মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুনাফা বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) প্রায় ৩০ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ৬ পয়সা। আগের বছরের একই সময়ে এ ইপিএস ছিল ১ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ৪৮ পয়সা বা প্রায় ৩০ শতাংশ।
দ্বিতীয় প্রান্তিকেও মুনাফা বেড়েছে
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪ পয়সা। আগের বছরের একই সময়ে এ ইপিএস ছিল ৭৮ পয়সা।
ফলে এক বছরের ব্যবধানে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ২৬ পয়সা বা প্রায় ৩৩ শতাংশ।
এর আগে প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৮০ পয়সা। অর্থাৎ প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে প্রায় ২৮ শতাংশ।
বেড়েছে নিট সম্পদ মূল্যও
গত ৩০ জুন ২০২৬ পর্যন্ত ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৫ পয়সা।
এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয়। ওই বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩ টাকা ৪ পয়সা।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৬২ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।