ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বিরকে আর সুযোগ দিতে চায় না বিসিবি? যা জানা গেল

জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু সেই পথে বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না সাব্বির রহমান। এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তিন ম্যাচ খেলে তাঁর সর্বোচ্চ সংগ্রহ ২৮ রান। এরপর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৩ এবং পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছেন এই ব্যাটার। সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্স করে নির্বাচকদের নজরে আসার পর পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে না পারায় তাঁর ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠছে।

সাব্বিরকে বাংলাদেশ ‘এ’ দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই আলোচনা ছিল। কারণ, উদীয়মান ক্রিকেটারদের প্রতিযোগিতায় তাঁর অন্তর্ভুক্তি ছিল ব্যতিক্রমী। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকায় দলের প্রয়োজনে কার্যকর ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশা তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই প্রত্যাশা পূরণ হয়নি।

প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল যেভাবে

প্রায় চার বছর জাতীয় দলের বাইরে থাকার পর সম্প্রতি আবার নির্বাচকদের নজরে আসেন সাব্বির। অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলার পাশাপাশি ঘরোয়া লিগ এনসিএলে একটি সেঞ্চুরি করেছিলেন তিনি। এই পারফরম্যান্সের পরই কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে জায়গা পান।

তবে টুর্নামেন্টে সুযোগ পাওয়ার পর ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২৮ রান দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে তাঁর ইনিংস থেমেছে ৩ ও শূন্য রানে। বিশেষ করে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রান না পাওয়াটা তাঁর ব্যর্থতার চিত্র আরও স্পষ্ট করেছে।

একের পর এক টুর্নামেন্টে একই চিত্র

শুধু রাইজিং স্টার্স এশিয়া কাপ নয়, এর আগে হংকং সিক্সেসেও বাংলাদেশের হয়ে খেলেছিলেন সাব্বির। চার ম্যাচের কোনোটিতেই বড় ইনিংস খেলতে পারেননি। তাঁর রান ছিল যথাক্রমে ৮, ৩৯, ৭ ও ১৩।

দুই টুর্নামেন্ট মিলিয়ে সাম্প্রতিক সুযোগগুলোতে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় সাব্বিরের জাতীয় দলে ফেরার পথ কঠিন হয়ে পড়েছে। দলের সাত নম্বর পজিশন ও মিডল অর্ডারে জায়গা পাওয়ার জন্য তরুণ ক্রিকেটাররা অপেক্ষায় রয়েছেন। এমন প্রতিযোগিতার মধ্যে অভিজ্ঞ সাব্বিরের ব্যাটিং ব্যর্থতা নির্বাচকদের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তৈরি করছে।

সাব্বিরকে নিয়ে কী বলছে বিসিবি

জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে সাব্বিরের সামনে যে সুযোগ তৈরি হয়েছিল, তা কাজে লাগাতে পারেননি বলে মনে করছে বিসিবির এক কর্মকর্তা। ঢাকা পোস্টকে তিনি বলেন, 'সাব্বিরকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে তবে সে ব্যর্থ। ভালো করলে জাতীয় দলে সুযোগ ছিল কিন্ত সেটা সে হারিয়েছে।'

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ ও এনসিএলে সেঞ্চুরির পর যে সম্ভাবনা তৈরি হয়েছিল, রাইজিং স্টার্সে ব্যাট হাতে ব্যর্থতায় তা আর জোরালো করতে পারলেন না সাব্বির। ফলে এখন আলোচনার কেন্দ্রে তাঁর সাম্প্রতিক রান নয়, বরং জাতীয় দলে ফেরার জন্য আর কতটা সুযোগ পাওয়ার বাকি রয়েছে সেই প্রশ্ন।

FAQ

১. এশিয়া কাপ রাইজিং স্টার্সে সাব্বির রহমান কত রান করেছেন?

তিন ম্যাচে তাঁর মোট রান ৩১। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২৮, শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৩ এবং পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শূন্য রান করেন।

২. পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সাব্বিরের পারফরম্যান্স কেমন ছিল?

সেমিফাইনালে কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি।

৩. সাব্বির কীভাবে আবার নির্বাচকদের নজরে এসেছিলেন?

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলা এবং ঘরোয়া লিগ এনসিএলে সেঞ্চুরি করার পর নির্বাচকদের নজরে আসেন সাব্বির।

৪. হংকং সিক্সেসে সাব্বিরের রান কত ছিল?

চার ম্যাচে তাঁর সংগ্রহ ছিল যথাক্রমে ৮, ৩৯, ৭ ও ১৩ রান।

৫. সাব্বিরকে নিয়ে বিসিবির কর্মকর্তার মন্তব্য কী?

বিসিবির এক কর্মকর্তা বলেছেন, সাব্বির যথেষ্ট সুযোগ পেয়েছেন। ভালো করলে জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ব্যর্থ হওয়ায় সেই সুযোগ হারিয়েছেন।

আল-মামুন/

সবচেয়ে বেশি পড়া

খেলাের আরও খবর

সব খবর