ডিপজলের মেজো ভাই আফজালের মৃত্যু, শোকাহত অভিনেতা
মেজো ভাইকে হারিয়ে শোকাহত ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে ভাই আনোয়ার হোসেন আফজালের মৃত্যুর খবর জানান তিনি। একই সঙ্গে প্রয়াত ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।
ফেসবুক পোস্টে ডিপজল জানান, তাঁর অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর তাঁদের মধ্যে নেই। ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও কষ্টের কথা প্রকাশ করে তিনি লেখেন, ‘আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভাই, তোমার এই চলে যাওয়া কখনও পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’
পোস্টের শেষাংশে ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান ডিপজল। তিনি লেখেন, ‘সবার কাছে আমার মেজো ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
এর আগে গত ৯ নভেম্বর ভাইয়ের একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন ডিপজল। তখন তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন অভিনেতা। এর দুই দিন পরই ভাইয়ের মৃত্যুসংবাদ জানালেন তিনি।
তানভির ইসলাম/