ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

সাধারণ বিনিয়োগকারীদের জন্য সুখবর, ডিএসই আনল নতুন সুবিধা

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জুলাই ২৮ ১১:০৫:৪৪
সাধারণ বিনিয়োগকারীদের জন্য সুখবর, ডিএসই আনল নতুন সুবিধা

পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও বাড়াতে এবং বিকল্প বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ESS)-এ নতুন করে প্রাইভেট ইনভেস্টর (PI) ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। এর ফলে সাধারণ ব্যক্তি বিনিয়োগকারী, নিবন্ধিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন ফান্ড এখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত বিভিন্ন আর্থিক পণ্যে সরাসরি বিনিয়োগের সুযোগ পাবেন।

সোমবার (২৭ জুলাই) এ উপলক্ষে ডিএসইর উদ্যোগে অনলাইন প্ল্যাটফর্ম জুমে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ট্রেক হোল্ডার এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, এতদিন ইএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে শুধুমাত্র এলিজিবল ইনভেস্টর (EI) এবং কোয়ালিফায়েড ইনভেস্টর (QI) ক্যাটাগরির বিনিয়োগকারীরা প্রাথমিক বিনিয়োগে অংশ নিতে পারতেন। নতুন প্রাইভেট ইনভেস্টর (PI) ক্যাটাগরি চালুর ফলে এই সুযোগ এখন সাধারণ বিনিয়োগকারীদের জন্যও উন্মুক্ত হলো।

ডিএসই জানিয়েছে, ব্যক্তি, নিবন্ধিত প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন ফান্ড—সবাই প্রাইভেট ইনভেস্টর হিসেবে নিবন্ধন করতে পারবেন। ব্যক্তি বিনিয়োগকারীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও একটি ব্যাংক হিসাবের তথ্য জমা দিলেই নিবন্ধন সম্পন্ন করা যাবে। আর প্রতিষ্ঠান বা ফান্ডের ক্ষেত্রে নিবন্ধন সনদ ও ব্যাংক হিসাবের তথ্য প্রয়োজন হবে। এ নিবন্ধনের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না।

কর্মশালায় অংশগ্রহণকারীদের ইএসএস প্ল্যাটফর্মে নিবন্ধনের প্রক্রিয়া, সাবস্ক্রিপশন সম্পন্ন করার ধাপ, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

বক্তারা বলেন, নতুন এই উদ্যোগের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীরা শুধু শেয়ার নয়, প্রাইভেটলি অফার করা বন্ড, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETF) এবং ইকুইটিসহ বিভিন্ন আর্থিক পণ্যে বিনিয়োগের সুযোগ পাবেন। এতে পুঁজিবাজারে বিনিয়োগের পরিধি বাড়বে, বাজারে বৈচিত্র্য আসবে এবং আরও স্বচ্ছ ও ডিজিটাল বিনিয়োগ পরিবেশ গড়ে উঠবে।

বাজারসংশ্লিষ্টদের মতে, প্রাইভেট ইনভেস্টর ক্যাটাগরি চালু হওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য নতুন বিনিয়োগের দ্বার উন্মুক্ত হবে। একই সঙ্গে বাজারে নতুন আর্থিক পণ্যের বিস্তার ঘটিয়ে দীর্ঘমেয়াদে দেশের পুঁজিবাজারকে আরও গভীর ও গতিশীল করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ