বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
শ্রীলঙ্কার বিপক্ষে একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রেখেছে বাংলাদেশ। এরই মধ্যে চারবার জালের দেখা পেয়েছে দল। সর্বশেষ রাকিব হোসেনের দুর্দান্ত গোলে ব্যবধান বেড়ে হয়েছে ৪-০। এর আগে গোল করেছেন শামিত সোম, হামজা চৌধুরী ও ফারহান আলী।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘এ’-এর ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম গোলটি আসে অষ্টম মিনিটে। হামজা চৌধুরীর ক্রস সামলাতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় শামিত সোমের কাছে। প্রথম শট আটকে গেলেও দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে পাঠান তিনি।
এরপর ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরী। ইব্রাহিমের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে দৌড়ে শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন তিনি। তাঁর নেওয়া শট গোলরক্ষক সুজন পেরেরার শরীরে লেগে জালে ঢুকে যায়। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোল পেলেন হামজা। বাংলাদেশের হয়ে এটি তাঁর পঞ্চম গোল; পাঁচটিই করেছেন জাতীয় স্টেডিয়ামে।
প্রথমার্ধে বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে শ্রীলঙ্কা তেমন সুবিধা করতে পারেনি। বিরতির আগে বাংলাদেশের নেওয়া ১০টি শটের মধ্যে তিনটি ছিল লক্ষ্যে, যার দুটি থেকে গোল আসে। অন্যদিকে শ্রীলঙ্কার তিনটি শটের কোনোটিই লক্ষ্যে ছিল না।
তিনজনকে কাটিয়ে ফারহানের দুর্দান্ত গোল
দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ব্যবধান ৩-০ করেন ফারহান আলী। বক্সের সামান্য বাইরে বল পেয়ে একে একে শ্রীলঙ্কার তিনজন খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢোকেন তিনি। এরপর নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান। ফারহানের এই গোলের পর সতীর্থরা তাঁকে উদ্যাপনে মাথায় তুলে নেন।
ম্যাচের ৭৬ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়তে হয় সাদ উদ্দিনকে। গোড়ালিতে আঘাত পাওয়ার পর স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়। এ সময় তাঁর চোখেমুখে হতাশা দেখা যায়। সান্ত্বনা দিতে এগিয়ে আসেন হামজা চৌধুরী। সাদের বদলে মাঠে নামেন রহমত শাহ। অন্যদিকে কাজেম শাহর জায়গায় খেলতে আসেন জামাল ভূঁইয়া।
৮৩ মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন সুকি। তবে বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে তাঁর প্রচেষ্টা আটকে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা।
এরপর বাংলাদেশের হয়ে চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। তাঁর দুর্দান্ত গোলে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০। ম্যাচের সর্বশেষ আপডেটে চার গোলের লিড নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
ম্যাচের আগে একাদশে তিন পরিবর্তন
ভুটানের বিপক্ষে আগের ম্যাচে খেলতে না পারা হামজা চৌধুরী ও ফারহান আলী ফিরেছেন বাংলাদেশের শুরুর একাদশে। তাঁদের জায়গা দিতে একাদশের বাইরে রাখা হয়েছে জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদকে। আক্রমণভাগে মোহাম্মদ ইব্রাহিমকে শুরু থেকেই খেলিয়েছেন কোচ। ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করেছিলেন তিনি। চোটের কারণে দলে ছিলেন না বিশ্বনাথ ঘোষ।
বাংলাদেশের একাদশে ছিলেন মেহেদী হাসান, জিদান ইউসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), ফারহান আলী, রাকিব হোসেন, শামিত সোম, কাজেম শাহ ও মোহাম্মদ ইব্রাহিম।
ম্যাচের আগে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে হামজা চৌধুরীর নাম ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের ফেসবুক পেজে এ উপলক্ষে লেখা হয়েছিল, ‘নতুন নেতা, নতুন অধ্যায়।’
খেলা শুরুর আগেই জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিবেদক জহির উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী, কয়েকটি গেট ভেঙে অনেক দর্শক স্টেডিয়ামে প্রবেশ করেন। পশ্চিম গ্যালারি ছাড়া অন্য গ্যালারিগুলো প্রায় পূর্ণ হয়ে যায়।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- দলিলে জমি কম-বেশি লেখা হলে কীভাবে ঠিক করবেন?
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম