ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

চারবারের সাবেক সংসদ সদস্য হিরু এবার গ্রেপ্তার

রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালানো হয়। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। সেখান থেকেই সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর এসআরবির সদস্যরা তাঁকে উত্তরায় সংস্থাটির সদর দপ্তরে নিয়ে যান। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এদিকে, একই সময়ে দেশের অন্য স্থানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও আটকের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সিলেট মহানগরীর আম্বরখানা এলাকার হোটেল পলাশে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ এ অভিযান চালায়। তবে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সবচেয়ে বেশি পড়া

জাতীয়ের আরও খবর

সব খবর