ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিএসইসির সভায় বড় সিদ্ধান্ত, বন্ডে ৩৫০০ কোটি টাকা

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৯:৪৪:১৯
বিএসইসির সভায় বড় সিদ্ধান্ত, বন্ডে ৩৫০০ কোটি টাকা

পুঁজিবাজার-সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভা থেকে। একদিকে পাঁচ ব্যাংকের মোট ৩ হাজার ৫০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের বন্ড অনুমোদন করা হয়েছে, অন্যদিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রস্তাবিত ৯ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের বিষয়েও অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২৯ সেপ্টেম্বর ২০২৬ বিএসইসির সভাকক্ষে অনুষ্ঠিত ১০৩১তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।

বন্ড অনুমোদনের তালিকায় রয়েছে ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ব্যাংক এশিয়া। পাঁচটি বন্ডের ধরন ও অর্থ ব্যবহারের উদ্দেশ্যে রয়েছে ভিন্নতা। কোনোটি ব্যাংকের টায়ার-২ মূলধন শক্তিশালী করতে, আবার কোনোটি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য ব্যবহার করা হবে।

ব্যাংকভেদে বন্ডের ধরন ও অর্থের ব্যবহার

ওয়ান ব্যাংক পিএলসির জন্য অনুমোদন দেওয়া হয়েছে ৪০০ কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুলি রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড-৬। বন্ডটির কুপন রেট নির্ধারিত হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে। প্রাইভেট প্লেসমেন্টে ইস্যু হতে যাওয়া বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা।

এই বন্ডের মাধ্যমে ওয়ান ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। এর ট্রাস্টি হিসেবে থাকবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ইস্যু ম্যানেজারের দায়িত্বে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ক্ষেত্রেও ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন পেয়েছে। এটি ৭ বছর মেয়াদি ফুলি রিডিমেবল, নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ডের ষষ্ঠ ইস্যু। কুপন রেট রাখা হয়েছে রেফারেন্স রেট + ৩ শতাংশ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।

এই বন্ডের ট্রাস্টি হবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

অন্যদিকে ব্র্যাক ব্যাংক পিএলসি ১ হাজার কোটি টাকা মূল্যের ৩ বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুলি রিডিমেবল জিরো-কুপন গ্রিন বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। এ বন্ডের সম্ভাব্য ডিসকাউন্ট রেট ৮ দশমিক ৫ শতাংশ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

ব্র্যাক ব্যাংকের এই বন্ড থেকে সংগৃহীত অর্থ যোগ্য গ্রাহকদের কম খরচে সবুজ অর্থায়ন সুবিধা দেওয়ার কাজে ব্যবহার করা হবে। ট্রাস্টি হিসেবে থাকবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি এবং ইস্যু ম্যানেজার হবে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকা মূল্যের ৭ বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট এআইবিপিএলসি ৫ম সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

এই বন্ডের কুপন রেট হবে রেফারেন্স রেট + ৩ শতাংশ। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। এর ট্রাস্টি হিসেবে থাকবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ম্যানেজারের দায়িত্বে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

সবশেষে ব্যাংক এশিয়া পিএলসির ৮০০ কোটি টাকা মূল্যের ৭ বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুলি রিডিমেবল, ফ্লোটিং রেট অ্যান্ড সাসটেইনেবল সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাবেও অনুমোদন এসেছে।

ব্যাংক এশিয়ার বন্ডটির কুপন রেট হবে রেফারেন্স রেট + ৩ শতাংশ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এ বন্ড থেকে পাওয়া অর্থ যোগ্য সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন এবং পুনঃঅর্থায়নে ব্যয় করা হবে। ট্রাস্টি হিসেবে থাকবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি।

প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের জন্য ইস্যু

বিএসইসির অনুমোদন পাওয়া পাঁচ বন্ডের ক্ষেত্রেই প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতি অনুসরণ করা হবে। এসব বন্ড প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে।

এ ছাড়া অনুমোদিত প্রতিটি বন্ডকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মেইন বোর্ডে তালিকাভুক্ত করার কথা রয়েছে।

বেক্সিমকো ফার্মার ৯ সদস্যের বোর্ডে অনাপত্তি

বন্ড অনুমোদনের বাইরে একই কমিশন সভায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের প্রস্তাব নিয়েও সিদ্ধান্ত হয়েছে। কোম্পানিটির প্রস্তাবিত ৯ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বিএসইসির বিজ্ঞপ্তি অনুযায়ী, আদালতের মৌখিক নির্দেশনা এবং বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তাবিত পর্ষদে উদ্যোক্তাদের প্রতিনিধিত্ব করবেন তিন পরিচালক—এএসএফ রহমান, ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদ।

পর্ষদের বাকি সদস্যদের মধ্যে থাকবেন নতুন নিয়োগ পাওয়া একজন ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক পিএলসির পক্ষ থেকে একজন পরিচালক এবং চারজন স্বতন্ত্র পরিচালক।

চার স্বতন্ত্র পরিচালকের মধ্যে তিনজনকে নতুন করে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি একজন নারী স্বতন্ত্র পরিচালক রাখার সিদ্ধান্ত হয়েছে। এই ব্যবস্থা কর্পোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮-এর সঙ্গে সামঞ্জস্য রেখে করা হবে।

মামলা প্রত্যাহার হলে আগের দুটি আদেশ প্রত্যাহার করবে বিএসইসি

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে ঘিরে চলমান মামলার বিষয়টিও কমিশনের সিদ্ধান্তের সঙ্গে যুক্ত রয়েছে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস মামলা প্রত্যাহার করলে বিএসইসি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এবং ২০২৬ সালের ১৫ জানুয়ারি জারি করা সংশ্লিষ্ট দুটি আগের আদেশ প্রত্যাহার করবে।

বিএসইসির পক্ষে প্রকাশ করা প্রেস বিজ্ঞপ্তিতে কমিশনের এসব সিদ্ধান্তের তথ্য তুলে ধরেন নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।

আল-সাদ/

পাঠকের মতামত: