ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ: প্রথমার্ধেই চার গোল, জানুন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ নভেম্বর ১৭ ১৬:৫১:৫৮
ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ: প্রথমার্ধেই চার গোল, জানুন ফলাফল

প্রথমার্ধেই সিঙ্গাপুরের বিপক্ষে চার গোলের ব্যবধান গড়ে নিয়েছে ব্রাজিল। আক্রমণভাগের দাপটে প্রতিপক্ষকে শুরু থেকেই চাপে রাখা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। আরেকটি গোল করেছেন এন্দ্রিক। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমার্ধ শেষে স্বাগতিকদের বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের গোল উৎসব শুরু হয় অষ্টম মিনিটে। এরপর ১৪ ও ২০ মিনিটে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসিয়ুস। ৩০ মিনিটে এন্দ্রিকের গোলে ব্যবধান ৪-০ করে ব্রাজিল।

২০ মিনিটেই ভিনিসিয়ুসের হ্যাটট্রিক

ম্যাচের অষ্টম মিনিটে সিঙ্গাপুরের রক্ষণভাগ থেকে বল কেড়ে নিয়ে ব্রাজিলকে এগিয়ে দেন ব্রুনো গিমারেস। তাঁর কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে গোলরক্ষক মাহবুদের দুই পায়ের মাঝ দিয়ে শট নেন ভিনিসিয়ুস জুনিয়র।

১৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি আসে। ভিনিসিয়ুসের পাস থেকে বক্সে ঢুকে বল ফিরিয়ে দেন এন্দ্রিক। সেই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান ভিনিসিয়ুস।

এরপর ২০ মিনিটে এস্তেভাওয়ের পাস থেকে ডান পায়ের শটে নিজের তৃতীয় গোলটি করেন ব্রাজিলের সাত নম্বর জার্সিধারী। মাত্র ২০ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

এন্দ্রিকের গোলে ব্রাজিলের চতুর্থ গোল

৩০ মিনিটে ব্যবধান আরও বাড়ান এন্দ্রিক। এস্তেভাওয়ের কাছ থেকে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে এগিয়ে যান ব্রাজিলের এই ফরোয়ার্ড। এরপর প্রতিপক্ষের খেলোয়াড়কে কাটিয়ে মাঝের দিকে ঢুকে নিচু শটে গোলরক্ষক মাহবুদকে পরাস্ত করেন তিনি। এতে ব্রাজিলের স্কোরলাইন দাঁড়ায় ৪-০।

এরপরও আক্রমণ অব্যাহত রাখে ব্রাজিল। ৩৩ মিনিটে রায়ানের পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে ডগলাস সান্তোস বক্সে ক্রস করেন। সিঙ্গাপুরের রক্ষণভাগ বল ক্লিয়ার করলে ফিরতি বলে শট নেন ভান্দেরসন। তবে তাঁর ডান পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

ব্রাজিলের একটি গোল বাতিল

ম্যাচের ৪১ মিনিটে ব্রাজিলের পঞ্চম গোলের উদ্‌যাপন শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। ডান প্রান্তের আক্রমণে ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে এন্দ্রিক পাস দেন ভান্দেরসনকে। তাঁর ক্রস থেকে বল পেয়ে এস্তেভাও জালে পাঠালেও সহকারী রেফারি অফসাইডের সংকেত দেন। ভিনিসিয়ুসের বিরুদ্ধে সিঙ্গাপুরের গোলরক্ষককে বাধা দেওয়ার অভিযোগে গোলটি বাতিল করা হয়।

সুযোগ পেয়েও গোল করতে পারেনি সিঙ্গাপুর

বড় ব্যবধানে পিছিয়ে পড়লেও গোলের চেষ্টা করেছে স্বাগতিকরা। ২৩ মিনিটে বক্সের প্রান্ত থেকে ফান্দির নেওয়া শট গ্যাব্রিয়েল মাগালহায়েসের গায়ে লাগে। ৩৬ মিনিটে রাইহান স্টুয়ার্টের ক্রস থেকে ইখসান ফান্দি হেড করলেও বল লক্ষ্যে রাখতে পারেননি।

ম্যাচের ৪৪ মিনিটে এন্দ্রিকের পাল্টা আক্রমণ ঠেকাতে গিয়ে ফাউল করেন বাহারুদিন। এ ঘটনায় তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি।

প্রথমার্ধের শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৪-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতির আগে ব্রাজিলের চার গোলের মধ্যে তিনটিই করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

তানভির ইসলমা/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ