Alamin Islam
Senior Reporter
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের বেতন কত? সম্মানী ঘোষণা সরকারের
নির্বাচনী অঙ্গীকার পূরণে বড় পদক্ষেপ নিল সরকার। দেশের মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য মাসিক সম্মানীর পরিমাণ চূড়ান্ত করা হয়েছে। রোববার (৮ মার্চ) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এই নতুন বেতন কাঠামোর তথ্য তুলে ধরেন।
উপদেষ্টা জানান, সরকারের দেওয়া পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এখন থেকে নিয়মিত এই সম্মানী পাবেন ধর্মগুরুরা। প্রতিষ্ঠানভেদে ভাতার এই বিভাজন হবে নিম্নরূপ:
মসজিদের জন্য বরাদ্দ ও বণ্টন
ইসলামিক উপাসনালয়গুলোর জন্য সরকার মাসিক ১০ হাজার টাকা হারে সম্মানী বরাদ্দ করেছে। এই অর্থ মসজিদের তিন স্তরের দায়িত্বশীলের মধ্যে বণ্টন করা হবে:
ইমাম: মাসিক ৫,০০০ টাকা।
মুয়াজ্জিন: মাসিক ৩,০০০ টাকা।
খাদেম: মাসিক ২,০০০ টাকা।
মন্দির ও সেবকদের ভাতা
সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় বা মন্দিরের জন্য মাসিক ৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই টাকা পাবেন:
পুরোহিত: ৫,০০০ টাকা।
সেবাইত: ৩,০০০ টাকা।
বৌদ্ধ বিহার ও গির্জার সম্মানী কাঠামো
বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিহারের জন্য মোট ৮ হাজার টাকা মাসিক সম্মানী ধরা হয়েছে। এর বণ্টন হবে এভাবে:
বিহার অধ্যক্ষ: ৫,০০০ টাকা।
উপাধ্যক্ষ: ৩,০০০ টাকা।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের গির্জা বা চার্চের ক্ষেত্রেও মোট ৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা পাবেন:
পালক বা যাজক: ৫,০০০ টাকা।
সহকারী পালক বা যাজক: ৩,০০০ টাকা।
সচিবালয়ে আয়োজিত এই সভায় মো. ইসমাইল জবিউল্লাহ উল্লেখ করেন যে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং সেখানে কর্মরতদের জীবনমান সহজ করতে সরকার বদ্ধপরিকর। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই দ্রুততম সময়ে এই ভাতার হার নির্ধারণ করা হয়েছে।
আল-মামুন/