বঙ্গভবন ছাড়ছেন চুপ্পু, নতুন যাত্রার সময় জানা গেল
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি শুরু হয়েছে। বঙ্গভবন সূত্রের বরাতে জানা গেছে, আগামী রোববার (২৬ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানের ব্যক্তিগত বাসভবনে উঠবেন।
সূত্র জানায়, শনিবার (২৫ জুলাই) বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন মো. সাহাবুদ্দিন। এরপর পরদিন তিনি দীর্ঘদিনের সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করবেন।
রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এদিকে, সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনার মধ্যেই চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে আসেন। শুক্রবার তিনি দেশে ফিরে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার বিষয়টি জানান।
তানভির ইসলাম/