শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকে ১০ শতাংশের বেশি শেয়ার ক্রয়ের ক্ষেত্রে ইনসাইডার ট্রেডিং সংক্রান্ত বিধিমালার কড়াকড়ি শিথিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত ২৬ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ২০এ অনুযায়ী এই বিশেষ নির্দেশনা জারি করে নিয়ন্ত্রক সংস্থা, যা ২০২২ সালের ইনসাইডার ট্রেডিং নিষিদ্ধকরণ বিধিমালার আওতায় কার্যকর করা হয়েছে।
সাধারণ নিয়মে কোনো কোম্পানির আর্থিক প্রতিবেদন তৈরির নির্ধারিত সমাপ্তির আগের দুই মাস থেকে শুরু করে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত সময়ে স্পন্সর, পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নিরীক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা শেয়ার কেনাবেচা করতে পারেন না।
নতুন এই আদেশের ফলে ব্যাংকিং খাতের মূলধন পুনর্গঠনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট প্রধান নিয়ন্ত্রকের বিশেষ অনুমোদনে কোনো বিনিয়োগকারী বা উদ্যোক্তা নির্ধারিত নিষেধাজ্ঞার সময়েও ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারবেন।
অনুমোদনের ঘোষণা আসার পর থেকে মাত্র ৩০ দিনের মধ্যে এই শেয়ার ক্রয়র প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সংগৃহীত এই শেয়ারগুলো কেনার তারিখ থেকে পরবর্তী এক বছর লক-ইন বা বিক্রয় নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
এই নীতিমালার মূল উদ্দেশ্য হলো বিশেষ প্রক্রিয়ায় ব্যাংক খাতের মূলধন ভিত্তি শক্তিশালী করা এবং অনুমোদিত বড় বিনিয়োগকারীদের জন্য শেয়ার অর্জনের প্রক্রিয়া সময়োপযোগী ও সহজ করা।














