প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতিতে দীর্ঘসূত্রতা কমিয়ে পুরো প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উদ্যোগ নিতে বলেছে সংসদীয় কমিটি। পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদানের মান বাড়িয়ে শিক্ষার্থীদের প্রাইভেট ও কোচিংনির্ভরতা কমানো এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়নের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত ও পরামর্শ আসে।
শিক্ষক ব্যবস্থাপনায় গতি আনার তাগিদ
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে আরও সহজ এবং দ্রুত পদ্ধতি বের করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে যোগ্য শিক্ষক নিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
কমিটির আলোচনায় শিক্ষার মানোন্নয়নের বিষয়টি গুরুত্ব পায়। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রম যুগোপযোগী করার পরামর্শ দেওয়া হয়।
শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ের পাঠ বুঝতে বাইরে প্রাইভেট বা কোচিংয়ের আশ্রয় নিতে বাধ্য না হয়, সে জন্য শ্রেণিকক্ষের পাঠদান আরও কার্যকর করার ওপর জোর দেওয়া হয়েছে।
নৈতিক শিক্ষা ও ঝরে পড়া শিশুদের নিয়ে সুপারিশ
প্রাথমিক পর্যায়ে নৈতিক শিক্ষা বাস্তবায়নের জন্য প্রতিটি বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়নের প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি। এ ছাড়া দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি নির্ধারণের সুপারিশও করা হয়েছে।
বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। এসব শিশু যাতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
মিড ডে মিল ও উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা
প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ক্ষেত্রেও একটি নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে কমিটি। কোনো অঞ্চলে এ কর্মসূচি বাস্তবায়ন করা হলে ওই অঞ্চলের সব বিদ্যালয়কে যেন এর আওতায় আনা হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বৈঠকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) বাস্তবায়নের অগ্রগতি এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম নিয়ে আলোচনা হয়। চলমান নন-ফরমাল এডুকেশন ডেভেলপমেন্টের অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে।
এ ছাড়া আগের বৈঠকে দেওয়া সুপারিশগুলো বাস্তবায়নে কী অগ্রগতি হয়েছে, তা নিয়ে আলোচনা করেন সদস্যরা। বিভিন্ন বিষয়ে উপস্থাপনা শেষে তাঁরা নতুন করে একাধিক সুপারিশ তুলে ধরেন।
মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের বাজেট ব্যবহারের অগ্রগতির বিষয়েও নজরদারি বাড়ানোর পরামর্শ এসেছে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর সংসদীয় কমিটির কাছে উপস্থাপন করতে বলা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন যারা
কমিটির সভাপতি মাহমুদা হাবিবা বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ছাড়াও উপস্থিত ছিলেন মো. সাদিক রিয়াজ, মো. ইলিয়াস মোল্লা, মো. মোক্তার আলী এবং মাহফুজা হান্নান।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কমিটি সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
প্রাসঙ্গিক FAQ
১. প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলি নিয়ে কী সুপারিশ করেছে সংসদীয় কমিটি?
নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
২. প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়নের প্রস্তাব কেন দেওয়া হয়েছে?
প্রাথমিক স্তরে নৈতিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এ সুপারিশ করা হয়েছে।
৩. কোচিং ও প্রাইভেট নির্ভরতা কমাতে কী করতে বলেছে কমিটি?
শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি আরও কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদের বাইরে প্রাইভেট বা কোচিং করতে না হয়।
৪. ঝরে পড়া শিশুদের জন্য কী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে?
তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে কমিটি।
৫. প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল নিয়ে কী প্রস্তাব দেওয়া হয়েছে?
কোনো নির্দিষ্ট অঞ্চলে মিড ডে মিল চালু করা হলে ওই অঞ্চলের সব বিদ্যালয়কে কর্মসূচির আওতায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আল-মামুন/














