Alamin Islam
Senior Reporter
একমি পেস্টিসাইড শেয়ার কেলেঙ্কারি: তদন্তে নতুন মোড়, কঠিন সিদ্ধন্ত বিএসইসির
শেয়ারবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইড লিমিটেডের প্লেসমেন্ট শেয়ার ইস্যু নিয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিষয়টি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই পদক্ষেপের আগেই অভিযুক্ত চার বিনিয়োগকারী নিজেদের অবস্থান ব্যাখ্যার সুযোগ চেয়ে বিএসইসিকে চিঠি দিয়েছেন, যা তদন্তে নতুন মোড় এনেছে।
অনিয়মের অভিযোগ ও বিএসইসির পদক্ষেপ
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, একমি পেস্টিসাইডের প্লেসমেন্ট শেয়ার ইস্যুতে বড় ধরনের জালিয়াতির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে যে, কোনো অর্থ জমা না দিয়েই বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে শেয়ার বরাদ্দ করা হয়েছে। এই জালিয়াতির সঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদের ছয় সদস্যসহ মোট ১৫ ব্যক্তি এবং ছয়টি প্রতিষ্ঠান জড়িত বলে বিএসইসির তদন্তে উঠে এসেছে। এই ১৫ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিএসইসি সিদ্ধান্ত গ্রহণ করেছে।
অভিযুক্ত বিনিয়োগকারীদের দাবি
যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের মধ্যে চারজন বিনিয়োগকারী বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বরাবর একটি চিঠি দিয়েছেন। এই চার বিনিয়োগকারীর মধ্যে তিনজন প্রাতিষ্ঠানিক এবং একজন ব্যক্তি বিনিয়োগকারী। তারা হলেন—বেঙ্গল অ্যাসেট হোল্ডিংস লিমিটেড, চট্টগ্রাম প্লাস্টিক অ্যান্ড ফিশারিজ লিমিটেড, হেরিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং ব্যক্তি বিনিয়োগকারী রুহুল আজাদ।
তাদের দাবি, তারা নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে শেয়ার কিনেছেন। অথচ বিএসইসি তাদের কোনো ব্যাখ্যা না নিয়েই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২৬ সেপ্টেম্বর পাঠানো ওই চিঠিতে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মাহমুদা শিরীনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তারা বিষয়টি পরিষ্কার করতে ব্যাখ্যা তলব, তদন্ত প্রতিবেদন এবং কমিশন সভার প্রেস বিজ্ঞপ্তি সরবরাহের অনুরোধ জানিয়েছেন।
অর্থ লেনদেনে অনিয়ম
তদন্তে আরও জানা গেছে, একমি পেস্টিসাইড তালিকাভুক্ত হওয়ার আগে অভিযুক্ত তিন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছ থেকে ১৪ কোটি টাকা গ্রহণ করে কোম্পানি সংশ্লিষ্টরা। এই অর্থ বিভিন্ন সময়ে কোম্পানির ব্যাংক হিসাব, ব্যবস্থাপনা পরিচালক রেজা-উর-রহমান সিনহা এবং প্রধান অর্থ কর্মকর্তা সেলিম রেজার নামে বা তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে লেনদেন করা হয়েছে।
এই ১৪ কোটি টাকার বিপরীতে তাদের নামে মোট ১ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৩২৯টি শেয়ার (বোনাসসহ) ইস্যু করা হয়, যার মূল্য নির্ধারণ করা হয়েছিল ১১ কোটি ৩৯ লাখ ৪৩ হাজার টাকা। অভিযোগ উঠেছে যে, বিনিয়োগকারীদের কাছ থেকে অতিরিক্ত ২ কোটি ৬০ লাখ টাকার বেশি অর্থ আদায় করা হয়েছে।
বিএসইসির বক্তব্য ও দুদকের কাছে হস্তান্তর
বিএসইসির মুখপাত্র আবুল কালাম জানিয়েছেন, "আমাদের তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে, কেউ কেউ ভুয়া ব্যাংক ডকুমেন্টস জমা দিয়েছে, কেউ আংশিক টাকা পরিশোধ করেছে, আবার কেউ এক টাকাও না দিয়ে শেয়ার বরাদ্দ নিয়েছে। আমরা বিষয়টি দুদকে তদন্তের জন্য পাঠিয়েছি। তবে যারা টাকা দিয়েছে, তাদের রিভিউয়ের সুযোগ রয়েছে।"
বিএসইসির ৯৭৩তম কমিশন সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, শুধু এই চার বিনিয়োগকারী নয়, কোম্পানির আরও ৬ জন পরিচালক ও কর্মকর্তা এবং আলোচিত ‘ছাগলকাণ্ডের’ মতিউর রহমানসহ মোট ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে প্রতিবেদন পাঠানো হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ
অভিযুক্তদের মধ্যে রয়েছেন—
কোম্পানি সংশ্লিষ্টরা: চেয়ারম্যান শান্তা সিনহা, এমডি রেজা-উর-রহমান সিনহা, পরিচালক আহসান হাবিব সিনহা, কে এম হেলুয়ার, কোম্পানি সচিব সবুজ কুমার ঘোষ এবং সিএফও সেলিম রেজা।
ব্যক্তি বিনিয়োগকারী: মতিউর রহমান, মো. আফজাল হোসাইন, তোফাজ্জল হোসাইন ফরহাদ, জাবেদ এম মতিন, আঞ্জুমান আরা বেগম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শেখ মোহাম্মদ সরোয়ার, তৌহিদা আক্তার ও রানা ইসলাম।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী: এসকে টিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিক্রমপুর পটেটো ফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
কোম্পানির পটভূমি
১৫০ কোটি টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত একমি পেস্টিসাইডের পরিশোধিত মূলধন ১৩৫ কোটি টাকা। 'বি' ক্যাটাগরির এই কোম্পানি ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। সে সময় ৩ কোটি শেয়ার ইস্যু করে ৩০ কোটি টাকা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ওই অর্থ ব্যবহারে বিভিন্ন অনিয়মের অভিযোগও সামনে আসে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মুনাফায় শক্তিশালী প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে দুই কোম্পানির ইপিএস
- সাধারণ বিনিয়োগকারীদের জন্য সুখবর, ডিএসই আনল নতুন সুবিধা
- কেয়া কসমেটিকস কাণ্ডে নতুন মোড়, ব্যাংকিং অনিয়ম নাকি জালিয়াতি?
- ব্যাংক-বিমা খাতে সুখবর, তিন প্রতিষ্ঠানের মুনাফায় বড় উল্লম্ফন
- SSC Result 2026: এক ক্লিকেই যেভাবে দেখবেন রেজাল্ট
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত! বিএসইসির কাছে ১১ দফা দাবি
- সৌদিতে এই ৬ ভুলে হতে পারে জেল-জরিমানা, সাবধান!
- এসএসসি ফল ২০২৬: অনলাইনে ও মোবাইলে দ্রুত ফল জানার উপায়
- আজকের মুদ্রা বিনিময় হার (২৮ জুলাই ২০২৬): সকল দেশের রেট
- বড় ধাক্কা সান্তোসে! নিষিদ্ধ হলেন নেইমার
- রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নতুন জল্পনা, সম্ভাব্যদের তালিকায় ড. ইউনূস
- এবার বাংলাদেশের যে দুই দেশের দরজা বন্ধ হলো
- বাংলাদেশ-ভারত বন্ধুত্বের নতুন বার্তা
- ২৭ জুলাই আজ থেকে কার্যকর নতুন স্বর্ণের দাম
- সৌরজগতের কাছেই মিলল লুকিয়ে থাকা ৪ নতুন নক্ষত্র