ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিকে বড় লোকসান

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি ৫৯ কোটি ৮৭ লাখ টাকা নিট লোকসানের মুখে পড়েছে, যদিও এই সময়ে কোম্পানিটির আয় ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৩ কোটি টাকায় উন্নীত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৫ পয়সা, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৮ পয়সা। তবে আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নিট পরিচালন ক্যাশ প্রবাহ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৫ পয়সায়।

আয় বাড়লেও ধারাবাহিক লোকসানের কারণে এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) পুনর্মূল্যায়ন ছাড়া উল্লেখযোগ্যভাবে কমে ৭ টাকা ১ পয়সায় নেমেছে। গত জুনের শেষে যা ছিল ১০ টাকা ২১ পয়সা। আর পুনর্মূল্যায়নসহ এনএভি হ্রাস পেয়ে ১৮ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

আর্থিক বিবরণী পর্যালোচনায় দেখা যায়, প্রকৌশল খাতের এই কোম্পানিটি বিগত ২০২৩ অর্থ বছর থেকেই ধারাবাহিক লোকসানের মধ্য দিয়ে যাচ্ছে। এর ফলে তাদের পুঞ্জীভূত লোকসান বেড়ে ৫২০ কোটি টাকায় পৌঁছেছে এবং সংরক্ষিত আয় ঋণাত্মক হয়ে গেছে।

কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মুদ্রা অবমূল্যায়ন, উচ্চ মূল্যস্ফীতি, সরবরাহ চেইনের জটিলতা এবং আমদান ও ঋণ নেওয়ার ব্যয় বৃদ্ধির কারণে এই ব্যবসায়িক চাপ তৈরি হয়েছে। তবে ২০ হাজার জেনারেটর সেটের রক্ষণাবেক্ষণ সেবা এবং জি-গ্যাস এলপিজির চাহিদার ওপর ভর করে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের পর ডিএসইতে এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারদর ৩.৪৭ শতাংশ কমে ১৬ টাকা ৭০ পয়সায় নেমে এসেছে।

সবচেয়ে বেশি পড়া

শেয়ারবাজারের আরও খবর

সব খবর