নেদারল্যান্ডসে ফ্রি মাস্টার্স, মিলবে ৩৮,৭৫০ ইউরো পর্যন্ত
বিদেশে উচ্চশিক্ষার জন্য বড় অঙ্কের খরচ নিয়ে যারা চিন্তায় থাকেন, তাদের জন্য নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির স্কলারশিপ হতে পারে গুরুত্বপূর্ণ একটি সুযোগ। আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর পড়াশোনার জন্য দেওয়া এই স্কলারশিপে টিউশন ফি, ভিসা ফি, স্বাস্থ্যবিমা এবং জীবনযাত্রার খরচের সুবিধা রয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। তবে সুযোগটি পেতে নির্ধারিত সময়ের মধ্যে মাস্টার্স প্রোগ্রাম ও স্কলারশিপ—দুই ধাপের আবেদনই সম্পন্ন করতে হবে।
স্কলারশিপের জন্য আবেদন করার শেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৭। তবে এর আগেই, অর্থাৎ ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামের পূর্ণ আবেদন শেষ করতে হবে।
দুই ধরনের স্কলারশিপ দিচ্ছে বিশ্ববিদ্যালয়
মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি (এমইউ) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দুটি আলাদা স্কলারশিপের ব্যবস্থা করেছে। এর একটি বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি এনএল-হাই পোটেনশিয়াল স্কলারশিপ।
অন্যটি হল্যান্ড স্কলারশিপ। এই স্কলারশিপের অর্থ আসে ডাচ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের নেদারল্যান্ডসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ করে দেওয়া। মাস্ট্রিচ ইউনিভার্সিটি দেশটির একটি পাবলিক রিসার্চ ইনস্টিটিউট।
কত দিনের মাস্টার্স, কত টাকা পাওয়া যাবে
কোন প্রোগ্রামে ভর্তি হচ্ছেন, তার ওপর পড়াশোনার মেয়াদ নির্ভর করবে। এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামের সময়কাল ১৩ মাস। আর দুই বছরের প্রোগ্রামের ক্ষেত্রে সময় লাগবে ২৫ মাস।
জীবনযাত্রার ব্যয়ের জন্য দুই মেয়াদের প্রোগ্রামে আলাদা পরিমাণ অর্থ দেওয়া হবে। ১৩ মাসের প্রোগ্রামের শিক্ষার্থীরা পাবেন ২০,১৫০ ইউরো। আর ২৫ মাসের প্রোগ্রামের জন্য বরাদ্দ রয়েছে ৩৮,৭৫০ ইউরো।
এর পাশাপাশি স্বাস্থ্যবিমার জন্য দেওয়া হবে ৭০০ ইউরো। স্কলারশিপের আওতায় টিউশন ফি ও ভিসা ফিও প্রদান করা হবে।
কারা আবেদন করতে পারবেন
আবেদন করার আগে প্রার্থীদের নির্ধারিত যোগ্যতাগুলো পূরণ করতে হবে। ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির স্নাতকোত্তর কোনো প্রোগ্রামে আবেদন করা বাধ্যতামূলক।
আবেদনকারীর নাগরিকত্ব ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশের হলে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না। একই সঙ্গে যে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য আবেদন করা হবে, সেই প্রোগ্রামের নিজস্ব মানদণ্ড ও প্রয়োজনীয়তাও পূরণ করতে হবে।
বয়সের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট সীমা। আবেদন জমা দেওয়ার সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। পাশাপাশি স্নাতক পর্যায়ে ভালো ফলাফল থাকতে হবে।
আবেদন করবেন যেভাবে
স্কলারশিপের আবেদন অনলাইনে করা যাবে। তবে এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন—মাস্টার্স প্রোগ্রামে আবেদন করার আগে স্কলারশিপের আবেদন করা যাবে না।
প্রথমে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে পূর্ণ আবেদন জমা দিতে হবে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের স্কলারশিপের জন্য বিবেচিত হতে হলে সেই আবেদন ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন করতে হবে।
এরপর স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করা যাবে। পুরো স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শেষ করার সর্বশেষ সময় ১ ফেব্রুয়ারি ২০২৭।
অর্থাৎ, যারা এই সুযোগ নিতে চান, তাদের জন্য প্রথম গুরুত্বপূর্ণ সময়সীমা ১০ ডিসেম্বর ২০২৬ এবং চূড়ান্ত স্কলারশিপ আবেদনের শেষ সময় ১ ফেব্রুয়ারি ২০২৭। নির্ধারিত যোগ্যতা পূরণ করে সময়ের মধ্যে দুই ধাপের আবেদন সম্পন্ন করলেই এই স্কলারশিপের জন্য বিবেচিত হওয়ার সুযোগ থাকবে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মুনাফার ধারাবাহিকতার পর বিএসআরএম স্টিলে আসছে বড় সিদ্ধান্ত
- Vivo V80 কেনার আগে জেনে নিন এর ভালো-মন্দ, কার জন্য সেরা
- Vivo V80: ৭,২০০mAh ব্যাটারি ও ZEISS ক্যামেরার চমক
- OPPO F35 Pro 5G: ৮,০০০mAh ব্যাটারি ও ১৪৪Hz AMOLED
- আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সময়, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ কখন, কোথায় কীভাবে লাইভ দেখবেন
- ডোমিনেজ স্টিলে মালিকানা বদল, এবার পর্ষদেও বড় রদবদল
- আয়-সম্পদে বড় উত্থান অ্যাপেক্স ফুডসের, ডিভিডেন্ড কেন একই?