শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানির সেকেন্ডারি মার্কেটে লেনদেনের জন্য যোগ্য বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা ন্যূনতম বিনিয়োগের সীমা ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকায় নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
২৪ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের নিয়মিত বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে গত জানুয়ারি মাসে বিনিয়োগের এই সর্বনিম্ন সীমা ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকা করা হয়েছিল, যা ২০২২ সালের কোয়ালিফাইড ইনভেস্টর অফার বা কিউআইও বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।
চলতি বছরের ১৯ মে নিয়ন্ত্রক সংস্থা এক নির্দেশনার মাধ্যমে পূর্বের সেই সিদ্ধান্ত বাতিল করে এসএমই প্ল্যাটফর্মের সেকেন্ডারি বাজারে লেনদেনের পূর্বের শর্ত অর্থাৎ ন্যূনতম ৩০ লাখ টাকার পোর্টফোলিও বাধ্যতামূলক করেছিল।
নতুন এই সিদ্ধান্তের ফলে সংশোধিত আদেশ বা নির্দেশনা জারি হওয়ার পর যোগ্য বিনিয়োগকারীরা পুনরায় ১০ লাখ টাকার ন্যূনতম পোর্টফোলিও দিয়েই এসএমই প্ল্যাটফর্মে শেয়ার লেনদেন করতে পারবেন বলে জানিয়েছে কমিশন।
বাজার সংশ্লিষ্টদের মতে, বিনিয়োগের এই সীমা কমানোর ফলে এসএমই মার্কেটে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ার সুযোগ তৈরি হবে, যা এই প্ল্যাটফর্মের লেনদেনের গতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে।
বিএসইসি থেকে পূর্বের নির্দেশনার পরিবর্তন এনে খুব দ্রুত এসংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন ও আদেশ জারি করা হবে এবং তা জারির সঙ্গেই কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।














