ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে বোর্ডের বৈঠক, সামনে বিক্ষোভ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠক চলার মধ্যেই রাজধানীর শ্রম ভবনের সামনে বিক্ষোভ করেছেন কয়েকশ শ্রমিক। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে সেখানে অবস্থান নেন তাঁরা। অন্যদিকে, শ্রম ভবনের ভেতরে চলছে তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা।

সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে এ বৈঠক শুরু হয়। সভা শুরু হওয়ার পর থেকেই ভবনের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীদের হাতে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের ব্যানার দেখা যায়। তাঁদের মূল দাবি, পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার বিষয়ে তাঁদের অবস্থান পরিষ্কার। এই দাবি পূরণ না হলে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

এদিকে, মজুরি বোর্ডের বৈঠক চলাকালে দুপুর পৌনে ২টার দিকে সভাস্থল থেকে বেরিয়ে আসা এক কর্মকর্তা জানান, বৈঠক কখন শেষ হবে, তা তখনো নিশ্চিত নয়। তবে ঘণ্টা দেড়েক পর এ বিষয়ে ব্রিফ করা হবে।

মজুরি বোর্ডের বৈঠকে যারা রয়েছেন

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত রয়েছেন সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, আসিফ আইয়ুব ও আনোয়ার হোসাইন। এ ছাড়া পোশাকশিল্প মালিকদের প্রতিনিধি হিসেবে রয়েছেন এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

পরে বেলা ৩টার দিকে সভা শেষে বেরিয়ে এসে শ্রমিকদের দাবির বিষয়ে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

যেভাবে এগিয়েছে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া

তৈরি পোশাক খাতে বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। একই সঙ্গে পোশাকশিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করা হয়। তবে এ উদ্যোগের পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষ অব্যাহত ছিল।

পরিস্থিতির মধ্যে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম বৈঠকে ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দেওয়া হয়। এরপর শ্রমিকদের মধ্যে কাজে ফেরার প্রবণতা দেখা যায়।

পরবর্তী সময়ে ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন। ওই বৈঠকে মালিকপক্ষ নিজেদের প্রস্তাব উপস্থাপন করতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল।

সে অনুযায়ী, ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। কিন্তু নির্ধারিত ওই বৈঠক স্থগিত হয়ে যায়। এর পর আবারও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা দেখা দেয়।

স্থগিত হওয়া সেই বৈঠকই সোমবার অনুষ্ঠিত হচ্ছে। ফলে মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষের অবস্থান এবং শ্রমিকদের দাবির বিষয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (FAQ)

১. পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কত টাকা করার দাবি জানানো হয়েছে?

শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে।

২. মজুরি বোর্ডের তৃতীয় সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে?

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শ্রম ভবনে সভাটি অনুষ্ঠিত হয়েছে।

৩. মজুরি বোর্ডের তৃতীয় সভা কবে শুরু হয়?

সোমবার বেলা পৌনে ১২টায় সভা শুরু হয়।

৪. দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিল?

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল।

৫. নতুন বেতন কাঠামো কবে থেকে কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছিল?

গত ৪ নভেম্বর মজুরি বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছিল।

আল-মামুন/

সবচেয়ে বেশি পড়া

জাতীয়ের আরও খবর

সব খবর