ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এমএল ডাইংয়ের প্রধান ইউনিট বন্ধ ও অবলোপন নিয়ে বিএসইসির তদন্ত

তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি এমএল ডাইং লিমিটেডের প্রধান ডাইং ইউনিট বন্ধ থাকা, বড় অঙ্কের বিনিয়োগ অবলোপন এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনার অনিয়ম খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ১৭ নভেম্বর বিএসইসির জারি করা এক নির্দেশনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিএসইসির অতিরিক্ত পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মওলা এবং সহকারী পরিচালক মো. তারিকুল ইসলাম ও মিজানুর রহমান দায়িত্ব পালন করছেন। ৬০ কার্যদিবসের মধ্যে এই কমিлিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখানো মূল উৎপাদন ইউনিট বন্ধের কারণ, অব্যবহারযোগ্য সম্পদ, কমতে থাকা মুনাফা এবং ঋণাত্মক অপারেটিং ক্যাশ ফ্লো পর্যালোচনা করা। এছাড়া কোম্পানিটি মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রধান ইউনিট বন্ধের বিষয়টি যথাযথভাবে প্রকাশ করেছিল কি না, তা যাচাই করবেন তদন্তকারীরা।

তদন্ত দল সার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি ও আরএন স্পিনিং মিলস লিমিটেডে বিনিয়োগ করা ২০ কোটি ৪২ লাখ টাকা অবলোপনের প্রক্রিয়া আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী হয়েছে কি না, তা খতিয়ে দেখবে। পাশাপাশি ২০২৪-২৫ অর্থ বছরের ইনভেন্টরির সঠিকতা এবং জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত সময়ে আর্থিক ব্যয় ১৭৭ শতাংশ বাড়ার কারণ খতিয়ে দেখা হবে।

বিশ্লেষকদের মতে, তালিকাভুক্ত কোনো কোম্পানির প্রধান ইউনিট বন্ধ হওয়া এবং বড় অঙ্কের বিনিয়োগ অবলোপন শেয়ারবাজারে তার শেয়ারের দামে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একইসঙ্গে কোম্পানির চলমান ব্যবসা বা গোয়িং কনসার্ন ঝুঁকি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে।

তদন্ত কমিটি ২০ অর্থ বছর থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত অবিতরণকৃত ডিভিডেন্ড এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখবে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

আজকের শেয়ারবাজার

সবচেয়ে বেশি পড়া

শেয়ারবাজারের আরও খবর

সব খবর