ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রোকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা, মানতে হবে যেসব শর্ত

নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের চাপ সামাল দিতে শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে আরও চার বছর সময় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, এ বিষয়ে আবেদন করা স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকাররা ৩১ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত এসব ঘাটতি সমন্বয়ের সুযোগ পাবেন। তবে আগে যেসব প্রতিষ্ঠানের জন্য সময় বাড়ানো হয়েছে, তাদের ক্ষেত্রে আগের সময়সীমাই কার্যকর থাকবে।

সমন্বয়ের জন্য সময় বাড়ালেও প্রতিষ্ঠানগুলোর ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। এর মধ্যে রয়েছে নতুন করে সৃষ্ট নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস একই অর্থবছরে সংরক্ষণ ও সমন্বয়, নির্দিষ্ট হারে পুরোনো ঘাটতি কমানো এবং সংশ্লিষ্ট বিও হিসাব থেকে সুদ বা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আদায় বন্ধ রাখা।

বিএসইসি সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে আদেশ জারি করেছে।

পুরোনো ঘাটতি কমাতে বছরে অন্তত ২৫ শতাংশ সমন্বয়

কমিশনের নির্দেশনায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসকে সমন্বয়ের ভিত্তি হিসেবে ধরা হয়েছে। এই তারিখে থাকা ঘাটতি ২০২৭ সাল থেকে প্রতি অর্থবছরের শেষে কমপক্ষে ২৫ শতাংশ হারে সমন্বয় করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।

তবে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর পর নতুন করে কোনো নেগেটিভ ইকুইটি বা আনরিয়েলাইজড লস তৈরি হলে তার জন্য আলাদা ব্যবস্থা নিতে হবে। নতুন করে সৃষ্ট এসব ঘাটতির বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে এবং যে অর্থবছরে তা তৈরি হবে, সেই অর্থবছরেই সংরক্ষণ ও সমন্বয় সম্পন্ন করতে হবে।

শেয়ার কেনাবেচায় থাকছে নির্দিষ্ট সীমাবদ্ধতা

নেগেটিভ ইকুইটিযুক্ত বিও হিসাবের পোর্টফোলিও পুনর্বিন্যাসের ক্ষেত্রেও শর্ত দিয়েছে বিএসইসি। এসব হিসাবের বিপরীতে আগে থেকে থাকা শেয়ার বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে নতুন করে শুধু ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনা যাবে।

তবে এই প্রক্রিয়ায় কোনো নতুন মার্জিন ঋণ দেওয়া যাবে না। একই সঙ্গে ব্লক মার্কেটে লেনদেনের সুযোগও থাকবে না।

সুদ ও ফি আদায় বন্ধ, নগদ ডিভিডেন্ডও দেওয়া যাবে না

বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিও হিসাবগুলোর ওপর মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফি আরোপ করতে পারবে না স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকাররা।

এ ছাড়া সময়সীমা বাড়ানোর সুবিধা পাওয়া প্রতিষ্ঠানগুলো এই সময়ে কোনো নগদ ডিভিডেন্ড ঘোষণা বা বিতরণ করতে পারবে না। অর্থাৎ, ঘাটতি সমন্বয়ের জন্য বাড়তি সময় ব্যবহারের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে এসব আর্থিক ও পরিচালনাগত শর্ত মেনে চলতে হবে।

আর্থিক বিবরণীতে তথ্য প্রকাশ করতে হবে আইএফআরএস অনুযায়ী

নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের তথ্য আর্থিক বিবরণীতে যথাযথভাবে তুলে ধরার নির্দেশ দিয়েছে কমিশন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান বা আইএফআরএস অনুসরণ করতে হবে।

বিএসইসির ভাষ্য অনুযায়ী, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত রাখা এবং শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম চালু রাখার সুযোগ তৈরির লক্ষ্যেই সমন্বয়ের সময় বাড়ানো হয়েছে।

তবে নির্দেশনার কোনো শর্ত লঙ্ঘিত হলে কমিশন প্রয়োজন অনুযায়ী নতুন শর্ত আরোপ করতে পারবে। পাশাপাশি জারি করা আদেশ সংশোধন, পরিবর্তন কিংবা বাতিল করার ক্ষমতাও সংরক্ষণ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

প্রাসঙ্গিক FAQ

১. নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ে কত দিন সময় দিয়েছে বিএসইসি?

নতুন নির্দেশনা অনুযায়ী, এ বিষয়ে আবেদন করা প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত সময় পাবে।

২. কোন কোন প্রতিষ্ঠান এই সময় বাড়ানোর সুযোগ পাবে?

স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকাররা এ সুবিধার আওতায় থাকবে। তবে যেসব প্রতিষ্ঠানের সময়সীমা আগে বাড়ানো হয়েছে, তাদের ক্ষেত্রে আগের সময়সীমা বহাল থাকবে।

৩. পুরোনো নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস কী হারে সমন্বয় করতে হবে?

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যমান ঘাটতি ২০২৭ সাল থেকে প্রতি অর্থবছরের শেষে ন্যূনতম ২৫ শতাংশ হারে সমন্বয় করতে হবে।

৪. নেগেটিভ ইকুইটিযুক্ত বিও হিসাবে নতুন করে কোন শেয়ার কেনা যাবে?

বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে শুধু ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনার মাধ্যমে পোর্টফোলিও পুনর্বিন্যাস করা যাবে। এ ক্ষেত্রে নতুন মার্জিন ঋণ দেওয়া বা ব্লক মার্কেটে লেনদেন করা যাবে না।

৫. বর্ধিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোর ওপর কী কী নিষেধাজ্ঞা থাকবে?

সংশ্লিষ্ট বিও হিসাবে মার্জিন ঋণের সুদ বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফি আরোপ করা যাবে না। এ ছাড়া স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকাররা এ সময়ে নগদ ডিভিডেন্ড ঘোষণা বা বিতরণ করতে পারবে না।

আল-মামুন/

সবচেয়ে বেশি পড়া

শেয়ারবাজারের আরও খবর

সব খবর