MD. Razib Ali
Senior Reporter
টানা ৭ দিন বন্ধ শেয়ারবাজার: কবে শুরু হবে লেনদেন?
পবিত্র শবেকদর ও ঈদুল ফিতরের আমেজে এক দীর্ঘ বিরতিতে যাচ্ছে দেশের পুঁজিবাজার। আগামী ১৭ মার্চ থেকে শুরু করে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের লেনদেন স্থগিত থাকবে। সংশ্লিষ্ট বাজার কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কেন এই দীর্ঘ ছুটি?
বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরের নির্ধারিত ছুটির মাঝে ১৮ মার্চ (বুধবার) সরকার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই বাড়তি ছুটির প্রভাবেই মূলত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা এক সপ্তাহ বন্ধের কবলে পড়ছে পুঁজিবাজার। এ সময় লেনদেনের পাশাপাশি ডিএসই ও সিএসইর প্রশাসনিক বা দাপ্তরিক কার্যক্রমও পুরোপুরি বন্ধ থাকবে।
লেনদেন ফিরছে কবে?
টানা সাত দিনের এই অবকাশ কাটিয়ে আগামী ২৪ মার্চ থেকে পুনরায় কর্মব্যস্ততায় ফিরবে দেশের দুই শেয়ারবাজার। ওই দিন থেকেই বিনিয়োগকারীরা আবার স্বাভাবিকভাবে শেয়ার কেনাবেচায় অংশ নিতে পারবেন।
নির্ধারিত হবে নতুন সময়সূচি
রমজান পরবর্তী সময়ে শেয়ারবাজারের দাপ্তরিক ও লেনদেনের সময়েও আসছে পরিবর্তন। আগের নিয়ম অনুযায়ী, ২৪ মার্চ থেকে ডিএসই ও সিএসইর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
লেনদেনের ক্ষেত্রেও ফিরছে পুরনো সূচি। সকাল ১০টা থেকে মূল ট্রেডিং শুরু হয়ে চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ২০ থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অতিরিক্ত ১০ মিনিট থাকবে পোস্ট ক্লোজিং লেনদেনের সুযোগ।
বিনিয়োগকারীদের এই পরিবর্তিত সময়সূচি মাথায় রেখে লেনদেনের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
তানভির ইসলাম/