ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

দিনে লাখ গাড়ি, টোলের হিসাবে ৭০–৭৫ হাজার—এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রশ্ন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন প্রায় এক লাখ যানবাহন চলাচল করলেও টোল আদায়ের নথিতে সেই সংখ্যা ৮০ হাজারের নিচে দেখানো হচ্ছে—এমন অভিযোগ উঠেছে পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পুলিশের বিশেষ শাখার (এসবি) এক গোপন অনুসন্ধানেও দৈনিক প্রায় এক লাখ গাড়ি চলাচলের তথ্য পাওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ রয়েছে, কিছু গাড়ির টোল কেন্দ্রীয় ডিজিটাল ব্যবস্থায় না তুলে হাতে আদায় করা হচ্ছে। এতে সরকারের সম্ভাব্য রাজস্ব পাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

শুধু টোলের হিসাব নয়, প্রকল্পের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে অনুমোদন ছাড়া আরেকটি প্রতিষ্ঠানকে যুক্ত করা, বাংলাদেশি কর্মীদের পদাবনতি এবং চাকরিচ্যুত করার অভিযোগও সামনে এসেছে। এসব বিষয়ে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে প্রতিবেদন জমা দিয়েছে এসবি। সেতু বিভাগ অবশ্য অভিযোগের সবকিছু মেনে নেয়নি; তবে টোল আদায়ের হিসাব যাচাইয়ের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।

৮০ হাজার গাড়ির সীমা পেরোলেই সরকারের প্রাপ্য অর্থ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্প। চুক্তির শর্ত অনুযায়ী, টানা ১৫ দিন প্রতিদিন যানবাহনের সংখ্যা ৮০ হাজার অতিক্রম করলে অতিরিক্ত গাড়ি থেকে আদায় করা টোলের ২৫ শতাংশ পাবে বাংলাদেশ সরকার। অন্যদিকে, দৈনিক যানবাহন চলাচল সাড়ে ১৩ হাজারের কম হলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাওয়ার সুযোগ পাবে।

এসবির অনুসন্ধানে প্রতিদিন প্রায় এক লাখ গাড়ি চলাচলের তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অথচ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের দেওয়া হিসাবে দৈনিক গাড়ির সংখ্যা ৭০ হাজার থেকে ৭৫ হাজার। অভিযোগের মূল জায়গা এখানেই—প্রকৃত যানবাহনের সংখ্যা বেশি হলেও টোলের হিসাবে তা কম দেখানো হচ্ছে কি না।

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, এক্সপ্রেসওয়ে চালুর পর তিন বছরে মোট ২১ দিন ৮০ হাজারের বেশি যানবাহন চলেছে। তবে ওই দিনগুলো পরপর ছিল না। সরকারের রাজস্ব পাওয়ার শর্ত পূরণে টানা ১৫ দিন এ সীমা অতিক্রম করতে হবে।

ম্যানুয়াল বা প্রচলিত পদ্ধতিতে যেসব গাড়ির টোল নেওয়া হয়, সেগুলোর হিসাবও রাখা হচ্ছে বলে জানান তিনি। এসবির প্রতিবেদনে উত্থাপিত বিষয়গুলোকে সরাসরি ভুল না বললেও সচিবের ভাষ্য, সেখানে সন্দেহ প্রকাশ করা হয়েছে। টোল আদায়ের প্রক্রিয়া যথাযথভাবে চলছে কি না, তা তাঁরা খতিয়ে দেখবেন।

ডিজিটাল হিসাবের বাইরে গাড়ি রাখার অভিযোগ

এসবির প্রতিবেদনে বলা হয়েছে, কিছু যানবাহনের টোলের তথ্য কেন্দ্রীয় সফটওয়্যার বা ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত না করেই অর্থ নেওয়া হচ্ছে। ব্যস্ত সময়ে অনলাইন রসিদ না দেওয়ার পাশাপাশি একই রসিদ একাধিক গাড়ির ক্ষেত্রে ব্যবহারের অভিযোগও রয়েছে।

সরেজমিনে এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ব্যস্ত সময়ে ভিন্ন ধরনের আদায়প্রক্রিয়া দেখা গেছে। বুথের বাইরে বিভিন্ন লেনে কর্মীদের হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের কাছ থেকে টিকিট নেওয়া গাড়ির নম্বর ইলেকট্রনিক বোর্ডে প্রদর্শিত হয় না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগের অধ্যাপক আদিল মুহাম্মদ খান মনে করেন, যানবাহনের প্রকৃত সংখ্যা এবং টোল আদায়ের পদ্ধতি সম্পর্কে সরকারের কার্যকর নজরদারি থাকা জরুরি।

প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজাও গাড়ি চলাচলের তথ্যের অভিন্নতার বিষয়টি উল্লেখ করেছেন। তিনি জানান, সম্প্রতি দায়িত্ব নিয়েছেন বলে অনিয়মের অভিযোগ সম্পর্কে তাঁর জানা নেই।

টোল পরিচালনায় দ্বিতীয় চীনা প্রতিষ্ঠান, অনুমোদন নিয়ে প্রশ্ন

এক্সপ্রেসওয়েটির নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড (এফডিইই)। প্রকল্পটির তত্ত্বাবধান করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।

শুরুতে থাইল্যান্ডভিত্তিক ইতালিয়ান থাই ডেভেলপমেন্টের হাতে অর্ধেকের বেশি শেয়ার ছিল। অংশীদারদের বিরোধ আদালত পর্যন্ত গড়ানোর পর প্রতিষ্ঠানটির অংশীদারত্ব কমে ১ শতাংশে নেমে আসে। বর্তমানে চীনের চায়না শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপের শেয়ার ৮০ শতাংশ এবং সিনোহাইড্রো করপোরেশনের ১৯ শতাংশ।

এক্সপ্রেসওয়ে চালুর পর ছিনতাই ও মরদেহ ফেলে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। কিছু এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকায় অপরাধীরা সেই সুযোগ নিয়েছে। এসব সমস্যা থাকা অবস্থায় গত বছর টোল আদায়, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেড নামে আরেকটি চীনা প্রতিষ্ঠানকে যুক্ত করে এফডিইই।

তবে এই প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কর্মীদের দাবি, পিপিপি চুক্তি অনুযায়ী টোল আদায়ের দায়িত্ব এফডিইইর। অন্য কোনো প্রতিষ্ঠানকে এ কাজে যুক্ত করতে বিবিএর অনুমতি প্রয়োজন, কিন্তু সেই অনুমতি নেওয়া হয়নি।

বিবিএর চিঠিপত্রে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের বক্তব্যে ভিন্নতা দেখা যায়। শ্যানডং হাইস্পিডের আইনি অবস্থান জানতে ১৩ সেপ্টেম্বর এফডিইইকে চিঠি পাঠায় বিবিএ। ২৮ সেপ্টেম্বর দেওয়া জবাবে এফডিইই জানায়, শ্যানডং হাইস্পিড আলাদা নিবন্ধন করলেও পরিচালনা ও রক্ষণাবেক্ষণের আনুষ্ঠানিক দায়িত্ব পায়নি। এফডিইই একাই সেই দায়িত্ব পালন করছে।

অন্যদিকে, গত বছরের ২৯ অক্টোবরের একটি চিঠিতে শ্যানডং হাইস্পিড নিজেদের এফডিইইর সঙ্গে চুক্তিবদ্ধ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছে।

এসবির প্রতিবেদনে বলা হয়েছে, যথাযথ সম্মতি ছাড়াই শ্যানডং হাইস্পিড টোল আদায়ের কাজে যুক্ত রয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ—বিডার কাছে দেওয়া উত্তর বাড্ডার ঠিকানায় প্রতিষ্ঠানটির কার্যালয় পাওয়া যায়নি। তারা এফডিইইর কুড়িলের ঠিকানা ব্যবহার করে কার্যক্রম চালাচ্ছে। এ বিষয়ে বিডাকে অবহিত করা বা বিবিএর সঙ্গে আলাদা চুক্তির তথ্যও পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন না করা, শ্রম আইন ও দেশি-বিদেশি কর্মীর অনুপাতসংক্রান্ত নিয়ম না মানা এবং কয়েকজন বিদেশি নাগরিকের বৈধ ওয়ার্ক পারমিট না থাকার অভিযোগও রয়েছে।

এফডিইইর প্রশাসন ব্যবস্থাপক সিয়াং শোয়াইনান প্রথম আলোকে বলেন, প্রকল্পের কর্তৃপক্ষ বিবিএ। তাই এ বিষয়ে জানতে চাইলে বিবিএর মাধ্যমে তাঁদের সঙ্গে আলোচনা করতে হবে।

বাংলাদেশি কর্মীদের পদাবনতি ও ছাঁটাইয়ের অভিযোগ

শ্যানডং হাইস্পিড যুক্ত হওয়ার পর এফডিইইর কয়েকটি গুরুত্বপূর্ণ পদে থাকা বাংলাদেশি কর্মকর্তাদের সরিয়ে চীনা নাগরিকদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। একই সময়ে বাংলাদেশি কর্মীদের পদাবনতি এবং চাকরিচ্যুতির ঘটনাও ঘটেছে।

গত ঈদুল আজহার আগে নয়জন বাংলাদেশি কর্মীকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। তাঁদের একজন লেন সহকারী সজীব রহমানের বয়স ৩০ বছর। প্রথম আলোকে তিনি জানান, ঈদের আগের দিন একটি গাড়ির চালক ৮০ টাকার টোলের বিপরীতে ১০০ টাকা দিয়েছিলেন। অতিরিক্ত ২০ টাকা নিজের কাছে না রেখে তিনি ডাস্টবিনে ফেলে দেন। কিন্তু ওই টাকা রাখার অভিযোগে তাঁকে চাকরিচ্যুত করা হয়। একই অভিযোগে তাঁর মতো আরও আটজনকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কর্মীদের আরও অভিযোগ, তাঁদের কখন এফডিইই থেকে শ্যানডং হাইস্পিডে স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। গত বছরের মার্চে শ্যানডং হাইস্পিড সরকারের কাছ থেকে ট্রেড লাইসেন্স নেয়। এরপর প্রতিষ্ঠানটির এক চীনা কর্মকর্তা কর্মীদের কাছে টোল আদায়ের সব তথ্য চেয়েছিলেন বলে তাঁদের দাবি।

ইটিসি চালুর উদ্যোগ থাকলেও কাজ করছে না পুরোনো ডিভাইস

এক্সপ্রেসওয়ে চালুর সময়, ২০২৩ সাল থেকেই ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি ব্যবস্থা চালুর কথা ছিল। এই পদ্ধতিতে নিবন্ধিত গাড়ি টোল প্লাজা পার হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত অর্থ কেটে নেওয়ার কথা। এতে টোল দেওয়ার জন্য যানবাহনকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয় না।

তবে চালুর পরও দীর্ঘ সময় এ ব্যবস্থা কার্যকর হয়নি। চলতি বছরের ১ এপ্রিল সীমিত পরিসরে ইটিসি চালু করা হয়। এ সময় প্রায় দুই হাজার ডিভাইস বিক্রি হয়। একবারে পাঁচ হাজার টাকা রিফিল করা গ্রাহকদের বিনা মূল্যে ডিভাইস দেওয়ার ব্যবস্থাও ছিল।

কিন্তু সরেজমিনে দেখা গেছে, ওই ডিভাইসগুলো কাজ করছে না। ফলে গাড়িগুলোকে আগের মতোই লাইনে দাঁড়িয়ে টোল দিতে হচ্ছে।

এবার পদ্মা ও যমুনা সেতুর আদলে সমন্বিত বা ইউনিফায়েড ইটিসি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিবিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং ইটিসি স্থাপন কারিগরি কমিটির আহ্বায়ক মো. ওহিদুজ্জামান জানান, এ ব্যবস্থার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সাতটি লেনে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে এটি চালুর পরিকল্পনা রয়েছে। নতুন ব্যবস্থায় আগের ডিভাইসগুলো ব্যবহার করা যাবে না।

২৫ বছর পর সরকারের কাছে হস্তান্তরের কথা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নেওয়া হয়েছিল ২০০৯ সালে। নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালে। প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের প্রকল্পটির দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। এটি বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা।

চুক্তি অনুযায়ী, মূল কাঠামো নির্মাণের ব্যয়ের ৭৩ শতাংশ বহন করছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং বাকি ২৭ শতাংশ দিচ্ছে সরকার। কয়েক দফা সময় বাড়ানোর পর প্রকল্পের সর্বশেষ মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

চুক্তি অনুযায়ী, ২৫ বছর পর বিনিয়োগকারীরা এক্সপ্রেসওয়েটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে। এর আগপর্যন্ত টোল আদায়ের মাধ্যমে বিনিয়োগ করা অর্থ সুদসহ তুলে নেওয়ার সুযোগ থাকবে তাদের।

সেতু বিভাগের সচিব আবদুর রউফ বলেন, বিনিয়োগকারী প্রতিষ্ঠান টোল আদায়ের কাজে নিজেদের সুবিধা অনুযায়ী লোক নিয়োগ দিতে পারে। আগামী বছরের জুনের মধ্যে কমলাপুর পর্যন্ত নির্মাণকাজ শেষ হলে যানবাহন চলাচল এবং সরকারের রাজস্ব—দুটিই বাড়বে বলে তিনি আশা করছেন।

প্রকল্পে সরকারের স্বার্থ রক্ষায় নজরদারির তাগিদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগের অধ্যাপক এবং ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান বলেন, এক্সপ্রেসওয়ে প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। তাঁর মতে, চুক্তিতে বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত হয়নি। বিনিয়োগকারীর অর্থের হিসাব রাখা হলেও সরকার যে জমি দিয়েছে এবং পুনর্বাসনে যে অর্থ ব্যয় করেছে, সেগুলোর মূল্য যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।

তিনি বলেন, প্রকল্পে প্রতিদিন কত যানবাহন চলাচল করছে এবং কী পদ্ধতিতে টোল আদায় হচ্ছে, তা যাচাইয়ে সরকারের কার্যকর নজরদারি প্রয়োজন। এসবির প্রতিবেদন গুরুত্ব দিয়ে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে প্রকল্পে দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার পরামর্শ দেন তিনি। ভবিষ্যতে পিপিপি প্রকল্প নেওয়ার সময়ও বাংলাদেশের স্বার্থ সুরক্ষায় সতর্ক থাকার কথা বলেন এই অধ্যাপক।

প্রাসঙ্গিক FAQ

১. ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রতিদিন কত গাড়ি চলাচলের অভিযোগ উঠেছে?

পুলিশের বিশেষ শাখার প্রতিবেদনে গোপন অনুসন্ধানের ভিত্তিতে প্রতিদিন প্রায় এক লাখ যানবাহন চলাচলের তথ্য পাওয়ার কথা বলা হয়েছে। তবে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হিসাবে দৈনিক গাড়ির সংখ্যা ৭০ থেকে ৭৫ হাজার।

২. কত দিন ৮০ হাজারের বেশি গাড়ি চললে সরকার টোলের অংশ পাবে?

চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন প্রতিদিন ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করলে অতিরিক্ত যানবাহনের টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ বাংলাদেশ সরকার পাবে।

৩. টোল আদায়ে কী ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে?

কিছু গাড়ির টোলের তথ্য কেন্দ্রীয় সফটওয়্যার বা ডিজিটাল ব্যবস্থায় না তুলে হাতে আদায়, অনলাইন রসিদ না দেওয়া এবং একই রসিদ একাধিক গাড়িতে ব্যবহারের অভিযোগ রয়েছে।

৪. এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নতুন ইটিসি ব্যবস্থা কবে চালুর পরিকল্পনা রয়েছে?

বিবিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের বক্তব্য অনুযায়ী, দরপত্র আহ্বান করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে সাতটি লেনে সীমিত পরিসরে নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

৫. কত বছর পর এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারের কাছে হস্তান্তর করা হবে?

চুক্তি অনুযায়ী, ২৫ বছর পর বিনিয়োগকারীরা এক্সপ্রেসওয়েটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে। এর আগে টোল আদায়ের মাধ্যমে বিনিয়োগ করা অর্থ সুদসহ তুলে নেওয়ার সুযোগ থাকবে।

তানভির ইসলাম/

সবচেয়ে বেশি পড়া

সারাদেশের আরও খবর

সব খবর