ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জুলাই ১৬ ১৮:১৯:০৫
প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে আইএসপিআরের পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী জানান, মোজাফফর হোসেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নন। তাই সেনাবাহিনীর প্রচলিত বিধান অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হেফাজতে নিয়েছে। বর্তমানে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে বুধবার রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ডিবির একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেনের নাম অন্যতম। অভিযোগ রয়েছে, তিনি ওই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন।

হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে বিদ্রোহ দমন করা হয়। পরে সামরিক আদালতে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের বিচার হয়। এ ঘটনায় কয়েকজন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

দীর্ঘ সময় ধরে মোজাফফর দেশের বাইরে আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, বিভিন্ন সময় তিনি পরিচয় গোপন করে চলাফেরা করতেন। অবশেষে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে শনাক্ত করে আটক করা হয়েছে।

এখন সেনাবাহিনীর প্রচলিত বিধান ও আদালতের প্রক্রিয়া অনুযায়ী তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ