তালিকাভুক্ত কোম্পানির বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালকদের জন্য বাধ্যতামূলক ৩০ শতাংশ শেয়ার ধারণের বিধান শিথিল করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রাজধানীর ডিএসই টাওয়ারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) আয়োজিত এক সেমিনারে এই পরিকল্পনার কথা জানান বিএসইসি চেয়ারম্যান মাসুক খান।
প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, উদ্যোক্তা ও পরিচালকেরা তাঁদের গ্রুপের অন্য সদস্যদের কাছে শেয়ার বিক্রি করতে পারবেন এবং বোর্ডে যুক্ত হতে ইচ্ছুক এমন বাইরের পক্ষের কাছেও শেয়ার বিক্রির সুযোগ বিবেচনা করা হচ্ছে।
বিএসইসি চেয়ারম্যান জানান, বাজারে প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ বাড়াতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের কোটা বাড়ানোর পরিকল্পনা রয়েছে কমিশনের।
আইপিও অডিট পরিচালনার জন্য শুধুমাত্র সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শীর্ষ অডিটরদের যোগ্য বিবেচনা করতে একটি মার্কিং সিস্টেম চালুর ফ্রেমওয়ার্ক সম্পন্ন করেছে কমিশন।
এছাড়া আর্থিক পরামর্শকদের জন্য খসড়া বিধিমালা তৈরির কাজ চলছে এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর তা জনমত যাচাইয়ের জন্য উন্মুক্ত করা হবে।














