ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সাব্বিরের জাতীয় দলে ফেরা নিয়ে লিটনের মুখে নতুন বার্তা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৭:২০:০৮
সাব্বিরের জাতীয় দলে ফেরা নিয়ে লিটনের মুখে নতুন বার্তা

একদিকে চোটের কারণে মোহাম্মদ সাইফউদ্দিনকে হারিয়েছে বাংলাদেশ, অন্যদিকে দলের নিচের সারির ব্যাটিং নিয়েও চলছে একাধিক ক্রিকেটারকে যাচাইয়ের প্রক্রিয়া। এর মধ্যেই জাতীয় দলে সাব্বির রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে সামনে এসেছে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের বক্তব্য। তার কথায়, সাব্বির এখনো নির্বাচক ও কোচদের ভাবনায় রয়েছেন। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এই মুহূর্তে ইয়াসির আলী চৌধুরী রাব্বি তুলনামূলকভাবে বেশি সুযোগ পাচ্ছেন।

অলরাউন্ডার সংকটে বাংলাদেশ

এশিয়ান গেমসের আগে বাংলাদেশ দলে বড় একটি পরিবর্তন এসেছে মোহাম্মদ সাইফউদ্দিনকে ঘিরে। চোটের কারণে পেস বোলিং অলরাউন্ডারকে এই প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছে। তার পরিবর্তে কে দলে আসবেন, সেই সিদ্ধান্ত এখনো হয়নি।

এ বিষয়ে লিটন জানিয়েছেন, বিষয়টি নির্বাচকরাই ঠিক করবেন। তিনি বলেন, “আমিও জানি সাইফউদ্দিন ইঞ্জুরিতে। নির্বাচকরা সিদ্ধান্ত নেবে ওর জায়গায় কে যাবে। খুবই শীঘ্রই জানিয়ে দিবেন।”

সাইফউদ্দিনের অনুপস্থিতি শুধু একটি জায়গা পূরণের প্রশ্ন নয়, দলে তার ধরনের ক্রিকেটারের ঘাটতিও তৈরি করেছে বলে মনে করছেন লিটন। তার মতে, এই মুহূর্তে সাইফউদ্দিনের মতো পেস বোলিং অলরাউন্ডারের আর কাউকে তিনি দেখছেন না।

তরুণদের দিকে তাকিয়ে লিটন

বর্তমান ঘাটতি থাকলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। কয়েকজন তরুণ ক্রিকেটারকে নিয়ে কোচরা কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।

লিটনের প্রত্যাশা, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এই তরুণদের মধ্য থেকে জাতীয় দলের প্রয়োজন মেটানোর মতো ক্রিকেটার পাওয়া যাবে।

তিনি বলেন, “সর্বশেষ যে ৩ জন অলরাউন্ডার খেলেছে তিনজনই ইঞ্জুরিতে। এই মুহূর্তে আমি আর কাউকে দেখছি না। হ্যাঁ, তরুণ কয়েকজন আছে। তাদের নিয়ে কোচরা কাজ করছে। আশা করি এক-দেড় বছরের মধ্যে তাদের কাছ থেকে আমরা ভালো কিছু পাব।”

নিচের দিকে ব্যাটিংয়ে খোলা জায়গা

অলরাউন্ডার সংকটের পাশাপাশি দলের ব্যাটিং নিয়েও রয়েছে প্রতিযোগিতা। বিশেষ করে ৫ ও ৬ নম্বরে ব্যাট করার মতো ৩-৪ জন ক্রিকেটারকে ঘুরিয়ে-ফিরিয়ে সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন লিটন।

এখানে মূল বিবেচনা হবে পারফরম্যান্স। অর্থাৎ নির্দিষ্ট কোনো ক্রিকেটারকে জায়গা নিশ্চিত ধরে না নিয়ে যার পারফরম্যান্স ভালো হবে এবং দলের জন্য যাকে উপযুক্ত মনে হবে, তাকেই খেলানোর চেষ্টা করা হবে।

লিটনের ভাষায়, “যারা নিচের সারিতে ব্যাট করে, জায়গা ওপেন, যে ভালো করবে তারই আসার সুযোগ আছে।”

রাব্বির অবস্থান এখন কিছুটা এগিয়ে

এই প্রতিযোগিতায় আপাতত বাড়তি সুবিধা পাচ্ছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। অনেকদিন পর দলে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো পারফরম্যান্স করেছেন তিনি। সে কারণেই অন্যদের তুলনায় তার সুযোগ বেশি বলে জানিয়েছেন লিটন।

তিনি বলেন, “অনেকদিন পর রাব্বি টিমে এসেছে। জিম্বাবুয়েতে ভালো করেছে। অবশ্যই তার সুযোগ বেশি। ৫-৬ এ ব্যাট করে এমন ৩-৪ জন খেলোয়াড়ই আছে। ঘুরিয়ে-ফিরিয়ে ওদের সুযোগ দিব। যে ভালো করবে, যাকে সুউটেবল মনে হবে তাকেই খেলানোর চেষ্টা করা হবে।”

তাহলে সাব্বিরের অবস্থান কোথায়?

৩৪ বছর বয়সেও সাব্বির রহমানকে ঘিরে সমর্থকদের আগ্রহ কমেনি। দেশের জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে তার নাম এখনো উল্লেখ করা হয়। মারকুটে ব্যাটিংয়ের জন্য জাতীয় দলের জার্সিতে তাকে আবার দেখতে চান অনেক সমর্থক।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করার পর সাব্বিরও নির্বাচকদের বিবেচনায় ফিরে এসেছেন। বিশেষ করে টপ এন্ড টি-টোয়েন্টিতে তার দুর্দান্ত পারফরম্যান্সের পর ধারণা তৈরি হয়েছিল, এশিয়ান গেমসের দলে তাকে দেখা যেতে পারে।

কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ হয়নি। পূর্ণ শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সাব্বির জায়গা পাননি।

তবে এশিয়ান গেমসের দলে না থাকলেও জাতীয় দলের হিসাব থেকে তিনি বাদ পড়েননি। লিটনের বক্তব্য অনুযায়ী, নির্বাচক, কোচ এবং তার নিজের ভাবনায়ও সাব্বির রয়েছেন।

অর্থাৎ নিচের সারির ব্যাটিংয়ে জায়গা এখনো উন্মুক্ত থাকায় পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে ফেরার সুযোগ রয়েছে। তবে সেই প্রতিযোগিতায় বর্তমানে রাব্বি ভালো অবস্থানে আছেন।

আল-মামুন/

পাঠকের মতামত: