Md Razib Ali
Senior Reporter
পাসপোর্ট-ভিসা নিয়ে বাহরাইন প্রবাসীদের জরুরি নির্দেশনা
পাসপোর্ট, ভিসা ও ব্যাংক তথ্য থেকে শুরু করে কর্মস্থল, বিমানবন্দর ও সরকারি স্থাপনার ছবি—সামাজিক যোগাযোগমাধ্যমে কী প্রকাশ করা হচ্ছে, সে বিষয়ে বাহরাইনে থাকা বাংলাদেশিদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে ভুয়া চাকরি, অবৈধ ভিসা, সন্দেহজনক বিনিয়োগ, ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা এবং স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন অনলাইন কর্মকাণ্ড থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মানামার বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের জন্য এসব নির্দেশনা দেয়। সেখানে অনলাইন ব্যবহারের পাশাপাশি স্থানীয় আইন, কর্মস্থলের নীতিমালা এবং বাহরাইনের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান রাখার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
ব্যক্তিগত তথ্য প্রকাশে সতর্কতা
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ না করার বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। নিজের কিংবা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক তথ্য অনলাইনে প্রকাশ না করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
একইভাবে কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা কিংবা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি ও ভিডিও ধারণ বা প্রকাশ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
চাকরি, নিয়োগকর্তা কিংবা কর্মস্থল-সংক্রান্ত তথ্য, ছবি বা ভিডিও প্রকাশের ক্ষেত্রেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা মেনে চলতে হবে।
ভুয়া চাকরি ও অনলাইন প্রতারণা থেকে সাবধান
বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের ভুয়া চাকরির বিজ্ঞাপন ও অবৈধ ভিসার প্রলোভন সম্পর্কে সতর্ক করেছে দূতাবাস। দ্রুত আয়ের সুযোগ দেখানো কিংবা সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকেও দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
অনলাইনে কারও দেওয়া তথ্য বা প্রস্তাবের ওপর নির্ভর করার আগে সতর্ক থাকার পাশাপাশি যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। প্রতারণা ও ফিশিংয়ের ঝুঁকি এড়াতে অনলাইনে কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রকাশের আগে সেটির সত্যতা যাচাই করার কথা বলা হয়েছে।
আন্তর্জাতিক সংঘাত নিয়ে পোস্টেও সতর্কতা
ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।
এ ধরনের বিষয়ে এমন কোনো উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার করা যাবে না, যা বাহরাইনের স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে।
এর পাশাপাশি গুজব, ভুয়া তথ্য কিংবা বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়া থেকেও বিরত থাকতে হবে।
নিষিদ্ধ সংগঠন ও রাজনৈতিক প্রচারণা
সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পর্কিত কোনো পোস্ট, ছবি, ভিডিও কিংবা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার না করার নির্দেশনা দিয়েছে দূতাবাস।
বাহরাইনে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ নেওয়া থেকেও প্রবাসীদের বিরত থাকতে বলা হয়েছে।
কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন কিংবা প্রশংসা করে অনলাইনে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান
ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে—এমন পোস্ট, মন্তব্য কিংবা বিতর্কে অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের দেশটির স্থানীয় আইন ও বিধি-বিধান অনুসরণ করতে বলা হয়েছে। কর্মস্থলের নীতিমালার পাশাপাশি সাইবার আইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধও মেনে চলতে হবে।
বাহরাইনের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিও সম্মান দেখানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কী করবেন
দূতাবাসের নির্দেশনায় সামাজিক যোগাযোগমাধ্যম পুরোপুরি এড়িয়ে চলার কথা বলা হয়নি। পরিবার, বন্ধু এবং ইতিবাচক যোগাযোগের জন্য এসব মাধ্যম ব্যবহার করা যেতে পারে। তবে কী প্রকাশ করা হচ্ছে এবং সেটি স্থানীয় আইন বা কর্মস্থলের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক কি না, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
বিশেষ করে কোনো তথ্য, ছবি বা ভিডিও অনলাইনে দেওয়ার আগে এর সত্যতা যাচাই এবং সন্দেহজনক বা উসকানিমূলক কার্যক্রম থেকে দূরে থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দেওয়া এ নির্দেশনায় তাই অনলাইন কার্যক্রমের পাশাপাশি কর্মস্থল, ব্যক্তিগত তথ্য এবং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের বিষয়েও সতর্ক থাকার কথা বলা হয়েছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- ২০২৬ সালে ২৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন, কোনটি নেবেন?
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, তবু সতর্কতায় বিনিয়োগকারীরা
- বিদেশি লিগে প্রথমবার আকবর, কোন দলে খেলবেন?
- ব্যালন ডি’অর ২০২৬: শীর্ষে কেইন, মেসি কত নম্বরে?