ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৭:০৫:০৬
নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই

নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হয়েছে ১৯ সেপ্টেম্বর। কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য এর কার্যকারিতা ধরা হয়েছে তারও আগে, ১ জুলাই ২০২৬ থেকে। ফলে গেজেট প্রকাশের আগের সময়টুকুও নতুন বেতন কাঠামোর হিসাবের মধ্যে আসছে। ১ জুলাই ২০২৬ থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের বেতন বকেয়া হিসেবে পাওয়ার বিধান রাখা হয়েছে।

তবে নতুন বেতন পুরোটা একসঙ্গে হাতে আসবে না। নির্ধারিত বেতন ও ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত বা প্রাপ্য বর্তমান বেতনের ব্যবধান ধরে কয়েক ধাপে বাড়তি অর্থ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ৯ম গ্রেড ও তদূর্ধ্ব এবং ১০ম থেকে ২০তম গ্রেডের জন্য আবার আলাদা হার নির্ধারণ করা হয়েছে।

প্রথম ধাপে কারা কতটা পাবেন

১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬—এই ছয় মাসের জন্য প্রথম ধাপের হিসাব করা হবে। এ সময়ে নতুন বেতনস্কেলে নির্ধারিত বেতন এবং ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত বা প্রাপ্য বর্তমান বেতনের পার্থক্যের ভিত্তিতে বাড়তি অর্থ দেওয়া হবে।

৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মচারীদের ক্ষেত্রে ওই পার্থক্যের ৪০ শতাংশ দেওয়ার কথা বলা হয়েছে। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন পার্থক্যের ৫০ শতাংশ।

অর্থাৎ প্রথম পর্যায়েই সব গ্রেডের জন্য একই হারে নতুন বেতন কার্যকর হচ্ছে না।

২০২৭ সালের শুরুতে বাড়বে সুবিধার হার

নতুন কাঠামোর দ্বিতীয় ধাপ শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে। চলবে ৩০ জুন ২০২৭ পর্যন্ত।

এই ছয় মাসে ৯ম গ্রেড ও তদূর্ধ্বদের জন্য আগের বেতনের সঙ্গে নতুন বেতনের পার্থক্যের ৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে এই হার হবে ৭৫ শতাংশ।

এর পর আর ধাপে ধাপে নয়। ১ জুলাই ২০২৭ থেকে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী বার্ষিক বেতনবৃদ্ধি বা ইনক্রিমেন্টসহ মূল বেতন শতভাগ দেওয়ার বিধান কার্যকর হবে।

গেজেটের আগের সময়ের টাকাও হিসাবের মধ্যে

এখানেই সরকারি কর্মচারীদের জন্য বকেয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর কার্যকারিতা ১ জুলাই থেকে ধরা হলেও গেজেট প্রকাশ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর।

ফলে ১ জুলাই ২০২৬ থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের বেতনের একটি বকেয়া পাওনা তৈরি হবে। গেজেটে স্পষ্টভাবে বলা হয়েছে, কর্মচারীরা ১ জুলাই ২০২৬ থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ের বেতন বকেয়া হিসেবে প্রাপ্য হবেন।

তবে এই বকেয়া হিসাবের সময় আগে পাওয়া বিশেষ সুবিধার বিষয়টিও সমন্বয় করা হবে। ১ জুলাই থেকে গেজেট প্রকাশের আগ পর্যন্ত নতুন বেতনস্কেলের সঙ্গে সমন্বয় করে যে অর্থ পরিশোধ করা হবে, সেখান থেকে আগে পাওয়া বিশেষ সুবিধার অর্থ সমন্বয় করা হবে।

পেনশনেও একইভাবে ধাপে ধাপে সুবিধা

নতুন পে স্কেলের আওতায় শুধু কর্মরত সরকারি কর্মচারীরাই নন, পেনশনভোগীদের জন্যও বাড়তি সুবিধা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

যাদের বিদ্যমান নিট পেনশন ২০ হাজার ১ টাকা বা তার বেশি, তাদের ক্ষেত্রে নতুন বেতনস্কেল অনুযায়ী নিট পেনশন বৃদ্ধির ৪০ শতাংশ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেওয়া হবে।

অন্যদিকে ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিদ্যমান নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির ৫০ শতাংশ দেওয়া হবে।

পরবর্তী ছয় মাসে, অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত, এই দুই শ্রেণির জন্য হার হবে যথাক্রমে ৭০ শতাংশ ও ৭৫ শতাংশ।

তারপর ১ জুলাই ২০২৭ থেকে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী পূর্ণ হারে নিট পেনশন দেওয়ার কথা রয়েছে।

অবসরপ্রাপ্ত ও পারিবারিক পেনশনেও বকেয়া

অবসরপ্রাপ্ত এবং আজীবন পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রেও বকেয়ার বিধান রাখা হয়েছে। তারা ১ জুলাই ২০২৬ থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের নিট পেনশন বকেয়া হিসেবে পাবেন।

অর্থাৎ নতুন বেতনস্কেলের কার্যকারিতা শুরু হওয়ার তারিখ থেকে গেজেট প্রকাশ পর্যন্ত যে সময়ের ব্যবধান রয়েছে, সেটি পেনশনভোগীদের ক্ষেত্রেও হিসাবের আওতায় রাখা হয়েছে।

বিশেষ সুবিধার অর্থ কীভাবে সমন্বয় হবে

জাতীয় বেতনস্কেল, ২০২৬ কার্যকর হওয়ার তারিখ থেকেই বিশেষ সুবিধা বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে। এর ফলে ১ জুলাই ২০২৬ থেকে গেজেট জারির তারিখ পর্যন্ত কোনো কর্মচারী বিশেষ সুবিধা পেয়ে থাকলে সেই অর্থ নতুন পে স্কেলের আওতায় প্রাপ্য বকেয়া বেতন থেকে সমন্বয় করা হবে।

তবে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীদের জন্য আলাদা বিধান রাখা হয়েছে। ১ জুলাই ২০২৬ তারিখে যারা অবসরোত্তর ছুটিতে ছিলেন, তারা সেই ছুটি শেষ না হওয়া পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে যে হারে বিশেষ সুবিধা পেতেন, সেই হারেই সুবিধা পাবেন।

কবে জারি হলো আদেশ, কবে প্রকাশ হলো গেজেট

নতুন বেতনস্কেল নিয়ে সংশ্লিষ্ট আদেশ জারি করা হয় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে এ আদেশ জারি করা হয়।

এরপর শনিবার, ১৯ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হয়। তবে গেজেটে বেতনস্কেলের কার্যকারিতা ১ জুলাই ২০২৬ থেকে ধরা হয়েছে।

ফলে নতুন পে স্কেলের বাস্তবায়ন হবে ধাপে ধাপে—প্রথমে ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত অংশ, এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত পরবর্তী অংশ এবং ১ জুলাই ২০২৭ থেকে বার্ষিক বেতনবৃদ্ধি বা ইনক্রিমেন্টসহ মূল বেতন শতভাগ।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ