Md Razib Ali
Senior Reporter
সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য নিজেদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। দলের হাইকমান্ড এবার অভিজ্ঞতার পাশাপাশি রাজপথের লড়াকু সৈনিক এবং তরুণ পেশাজীবীদের সংসদীয় রাজনীতিতে নিয়ে আসার চমক দেখিয়েছে। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ৩৬ সদস্যের তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নতুনদের জয়জয়কার, অভিজ্ঞতায় আস্থা
বিএনপির এবারের মনোনীত তালিকায় স্পষ্টত তারুণ্যের জয়জয়কার দেখা গেছে। মোট ৩৬টি আসনের মধ্যে ২৮ জনই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নাম লিখিয়েছেন। অন্যদিকে, সংসদীয় কার্যক্রমে গতি ফেরাতে পুরনো ৮ অভিজ্ঞ নেত্রীকেও পুনরায় দায়িত্ব দিয়েছে দল। এই তালিকায় রয়েছেন—সেলিমা রহমান, রেহান আক্তার রানু, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, সুলতানা আহমেদ এবং নেওয়াজ হালিমা আর্লি।
রাজনীতি ও পরিবারের মেলবন্ধন
ঘোষিত তালিকায় এমন দুই নেত্রী স্থান পেয়েছেন যাদের পরিবারের সদস্যরাও সরকারের উচ্চপর্যায়ে রয়েছেন। তারা হলেন—ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী (যিনি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কন্যা এবং দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ) এবং শিরিন সুলতানা (যার স্বামী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন)। এছাড়া তালিকায় স্থান পেয়েছেন প্রয়াত স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বিথিকা বিনতে হোসাইন।
মাঠের লড়াই থেকে সংসদের আঙিনায়
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে না পারলেও মাঠের জনপ্রিয়তাকে মূল্যায়ন করে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হয়েছে ৩ জনকে। তারা হলেন—সানজিদা ইসলাম তুলি (ঢাকা-১৪), সাবিরা সুলতানা (যশোর-২) এবং ডা. সানসিলা জেবরিন (শেরপুর-১)।
কর্পোরেট ও ছাত্ররাজনীতির চমক
বিএনপির এবারের তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে দেখা হচ্ছে মোবাইল অপারেটর বাংলালিংকের সিইও জহরত আবিদ চৌধুরীকে। সরাসরি দলীয় রাজনীতিতে সক্রিয় না থাকলেও মেধার মূল্যায়নে তাকে বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে, বর্তমান ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার এবারের সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন। তিনি প্রয়াত নেতা অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর সন্তান।
সাংগঠনিক প্রতিনিধিত্ব
দলীয় বিভিন্ন উইং থেকেও উঠে এসেছেন যোগ্য মুখগুলো। মহিলা দল থেকে সুলতানা আহমেদ ও হেলেন জেরিন খান এবং মিডিয়া সেল থেকে মাহমুদা হাবিবা ও শাম্মী আক্তার মনোনীত হয়েছেন। ঢাকা মহানগরীর রাজনীতি থেকে উঠে এসেছেন ফেরদৌস আহমেদ, আরিফা সুলতানা ও নাদিয়া পাঠান।
সিদ্ধান্তের নেপথ্যে দলীয় প্রধান
তালিকায় স্থান পাওয়া ব্যক্তিরা রাজপথের পরীক্ষিত সৈনিক বলে মন্তব্য করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নীতিনির্ধারকদের সাথে চুলচেরা বিশ্লেষণ করে এই যোগ্য নেতৃত্ব নির্বাচন করেছেন। যারা আগামীর সংসদীয় রাজনীতিতে এবং রাজপথের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তানভির ইসলাম/