এক ঘটনায় বিএসইসির ২২ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি, জানুন বিস্তারিত
চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই ঘটনায় সংস্থাটির আরও পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তর বা গ্রেডে নামিয়ে দেওয়ার শাস্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২৩ জুলাই অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
বিএসইসি সূত্র জানায়, গত বছরের ৫ মার্চ তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও অন্যান্য কমিশনারকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়। তদন্ত ও বিভাগীয় কার্যক্রম শেষে মোট ২৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
এর মধ্যে মঙ্গলবার ২২ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি কার্যকর করা হয়েছে। অপর একজন কর্মকর্তা এরই মধ্যে অন্য একটি অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হওয়ায় তার বিরুদ্ধে নতুন করে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বাধ্যতামূলক অবসরে ১৭ কর্মকর্তা
বিএসইসির বাধ্যতামূলক অবসরে পাঠানো ১৭ কর্মকর্তার মধ্যে রয়েছেন নির্বাহী পরিচালক রেজাউল করিম; পরিচালক আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার; অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম ও মোল্যা মো. মিরাজ উস সুন্নাহ; যুগ্ম পরিচালক রাশেদুল আলম; উপপরিচালক মো. নান্নু ভূঞা, কাজী মো. আল-ইসলাম, সহিদুল ইসলাম, বনী ইয়ামিন খান ও তৌহিদ হাসান; সহকারী পরিচালক আমিনুল হক খান, আবদুল বাতেন ও সাজ্জাদ হোসেন এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ, কাওসার পাশা বৃষ্টি ও সমীর ঘোষ।
অন্যদিকে বেতন অবনমনের শাস্তি পেয়েছেন সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবির, তরিকুল ইসলাম, মাকসুদ মিলা এবং লাইব্রেরিয়ান সেলিম রেজা বাপ্পী।
এর আগে চলতি বছরের শুরুতে বিএসইসির পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
যে ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা
বিএসইসি সূত্র ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত বছরের ৫ মার্চ তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ কমিশনের নির্ধারিত সভাকক্ষে বৈঠকে ছিলেন। এ সময় একদল কর্মকর্তা-কর্মচারী জোরপূর্বক সভাকক্ষে প্রবেশ করে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর বিএসইসির প্রধান ফটকে তালা লাগানো, সিসিটিভি ক্যামেরা ও ওয়াই-ফাই সংযোগ বন্ধ করে দেওয়া, লিফট অচল রাখা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগও ওঠে। এতে কমিশন কার্যালয়ে অরাজক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
ওই ঘটনায় গত বছরের ৬ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। তৎকালীন চেয়ারম্যানের নিরাপত্তায় নিয়োজিত গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। ফৌজদারি মামলার পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী তদন্ত ও বিভাগীয় কার্যক্রমও শুরু হয়।
পরবর্তী সময়ে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত পরিচালনা এবং অভিযুক্ত ও অভিযোগকারীদের সাক্ষ্যগ্রহণ করা হয়। তদন্ত ও অন্যান্য প্রক্রিয়া শেষে সরকারের পক্ষ থেকে ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিএসইসিকে নির্দেশনা দেওয়া হয়।
চার ঘণ্টার বেশি অবরুদ্ধ ছিলেন চেয়ারম্যান-কমিশনাররা
ঘটনার সময় বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা তৎকালীন চেয়ারম্যান ও কমিশনারদের চার ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে।
সংশ্লিষ্টদের ভাষ্য, বিএসইসির তৎকালীন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা ওই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
এরপর কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি উত্থাপন করেন এবং তৎকালীন কমিশনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও তোলেন। ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন বিএসইসিতে কর্মবিরতিও চলে।
শাস্তি নিয়ে কর্মকর্তাদের ক্ষোভ
বাধ্যতামূলক অবসরে পাঠানো এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএসইসি কী কারণে বা কোন ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছে, তা তিনি জানেন না। তার দাবি, এ ধরনের শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ তিনি করেননি। সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
একাধিক কর্মকর্তা জানান, মঙ্গলবার বিএসইসির পক্ষ থেকে তাদের শাস্তিমূলক সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। পরে বুধবার অনেক কর্মকর্তা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি কার্যালয়ে গিয়ে বাধ্যতামূলক অবসরের আনুষ্ঠানিক চিঠি গ্রহণ করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- Redmi Note 17 Pro 5G: ৮,৩৪০mAh ব্যাটারি, ১২০Hz AMOLED ডিসপ্লে
- HSC Result২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকেরস্বর্ণের দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- OPPO Find X10 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮,০০০mAh ব্যাটারি
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৩টি দেশের টাকার মান
- আফগানিস্তান বনাম বাংলাদেশ টেস্টের লাইভ স্কোর ও সর্বশেষ অবস্থা
- Honor X6E: ৭৫০০mAh ব্যাটারি, ২৪ হাজারে কতটা ভালো?
- এইচএসসি ফল ২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- ৩০–৪০ হাজার টাকায় vivo-র সেরা ৫ ফোন, কোনটির দাম কত?
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে