ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

০১৬ নম্বর কি বদলাবে? এয়ারটেলের নতুন নাম জানাল রবি

তথ্য ও প্রযুক্তি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ আগস্ট ১৭ ১৬:৩৮:৫৮
০১৬ নম্বর কি বদলাবে? এয়ারটেলের নতুন নাম জানাল রবি

দেশের টেলিযোগাযোগ খাতে দীর্ঘ ১৬ বছর ধরে পরিচিত ব্র্যান্ড এয়ারটেল নতুন নামে যাত্রা শুরু করেছে। এখন থেকে এয়ারটেলের নতুন ব্র্যান্ড পরিচয় ‘সার্কেল’।

সোমবার (১৭ আগস্ট) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটির উদ্বোধন করে রবি আজিয়াটা পিএলসি। এর মধ্য দিয়ে ১৬ বছরের এয়ারটেল অধ্যায়ের পর নতুন পরিচয়ে বাজারে পথচলা শুরু হলো।

নাম ও ব্র্যান্ড পরিচয়ে পরিবর্তন এলেও এয়ারটেলের বর্তমান গ্রাহকদের জন্য তাৎক্ষণিকভাবে সেবা বা সুবিধায় কোনো পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছে রবি।

গ্রাহকদের ০১৬ নম্বর, বিদ্যমান সেবা, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল থাকবে। একইভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন এবং গ্রাহকের তথ্যও সচল ও নিরাপদ থাকবে।

অর্থাৎ শুধু ব্র্যান্ডের নাম পরিবর্তনের কারণে গ্রাহকদের নতুন করে নম্বর নেওয়া বা বিদ্যমান ব্যালান্স নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

রবি কর্মকর্তাদের ভাষ্য, গত ১৬ বছরে এয়ারটেল বিশেষ করে দেশের তরুণ প্রজন্মের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছে। তাদের জীবনধারা, আগ্রহ ও আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে ব্র্যান্ডটি দীর্ঘদিন ধরে সেবা দিয়ে এসেছে।

এই ঐতিহ্যের ওপর ভিত্তি করেই ‘সার্কেল’-এর নতুন অধ্যায় শুরু করা হয়েছে। পরিবর্তিত ডিজিটাল বাস্তবতা এবং মানুষের ক্রমবর্ধমান অনলাইন ও প্রযুক্তিনির্ভর জীবনযাপনের বিষয়টি বিবেচনায় রেখে নতুন ব্র্যান্ডটি সাজানো হয়েছে।

‘সার্কেল’-এ এয়ারটেলের তারুণ্যকেন্দ্রিক ভাবনার সঙ্গে যুক্ত করা হয়েছে উন্নত ডিজিটাল সক্ষমতা, আধুনিক সেবা এবং ভবিষ্যতমুখী প্রযুক্তি।নতুন ব্র্যান্ডের অধীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটালনির্ভর সেবা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি এবং দৈনন্দিন ডিজিটাল কার্যক্রমে তরুণদের আরও উন্নত সংযোগ ও অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

‘সার্কেল’-এর মূল ভাবনা হিসেবে তুলে ধরা হয়েছে ‘বাস্তব সংযোগ’। অর্থাৎ শুধু মানুষকে মানুষের সঙ্গে প্রযুক্তিগতভাবে যুক্ত করাই নয়, বরং সেই সম্পর্ককে আরও অর্থবহ করে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে নতুন ব্র্যান্ডটি।

মানুষের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটি ও বিভিন্ন অভিজ্ঞতার সঙ্গে যুক্ত থাকার সুযোগ তৈরি করাকে ব্র্যান্ডটির অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। ‘সার্কেল’ সেই যাত্রারই পরবর্তী ধাপ।

তিনি জানান, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে।

তার মতে, বর্তমান সময়ে শুধু বেশি মানুষকে সংযুক্ত করাই যথেষ্ট নয়; বরং সেই সংযোগকে আরও অর্থবহ করে তোলাই গুরুত্বপূর্ণ। এয়ারটেলের পরবর্তী বিবর্তন হিসেবেই ‘সার্কেল’ নতুন অধ্যায়ে প্রবেশ করছে।

‘সার্কেল’-এর ব্র্যান্ড প্রতিশ্রুতি হিসেবে রাখা হয়েছে—‘আসল সংযোগ, সবসময় সচল’।তরুণদের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে পাশে থাকার অঙ্গীকারের প্রতিফলন হিসেবেই এই বার্তা তুলে ধরা হয়েছে।

রবি জানিয়েছে, ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকদের সেবা নিরবচ্ছিন্ন থাকবে। তাদের এমএফএস ওয়ালেট, অ্যাকাউন্ট, লেনদেন এবং ব্যক্তিগত তথ্য আগের মতোই নিরাপদ ও সচল থাকবে।

আগামী দিনে বাংলাদেশের ডিজিটালনির্ভর প্রজন্মের পরিবর্তিত চাহিদা পূরণে নতুন প্রযুক্তি, উদ্ভাবন ও সেবায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ