জমির মালিকানা নিয়ে বিরোধ, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির তথ্য যাচাই কিংবা কেনাবেচার আগে অনেকেরই প্রয়োজন হয় পুরোনো জমির দলিল। কিন্তু বছরের পর বছর আগের সেই দলিল কি ঘরে বসে অনলাইনে খুঁজে পাওয়া সম্ভব? বাংলাদেশে এখনো সব পুরোনো জমির দলিল অনলাইনে দেখার বা ডাউনলোড করার ব্যবস্থা চালু হয়নি। তবে দলিলের প্রয়োজনীয় তথ্য জানা থাকলে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড থেকে সেটি খুঁজে বের করে সত্যায়িত নকল সংগ্রহ করা যায়।
অনেকেই জমির খতিয়ান বা পর্চা অনলাইনে পাওয়ার সুযোগকে দলিলের অনলাইন কপি পাওয়ার সঙ্গে মিলিয়ে ফেলেন। বাস্তবে দুটির প্রক্রিয়া আলাদা। খতিয়ান ও ভূমি রেকর্ডের জন্য ভূমি মন্ত্রণালয়ের অনলাইন সেবা রয়েছে। অন্যদিকে, নিবন্ধিত জমির দলিলের পুরোনো রেকর্ড অনুসন্ধান ও নকল সংগ্রহের ক্ষেত্রে নিবন্ধন অধিদপ্তরের অধীন সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পুরোনো জমির দলিল কি অনলাইনে দেখা যায়?
সংক্ষেপে উত্তর হলো, সব পুরোনো জমির দলিল অনলাইনে পাওয়া যায় না। দেশের বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত দলিলের রেকর্ড সংরক্ষিত থাকলেও সব বছরের দলিলের তথ্য একক অনলাইন ব্যবস্থায় যুক্ত হয়েছে—এমন নিশ্চয়তা নেই।
কিছু ভূমি-সংক্রান্ত তথ্য অনলাইনে যাচাই করা গেলেও নিবন্ধিত দলিলের সম্পূর্ণ কপি সরাসরি ডাউনলোড করার সুযোগ সর্বত্র নেই। বিশেষ করে বহু বছর আগের দলিলের ক্ষেত্রে রেকর্ড বই, সূচিবহি বা বালাম বই থেকে তথ্য খুঁজে বের করার প্রয়োজন হতে পারে।
তাই পুরোনো দলিল খুঁজতে প্রথমেই জানতে হবে, জমিটি কোন এলাকায় অবস্থিত এবং কোন সাব-রেজিস্ট্রি অফিসে দলিলটি নিবন্ধন করা হয়েছিল।
পুরোনো জমির দলিল খুঁজে পেতে যেসব তথ্য প্রয়োজন
দলিলের নম্বর জানা থাকলে অনুসন্ধান সহজ হয়। তবে নম্বর না থাকলেও নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে রেজিস্ট্রি অফিসের সূচিবহি থেকে দলিল খোঁজার সুযোগ রয়েছে।
সাধারণত যেসব তথ্য কাজে লাগে—
দলিল নম্বর: দলিল নিবন্ধনের সময় দেওয়া নির্দিষ্ট নম্বর।
নিবন্ধনের সাল: কোন বছরে দলিলটি রেজিস্ট্রি হয়েছিল।
সাব-রেজিস্ট্রি অফিসের নাম: যে অফিসে দলিল নিবন্ধন করা হয়েছিল।
দাতা বা বিক্রেতার নাম: যিনি জমি হস্তান্তর করেছিলেন।
গ্রহীতা বা ক্রেতার নাম: যাঁর নামে জমি হস্তান্তর হয়েছিল।
মৌজার নাম: জমিটি যে মৌজার অন্তর্ভুক্ত।
খতিয়ান ও দাগ নম্বর: জমির পরিচয় শনাক্ত করতে সহায়ক তথ্য।
সব তথ্য একসঙ্গে না থাকলেও অনুসন্ধান করা সম্ভব হতে পারে। তবে যত বেশি নির্ভুল তথ্য থাকবে, দলিল শনাক্ত করা তত সহজ হবে।
অনলাইনে না পেলে পুরোনো দলিল বের করবেন যেভাবে
অনলাইনে দলিলের কপি না পাওয়া গেলে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করতে হবে। নিবন্ধন আইন, ১৯০৮-এর ৫৭ ধারায় নির্ধারিত শর্ত ও ফি সাপেক্ষে নির্দিষ্ট রেজিস্টার বই ও সূচিবহি পরিদর্শন এবং সেসব রেকর্ডে থাকা তথ্যের সত্যায়িত নকল পাওয়ার বিধান রয়েছে।
পুরোনো দলিল খোঁজার প্রক্রিয়াটি সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়।
প্রথম ধাপ: সঠিক সাব-রেজিস্ট্রি অফিস শনাক্ত করুন
জমিটি যে এলাকায় অবস্থিত, সেই এলাকার সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করতে হবে। তবে জমির বর্তমান প্রশাসনিক সীমানা বা অফিসের নাম পরিবর্তিত হয়ে থাকলে দলিল নিবন্ধনের সময় কোন অফিসের অধীনে ছিল, সেটিও যাচাই করা জরুরি।
দ্বিতীয় ধাপ: দলিলের তথ্য দিয়ে তল্লাশির আবেদন করুন
দলিলের নম্বর ও সাল জানা থাকলে তা উল্লেখ করে অনুসন্ধান করা যায়। নম্বর জানা না থাকলে দাতা-গ্রহীতার নাম, মৌজার নাম এবং সম্ভাব্য নিবন্ধনের সাল দিয়ে সূচিবহিতে খোঁজ করা যেতে পারে।
রেজিস্ট্রেশন বিধিমালা, ২০১৪ অনুযায়ী তল্লাশ ও পরিদর্শনের জন্য নির্ধারিত আবেদনপদ্ধতি রয়েছে। সংশ্লিষ্ট অফিসের নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে।
তৃতীয় ধাপ: রেকর্ডে দলিল পাওয়া গেলে নকলের আবেদন করুন
তল্লাশের মাধ্যমে দলিল শনাক্ত হলে তার সত্যায়িত নকল বা সার্টিফায়েড কপি পাওয়ার জন্য আবেদন করতে হবে। নিবন্ধন বিধিমালা অনুযায়ী নকলের জন্য নির্ধারিত ফরমে আবেদন ও প্রযোজ্য ফি জমা দিতে হয়।
আবেদন করার আগে সংশ্লিষ্ট অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং জমা দেওয়ার পদ্ধতি জেনে নেওয়া ভালো।
চতুর্থ ধাপ: সত্যায়িত নকল সংগ্রহ করুন
আবেদন যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট অফিস থেকে দলিলের নকল সংগ্রহ করা যায়। এই নকলটি সাধারণ ফটোকপি নয়; এটি নিবন্ধন অফিসের রেকর্ডের ভিত্তিতে প্রস্তুত করা সত্যায়িত অনুলিপি।
মূল দলিল হারিয়ে গেলে কি নতুন কপি পাওয়া সম্ভব?
হ্যাঁ, নিবন্ধিত মূল দলিল হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসের সংরক্ষিত রেকর্ড থেকে সার্টিফায়েড কপি সংগ্রহের আবেদন করা যায়।
এ ক্ষেত্রে মূল দলিল হাতে না থাকলেও দলিলের নম্বর, সাল, দাতা-গ্রহীতার নাম, মৌজার নাম বা জমির অন্যান্য পরিচিতি দিয়ে অনুসন্ধান করা যেতে পারে।
আরও পড়ুন:
দলিলে নাম, দাগ বা খতিয়ানে ভুল হলে কী করবেন?
নিজের নামে কত জমি আছে, অনলাইনেই জানবেন যেভাবে
মূল দলিলের শেষ পৃষ্ঠার উল্টো দিকে অনেক সময় বালাম বইয়ের নম্বর ও পৃষ্ঠার তথ্য লেখা থাকে। মূল দলিল হাতে থাকলে এসব তথ্য অনুসন্ধানে সহায়ক হয়। তবে দলিল হারিয়ে গেলে সূচিবহির মাধ্যমে খোঁজ করার সুযোগও রয়েছে।
দলিলের নকল তুলতে কত টাকা লাগে?
দলিলের নকল, তল্লাশি ও পরিদর্শনের জন্য সরকারি ফি নির্ধারিত রয়েছে। তবে মোট খরচ নির্ভর করতে পারে আবেদনটির ধরন, নকলের পৃষ্ঠা সংখ্যা, ভাষা এবং প্রযোজ্য অন্যান্য ফির ওপর।
কিছু সরকারি দপ্তরের প্রকাশিত ফি তালিকায় প্রতি ৩০০ শব্দ বা তার অংশবিশেষের জন্য নকল প্রস্তুত ও সরবরাহের আলাদা হার উল্লেখ রয়েছে। সময়ের সঙ্গে ফি পরিবর্তিত হতে পারে। তাই পুরোনো কোনো ওয়েবসাইট বা অনানুষ্ঠানিক সূত্রের তথ্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস থেকে বর্তমান ফি জেনে নেওয়া উচিত।
নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা দাবি করা হলে তার রসিদ ও বৈধতার বিষয়ে জানতে চাইতে পারেন।
জমির দলিল আর খতিয়ান কি একই জিনিস?
না। জমির দলিল এবং খতিয়ান এক নয়। দলিলের মাধ্যমে জমি হস্তান্তর বা সংশ্লিষ্ট আইনগত লেনদেনের তথ্য পাওয়া যায়। অন্যদিকে, খতিয়ানে জরিপ ও ভূমি রেকর্ড অনুযায়ী জমির মালিকানা বা স্বত্বসংশ্লিষ্ট তথ্য, দাগ নম্বর, জমির পরিমাণসহ বিভিন্ন বিবরণ থাকে।
অনলাইনে খতিয়ান বা পর্চা পাওয়া গেলেও সেটি নিবন্ধিত দলিলের বিকল্প নয়। আবার শুধু দলিলের কপি হাতে থাকলেই জমির বর্তমান মালিকানা বা সব ধরনের দায়-দেনা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না।
জমি কেনা, বিক্রি বা উত্তরাধিকার সূত্রে মালিকানা যাচাইয়ের ক্ষেত্রে দলিলের পাশাপাশি খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন করের তথ্য, দখল এবং প্রয়োজনে সংশ্লিষ্ট রেকর্ডও যাচাই করা জরুরি।
জমির তথ্য যাচাইয়ের সরকারি ওয়েবসাইট কোনগুলো?
জমি-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবার জন্য কয়েকটি সরকারি অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। এগুলোর কাজ এক নয়।
ভূমি মন্ত্রণালয়: land.gov.bd — ভূমি-সংক্রান্ত সরকারি সেবা ও তথ্য।
ই-পর্চা:dlrms.land.gov.bd — খতিয়ান ও ভূমি রেকর্ডের তথ্য এবং পর্চা-সংক্রান্ত সেবা।
ই-নামজারি:mutation.land.gov.bd — নামজারি আবেদন ও সংশ্লিষ্ট তথ্য।
নিবন্ধন অধিদপ্তর: rd.gov.bd — নিবন্ধন-সংক্রান্ত তথ্য, নকলের আবেদন ফরম এবং সরকারি নির্দেশনা।
নিবন্ধন অধিদপ্তরের ওয়েবসাইটে নকলের আবেদন ফরম পাওয়া যায়। তবে ফরম অনলাইনে পাওয়া মানেই পুরোনো দলিলের সম্পূর্ণ কপি অনলাইনে ডাউনলোড করা যাবে—এমন নয়।
নতুন ই-রেজিস্ট্রেশন চালু হলেও পুরোনো দলিল কি অনলাইনে আসবে?
বাংলাদেশে দলিল নিবন্ধনব্যবস্থা আধুনিক ও ডিজিটাল করার উদ্যোগের অংশ হিসেবে ২০২৬ সালে নিবন্ধন আইন সংশোধন করে ই-রেজিস্ট্রেশনের আইনি ভিত্তি যুক্ত করা হয়েছে। সংশোধিত বিধানে সরকার অনুমোদিত সফটওয়্যার ব্যবহার করে দলিল উপস্থাপন, গ্রহণ ও ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।
তবে নতুন দলিল ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধনের আইনি ব্যবস্থা যুক্ত হওয়া আর অতীতের সব নিবন্ধিত দলিল অনলাইনে চলে আসা এক বিষয় নয়। পুরোনো দলিলের রেকর্ড ডিজিটাল করা এবং সেগুলো অনলাইনে অনুসন্ধান বা ডাউনলোডের জন্য উন্মুক্ত করার বিষয়টি আলাদা প্রক্রিয়া। তাই নতুন ই-রেজিস্ট্রেশন ব্যবস্থার কারণে দেশের সব পুরোনো দলিল এখনই অনলাইনে পাওয়া যাবে—এমন ধারণা করা ঠিক হবে না।
পুরোনো জমির দলিল খুঁজতে গিয়ে যেসব ভুল করবেন না
পুরোনো জমির দলিল সংগ্রহের ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া অচেনা লিংকে দলিলের তথ্য বা ব্যক্তিগত পরিচয়পত্রের নম্বর দেবেন না।
শুধু অনলাইন খতিয়ান দেখে জমির মালিকানা চূড়ান্ত বলে ধরে নেবেন না।
দলিলের সাধারণ ফটোকপিকে সার্টিফায়েড কপি মনে করবেন না।
দলিলের নম্বর বা সাল নিয়ে সন্দেহ থাকলে অনুমাননির্ভর তথ্য দিয়ে আবেদন না করে আগে রেকর্ড যাচাই করুন।
জমি কেনার আগে বিক্রেতার দলিলের ধারাবাহিকতা, নামজারি, খতিয়ান, দখল ও সংশ্লিষ্ট রেকর্ড যাচাই করুন।
পুরোনো জমির দলিল অনলাইনে পাওয়া যাবে কি না, তা নির্ভর করে সংশ্লিষ্ট রেকর্ড ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়েছে কি না এবং সেই সেবা ব্যবহারকারীর জন্য উন্মুক্ত কি না, তার ওপর। সব পুরোনো দলিল অনলাইনে পাওয়া যায় না। তবে দলিলের প্রয়োজনীয় তথ্য থাকলে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে তল্লাশির আবেদন করে রেকর্ড খুঁজে বের করা এবং সার্টিফায়েড নকল সংগ্রহের সুযোগ রয়েছে।
জমির মালিকানা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু একটি কাগজ বা অনলাইন তথ্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সব রেকর্ড যাচাই করাই সবচেয়ে নিরাপদ।
প্রাসঙ্গিক প্রশ্ন ও উত্তর (FAQ)
১. পুরোনো জমির দলিল কি অনলাইনে ডাউনলোড করা যায়?
সব পুরোনো জমির দলিল অনলাইনে ডাউনলোডের সুযোগ নেই। কিছু তথ্য ডিজিটাল সেবায় পাওয়া গেলেও অনেক পুরোনো দলিলের জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে রেকর্ড তল্লাশি করতে হয়।
২. দলিল নম্বর না জানলে কি পুরোনো দলিল খুঁজে পাওয়া সম্ভব?
সম্ভব হতে পারে। দাতা ও গ্রহীতার নাম, নিবন্ধনের সম্ভাব্য সাল, মৌজার নাম এবং অন্যান্য জমির তথ্য দিয়ে সংশ্লিষ্ট অফিসের সূচিবহিতে অনুসন্ধান করা যায়।
৩. জমির মূল দলিল হারিয়ে গেলে কী করতে হবে?
যে সাব-রেজিস্ট্রি অফিসে দলিলটি নিবন্ধিত হয়েছিল, সেখানে যোগাযোগ করে তল্লাশি ও সার্টিফায়েড নকলের জন্য আবেদন করতে হবে। রেকর্ডে দলিল পাওয়া গেলে নির্ধারিত প্রক্রিয়ায় সত্যায়িত কপি সংগ্রহ করা যায়।
৪. দলিলের সার্টিফায়েড কপি কি মূল দলিলের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়?
সার্টিফায়েড কপি হলো নিবন্ধন অফিসের সংরক্ষিত রেকর্ডের ভিত্তিতে দেওয়া সত্যায়িত অনুলিপি। এটি অনেক আইনগত ও প্রশাসনিক প্রয়োজনে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। তবে কোন কাজে গ্রহণযোগ্য হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আদালতের বিধান ও প্রয়োজনের ওপর নির্ভর করে।
৫. অনলাইনে খতিয়ান পাওয়া গেলে কি জমির দলিল আর প্রয়োজন নেই?
না। খতিয়ান ও দলিল আলাদা নথি। জমির মালিকানা যাচাই করতে দলিলের পাশাপাশি খতিয়ান, নামজারি, দখল এবং অন্যান্য প্রাসঙ্গিক রেকর্ডও পরীক্ষা করা উচিত।
তানভির ইসলাম/














