ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

রুমিন ফারহানাকে নাদিয়ার সতর্কবার্তা, ‘অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ অক্টোবর ০২ ১০:৫৫:২৫
রুমিন ফারহানাকে নাদিয়ার সতর্কবার্তা, ‘অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’

বিএনপির নেতাকর্মীদের ধৈর্যের সীমা অতিক্রম করছে—ব্যারিস্টার রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্য নিয়ে এমন মন্তব্য করেছেন দলটির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। তার অভিযোগ, বিএনপি ও দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে রুমিন ফারহানা ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করছেন। এসব বক্তব্য অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বেকিনগর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাদিয়া পাঠান পাপন এসব কথা বলেন।

স্থানীয় বিএনপি আয়োজিত ওই কর্মসূচিটি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। নাদিয়া পাঠান পাপন বিএনপির মনোনয়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। পাশাপাশি তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেত্রী।

রুমিনের রাজনৈতিক ভূমিকা নিয়ে নাদিয়ার প্রশ্ন

রুমিন ফারহানাকে ঘিরে নিজের বক্তব্যের ব্যাখ্যায় নাদিয়া পাঠান পাপন তার রাজনৈতিক অতীতের প্রসঙ্গ সামনে আনেন। তার দাবি, বিএনপি রুমিন ফারহানাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার সুযোগ দিয়েছিল। এর মধ্য দিয়ে তিনি রাজনৈতিক পরিচিতি লাভ করেন বলেও উল্লেখ করেন নাদিয়া।

তবে বর্তমানে সেই দলের বিরুদ্ধেই রুমিন ফারহানা অবস্থান নিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। নাদিয়ার ভাষ্য অনুযায়ী, বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা গত ১৭ বছরে যে ত্যাগ স্বীকার করেছেন, সেই বিষয়গুলোও রুমিনের বক্তব্যে ভিন্নভাবে উপস্থাপিত হচ্ছে।

এ সময় নাদিয়া আরও দাবি করেন, দলীয় বক্তব্য অন্যরা লিখে দিতেন এবং রুমিন ফারহানা সেগুলোই জনগণের সামনে তুলে ধরতেন।

‘নিজের যোগ্যতায় বড় হতে হয়’

রুমিন ফারহানার ‘বাবা-দাদার রাজনীতি ছাড়তে হবে’ বক্তব্যের প্রসঙ্গও টেনে আনেন নাদিয়া পাঠান। তার বক্তব্য, রাজনৈতিকভাবে বড় হতে হলে নিজের যোগ্যতার ওপর দাঁড়ানো উচিত।

তিনি বলেন, “উনি প্রায়ই বলেন, ‘বাবা-দাদার রাজনীতি ছাড়তে হবে।’ আরে ভাই, আপনার নিজের যোগ্যতা থাকলে বারবার বাবার নাম জপতে হয় কেন? নিজের যোগ্যতায় বড় হতে হয়।”

শেখ হাসিনার প্রসঙ্গও আনলেন নাদিয়া

রুমিন ফারহানার বক্তব্যের ধরন ব্যাখ্যা করতে গিয়ে নাদিয়া পাঠান পাপন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উল্লেখ করেন।

তার দাবি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে শেখ হাসিনা যেভাবে অবান্তর ও কুরুচিপূর্ণ মন্তব্য করতেন, রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যেও তিনি একই ধরনের প্রবণতা দেখতে পাচ্ছেন। নাদিয়ার মন্তব্য, যেন শেখ হাসিনার সেই দায়িত্বই এখন নিজের কাঁধে নিয়েছেন রুমিন ফারহানা।

তারেক রহমানের মন্তব্য নিয়েও আপত্তি

তারেক রহমানকে নিয়ে রুমিন ফারহানার সাম্প্রতিক একটি মন্তব্যের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন নাদিয়া পাঠান পাপন।

তারেক রহমান ‘অপুষ্টিতে ভুগছেন’—এমন বক্তব্যের প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, রুমিন ফারহানা কীভাবে এ ধরনের কথা বলতে পারেন। এ বক্তব্যকে তিনি অবাস্তব ও জ্ঞানশূন্য বলেও মন্তব্য করেন।

নাদিয়া বলেন, “তারেক রহমান অপুষ্টিতে ভুগছেন—এমন অবাস্তব ও জ্ঞানশূন্য কথা উনি কীভাবে বলেন? উনি কি উনার ব্যক্তিগত চিকিৎসক?”

রুমিন ফারহানার বক্তব্যের প্রসঙ্গেই শেষ পর্যন্ত দলীয় নেতাকর্মীদের ধৈর্য ও সহ্যসীমার বিষয়টি সামনে আনেন নাদিয়া। তার বক্তব্য অনুযায়ী, এভাবে চলতে থাকলে নেতাকর্মীদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে এবং তখন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ