ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

আবহাওয়ার খবর: রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টি, সমুদ্রে ৩ নম্বর সংকেত

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ২২ ১৬:৪১:২৬
আবহাওয়ার খবর: রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টি, সমুদ্রে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সমুদ্রের পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। এর মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলের জন্যও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস বলছে, আজ রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া হতে পারে। এর সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। ঝড়ের সম্ভাবনা থাকা অঞ্চলগুলোর নদীবন্দরকে পরিস্থিতি মোকাবিলায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিম্নচাপের অবস্থান ও সম্ভাব্য গতিপথ

আবহাওয়া অধিদপ্তরের সমুদ্রবন্দরের সতর্কবার্তা অনুযায়ী, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার সকাল ৬টার তথ্য অনুযায়ী, এটি চার সমুদ্রবন্দর থেকে বিভিন্ন দূরত্বে অবস্থান করছিল।

নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। একই সময়ে মোংলা সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল এটি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ১২ ঘণ্টায় নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে যেতে পারে। এ সময় এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৩ অঞ্চলে রাতের মধ্যে ঝড়-বৃষ্টি

নিম্নচাপের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ এলাকাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম, কক্রবাজার ও সিলেট—এই ১৩ অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলে বাতাসের দিক হতে পারে দক্ষিণ-পূর্ব/পূর্ব। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে এটি অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সমুদ্রবন্দরে বহাল ৩ নম্বর সতর্ক সংকেত

নিম্নচাপের প্রভাবে সাগরের পরিস্থিতিও স্বাভাবিক নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে এই গতিবেগ সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচলের নির্দেশ

উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোর ক্ষেত্রেও সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ফলে রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে সম্ভাব্য ঝড়-বৃষ্টি এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ—দুই পরিস্থিতিতেই সতর্কতার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর এবং চার সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ