্য থেমে যায় বাংলাদেশের পদকের লড়াই। শেষ চারে পাকিস্তানের বিপক্ষে দলটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। পরে ব্রোঞ্জপদকের ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই জমাতে ব্যর্থ হয় বাংলাদেশ।

ফলে ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে যাওয়া দলটি শেষ পর্যন্ত কোনো জয় ছাড়াই প্রতিযোগিতা শেষ করে।

সামনে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট

এশিয়ান গেমসের পর বাংলাদেশের সামনে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যস্ততা। চলতি অক্টোবরেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ।

৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ও স্বাগতিক আফগানিস্তান মুখোমুখি হবে একমাত্র টেস্টে।

এরপর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে খেলবে আফগানিস্তান। ১৭ অক্টোবর শুরু হবে তিন জাতির এই সিরিজ। টুর্নামেন্টের শেষ ম্যাচ তথা ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ