এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার উত্তরপত্র কোথায় জমা হবে এবং কারা সেগুলো সংগ্রহ করবেন, তা নিয়ে নতুন ব্যবস্থা নির্ধারণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০২৬ সালের পরীক্ষার উত্তরপত্র সংশ্লিষ্ট জেলা থেকে সংগ্রহের জন্য জেলাভিত্তিক সময়সূচি ঠিক করা হয়েছে। একই সঙ্গে খাতা জমা দেওয়ার স্থান নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বোর্ডের পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্দেশনাটি ঢাকা শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।
খাতা জমার স্থান নির্ধারণে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, উত্তরপত্র জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলায় একটি নির্দিষ্ট স্থান ঠিক করতে হবে। এ বিষয়ে পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)-এর সিদ্ধান্ত অনুযায়ী খাতা জমা দেওয়ার স্থান চূড়ান্ত হবে।
অর্থাৎ, পরীক্ষাকেন্দ্রগুলো থেকে উত্তরপত্র সংগ্রহের আগে সেগুলো কোথায় একত্রে জমা রাখা হবে, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। নির্ধারিত স্থান থেকেই পরবর্তী সময়ে উত্তরপত্র নিয়ে যাবেন ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।
নির্ধারিত সূচি মেনেই সংগ্রহ করা হবে উত্তরপত্র
২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার উত্তরপত্র সংগ্রহে বোর্ডের কর্মকর্তারা নির্ধারিত জেলাভিত্তিক সময়সূচি অনুসরণ করবেন। এ কার্যক্রমের উদ্দেশ্য হিসেবে পরীক্ষার সুষ্ঠু ও সুশৃঙ্খল আয়োজন, বিভিন্ন কেন্দ্র পরিদর্শন এবং যথাসময়ে ফল প্রকাশের বিষয়গুলো উল্লেখ করেছে বোর্ড।
এ নির্দেশনার আওতায় সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে উত্তরপত্র জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। জেলা প্রশাসনের নির্ধারিত স্থানে উত্তরপত্র পৌঁছানোর পর সেখান থেকে সেগুলো সংগ্রহ করবে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের দায়িত্বপ্রাপ্ত দল।
আল-মামুন/














