এলপিজি সিলিন্ডারের দাম কমল ৯১ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকে
নিজস্ব প্রতিবেদক: দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সমন্বয় অনুযায়ী, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমে দাঁড়িয়েছে ১,২৭৩ টাকা।
রোববার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, পাশাপাশি অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৪ টাকা ১৮ পয়সা কমানো হয়েছে। ফলে নতুন দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৫৮ টাকা ২৮ পয়সা।
নতুন এই দাম আজ (রোববার) সন্ধ্যা থেকে সারা দেশে কার্যকর হবে।
গত মাসেও কমেছিল দাম
এর আগে, গত ২ জুলাই বিইআরসি ১২ কেজি এলপিজির দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা এবং অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা করেছিল।
দাম কমানোর কারণ
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের দাম কমে যাওয়ায় এ সমন্বয় আনা হয়েছে। এর ফলে ভোক্তারা সরাসরি উপকৃত হবেন এবং পরিবহন খরচেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
মো: রাজিব আলী/