আইপিএলের নিলাম নিয়ে ভাবার সময় নেই: কামিন্স
আগামী ২ মার্চ থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার পাকিস্তান সিরিজ। টেস্ট সিরিজ শেষ হবে ২৫ মার্চ। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সমাপ্তি হবে ৫ এপ্রিল। সিরিজ শেষে আইপিএলে সুযোগ পাওয়া অজি ক্রিকেটাররা ৬ এপ্রিল ভারতের উদ্দ্যেশে রওনা দেবেন।
দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। আপাতত এই সফরেই নজর কামিন্সের। তাইতো মেগা নিলামের তারিখই ভুলে গেছেন অজিদের টেস্ট অধিনায়ক। তিনি বলেন, 'সত্যি বলতে আইপিএলের নিলাম কবে আমি জানি না। ১৩, ১৪ না কি ১৫ ফেব্রুয়ারি তা আমার মনে নেই। এ নিয়ে ভেবে সময় নষ্ট করিনি।'
আইপিএলের শুরুর পাঁচ-ছয় ম্যাচে খেলতে পারবেন না দল পাওয়া অজি ক্রিকেটাররা । কারণ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক জর্জ বেইলি ইতোমধ্যেই জানিয়েছেন, জাতীয় দলের খেলা থাকলে সেটাই সবার আগে প্রাধান্য পাবে খেলোয়াড়দের কাছে।
বেইলি বলেন, 'আইপিএলে খেলার জন্য সবাই মুখিয়ে থাকে। কিন্তু দেশের খেলা থাকলে আইপিএলের জন্য ক্রিকেটারদের ছেড়ে দেয়া সম্ভব না।' আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। মেগা নিলামের এই তালিকায় মোট ১২১৪ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। যেখানে বাংলাদেশ থেকে রয়েছেন পাঁচজন ।