এক মৌসুমে ১৪টি অ্যাসিস্ট, গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ২৩ গোলে সরাসরি অবদান, আবার যুক্তরাষ্ট্র জাতীয় দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার কীর্তি—মাত্র ১৭ বছর বয়সেই এমন সব অর্জনে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। এবার তাঁর পারফরম্যান্সের আনুষ্ঠানিক স্বীকৃতিও মিলেছে। এমএলএসের রেগুলার সিজন শেষে বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র জাতীয় দলের এই মিডফিল্ডার।
সুলিভানের জন্য এবারের মৌসুমটি ছিল নিজের সামর্থ্য জানান দেওয়ার বড় মঞ্চ। প্রথম পূর্ণ মৌসুমেই ২৯ ম্যাচ খেলে ৯ গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও ১৪টি। সব মিলিয়ে তাঁর গোল-অবদান ২৩, যা এমএলএসের এক মৌসুমে কোনো কিশোর ফুটবলারের সর্বোচ্চ। অ্যাসিস্টের সংখ্যাতেও একইভাবে লিগের কিশোর খেলোয়াড়দের মধ্যে শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি।
ধারাবাহিকতায় ভেঙেছেন লিগের রেকর্ড
শুধু মৌসুমের সামগ্রিক পরিসংখ্যান নয়, ম্যাচের পর ম্যাচ প্রভাব রাখার ক্ষেত্রেও নজির গড়েছেন সুলিভান। এমএলএসের ইতিহাসে প্রথম কিশোর খেলোয়াড় হিসেবে টানা ১০ ম্যাচে গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন তিনি।
এই ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি অবশ্য মৌসুম শেষ হওয়ার আগেই পেয়েছিলেন সুলিভান। গত সেপ্টেম্বরে এমএলএসের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ২ দিন। লিগটির ইতিহাসে এত কম বয়সে মাসসেরার পুরস্কার জেতেননি আর কোনো খেলোয়াড়।
ক্লাবের সাফল্য থেকে জাতীয় দলের রেকর্ড
ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে পারফরম্যান্সই সুলিভানের সামনে খুলে দেয় যুক্তরাষ্ট্র জাতীয় দলের দরজা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়ার পর গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর।
অভিষেকের পরপরই শুরুর একাদশে জায়গা করে নেওয়ার কৃতিত্ব দেখান এই মিডফিল্ডার। পেরুর বিপক্ষে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ম্যাচ শুরু করেন তিনি। এরপর জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন সুলিভান।
১৭ বছরেই যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ গোলদাতা
আন্তর্জাতিক ফুটবলে তাঁর সবচেয়ে বড় ব্যক্তিগত মাইলফলকটি আসে মেক্সিকোর বিপক্ষে। মাত্র ১৭ বছর ৫ দিন বয়সে ওই ম্যাচে গোল করে যুক্তরাষ্ট্র জাতীয় দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার স্বীকৃতি পান সুলিভান।
এভাবে ক্লাবের হয়ে এক মৌসুমে রেকর্ডসংখ্যক গোলে অবদান রাখা থেকে শুরু করে জাতীয় দলের জার্সিতে ইতিহাস গড়া—দুই ক্ষেত্রেই নিজের অবস্থান জানান দিয়েছেন তিনি। এর মধ্যেই ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে চলেছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। প্রথম পূর্ণ মৌসুমেই এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি তাঁর ক্যারিয়ারে যুক্ত করল আরেকটি উল্লেখযোগ্য অর্জন।
পাঠকের সাধারণ প্রশ্ন (FAQ)
১. কাভান সুলিভান কোন পুরস্কার জিতেছেন?
এমএলএসের রেগুলার সিজন শেষে বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
২. এক মৌসুমে কাভান সুলিভানের গোল ও অ্যাসিস্ট কত?
২৯ ম্যাচে ৯ গোল ও ১৪ অ্যাসিস্ট করেছেন তিনি। মোট ২৩ গোলে অবদান রেখেছেন।
৩. এমএলএসে তাঁর উল্লেখযোগ্য রেকর্ড কী?
কিশোর খেলোয়াড় হিসেবে টানা ১০ ম্যাচে গোলে অবদান রাখার পাশাপাশি এক মৌসুমে ২৩ গোলে অবদান ও ১৪ অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন।
৪. যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে কী ইতিহাস গড়েছেন তিনি?
মেক্সিকোর বিপক্ষে ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন।
৫. কাভান সুলিভান কোন ক্লাবে খেলেন?
তিনি ফিলাডেলফিয়া ইউনিয়নের মিডফিল্ডার। তাঁর ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে।
তানভির ইসলাম/














