Alamin Islam
Senior Reporter
ম্যানসিটির ‘বিরক্তিকর’ জয়, গোলবন্যায় হাসল লিভারপুল
এফএ কাপের চতুর্থ রাউন্ডের লড়াই শেষে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছে দুই প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। স্যালফোর্ড সিটির বিপক্ষে ২-০ গোলের জয় পেলেও মাঠের পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা করেছেন সিটি বস পেপ গার্দিওলা। অন্যদিকে, ব্রাইটনকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে অলরেডরা।
সিটির ‘নিরুত্তাপ’ জয় ও গার্দিওলার ক্ষোভ
গত বছর যে স্যালফোর্ড সিটিকে ৮ গোলে বিধ্বস্ত করেছিল ম্যানচেস্টার সিটি, এবার তাদের বিপক্ষেই জিততে ঘাম ঝরাতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচের শুরুতেই ষষ্ঠ মিনিটে আত্মঘাতী গোলের কল্যাণে লিড পায় সিটি। রায়ান আইত নৌরির ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই বল পাঠিয়ে দেন আলফি ডোরিংটন। শুরুর সেই ধাক্কা কাটিয়ে পুরো ম্যাচে সিটিকে বেশ ভালোই আটকে রেখেছিল দ্বিতীয় স্তরের ক্লাব স্যালফোর্ড।
ম্যাচের ২২ মিনিটে বড় ধাক্কা খায় সিটিজেনরা। জশ অস্টারফিল্ডের সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার ম্যাক্স আলেইন। আক্রমণে ধার বাড়ালেও ওমর মারমৌশের গোল অফসাইডে বাতিল হলে ব্যবধান বাড়েনি। উল্টো প্রথমার্ধের শেষ দিকে উডবার্ন ও ব্র্যান্ডন কুপারের কল্যাণে সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিল স্যালফোর্ড, যা নসাৎ করে দেন সিটি গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড।
দ্বিতীয়ার্ধে গার্দিওলা বেশ কিছু পরিবর্তন আনেন। গুয়েহি মাঠে নামার পর ম্যাচের ৮১ মিনিটে জটলার ভেতর থেকে গোল করে সিটির জয় নিশ্চিত করেন। এটি ক্লাবের জার্সিতে তার অভিষেক গোল।
ম্যাচ জিতলেও শিষ্যদের খেলার ধরনে বেজায় চটেছেন পেপ গার্দিওলা। ম্যাচ শেষে তিনি বলেন, "আমি মোটেও খুশি নই। আমরা প্রতিপক্ষের রণকৌশল বুঝতেই পারিনি। এই কারণেই খেলাটা আজ এত বিরক্তিকর ছিল। কেবল পরবর্তী রাউন্ডে যেতে পারাটাই একমাত্র সুখবর।"
কুর্টিস জোন্সের আক্ষেপ ঘুচল, লিভারপুলের সহজ জয়
ম্যানসিটির দিনে ভিন্ন রূপ দেখিয়েছে লিভারপুল। ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নকে কোনো সুযোগ না দিয়েই ৩-০ গোলে ম্যাচ জিতে নিয়েছে তারা। এই ম্যাচের বড় চমক ছিল কুর্টিস জোন্সের গোলখরা কাটানো। ২০২৪ সালের ২৪ ডিসেম্বরের পর দীর্ঘ ৫৭ ম্যাচ অপেক্ষা করে অবশেষে জালের দেখা পেলেন অ্যাকাডেমি থেকে উঠে আসা এই মিডফিল্ডার। প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে লিভারপুলের আধিপত্য আরও স্পষ্ট হয়। হাঙ্গেরিয়ান তারকা ডমিনিক সোবোসলাই তার ফর্ম ধরে রেখে আট ম্যাচে পঞ্চম গোলটি করেন। এটি চলতি মৌসুমে তার ১০ম গোল। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ব্রাইটনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মোহামেদ সালাহ। ১ নভেম্বরের পর ক্লাবের হয়ে এটি সালাহর দ্বিতীয় এবং চলতি মৌসুমে তার সপ্তম গোল।
ম্যানচেস্টার সিটি ও লিভারপুল— দুই পরাশক্তিই এখন এফএ কাপের পঞ্চম রাউন্ডের লড়াইয়ের জন্য প্রস্তুত।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত
- আজকের স্বার্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের স্বর্ণের দর
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- OPPO Find X10 Pro Max-এ তিন ২০০MP ক্যামেরা, ব্যাটারি ৮,০০০mAh
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান