অতীতে একটি বিশেষ মহলের কারসাজিতে দেশের শেয়ারবাজার জুয়ার আড্ডায় বা ক্যাসিনোতে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, দীর্ঘমেয়াদী কারসাজির কারণে বাজারের স্বাভাবিক গতিশীলতা নষ্ট হয়েছিল এবং বিনিয়োগকারীদের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর ফলে ভালো মানের কোম্পানিগুলো এই বাজার থেকে দূরে থাকতে বাধ্য হয় এবং পুরো শেয়ারবাজার একটি নির্দিষ্ট চক্রের নিয়ন্ত্রণে চলে যায়।
বাজারের শৃঙ্খলা ফেরাতে বর্তমান সরকার নিয়ন্ত্রক সংস্থায় আমূল পরিবর্তন এনেছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত একটি স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে কাঠামোগত সংস্কারের কাজ চলছে। শক্তিশালী ও মানসম্মত কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার মাধ্যমেই কেবল শেয়ারবাজারকে মজবুত করা সম্ভব বলে মনে করেন তিনি।
বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের কথা তুলে ধরে তিনি জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ১৭টি শীর্ষ বৈশ্বিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের বৈঠকে দেশের অর্থনীতির ওপর তাদের আস্থার বিষয়টি স্পষ্ট হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলো প্রায় ৩৬ ট্রলিয়ন ডলারের সম্পদ পরিচালনা করে থাকে এবং বাংলাদেশের সম্ভাবনায় তাদের আস্থা রয়েছে।
সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল করা এবং অর্থনৈতিক পুনরুদ্ধার সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সংস্কার প্রক্রিয়ার এই সময়ে প্রবৃদ্ধি কিছুটা মন্থর হতে পারে। তবে দীর্ঘমেয়াদে একটি টেকসই ভিত্তির ওপর অর্থনীতিকে দাঁড় করাতে সরকার প্রয়োজনীয় এই কাঠামোগত পরিবর্তনগুলো বাস্তবায়ন করে যাচ্ছে।
বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং বাজারে ভালো কোম্পানির উপস্থিতি নিশ্চিত করতে বর্তমান সংস্কার কার্যক্রম ধাপে ধাপে দৃশ্যমান হচ্ছে। বিএসইসি ও সংশ্লিষ্ট মহলের এসব উদ্যোগে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।










