ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

কাবা শরীফের সামনে ভিডিও, বিএনপি নেতার বড় ঘোষণা

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ০১ ১৭:৫৫:৪৬
কাবা শরীফের সামনে ভিডিও, বিএনপি নেতার বড় ঘোষণা

পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন বরিশালের আগৈলঝাড়ার এক সক্রিয় নেতা সাদ্দাম হাওলাদার। সোমবার (৩১ আগস্ট) সৌদি আরবে অবস্থানরত অবস্থায় নিজের ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিও বার্তায় বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সাংগঠনিক পদ ও সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি।

নিজের ফেসবুক পোস্টে সাদ্দাম হাওলাদার উল্লেখ করেন, তিনি জিয়া সাইবার ফোর্সের আগৈলঝাড়া উপজেলা শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ৩১ আগস্ট পবিত্র কাবা শরীফের সামনে ধারণ করা একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন তিনি। ভিডিওটির মন্তব্যের ঘরে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে রাজনীতি ছাড়ার কারণ ও নিজের অবস্থান তুলে ধরেন সাদ্দাম।

স্ট্যাটাসে তিনি জানান, তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনিও জাতীয় উপনির্বাচন কমিটির সাবেক সদস্য, ৪ নম্বর মডেল গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রার্থী এবং দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। বর্তমানে কর্মসূত্রে তিনি সৌদি আরবে অবস্থান করছেন।

রাজনীতি ছাড়ার কারণ ব্যাখ্যা করে সাদ্দাম বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার পক্ষে আর রাজনীতি করা সম্ভব হচ্ছে না। তবে বিএনপি কিংবা দলের কোনো নেতার প্রতি তার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হওয়ার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথাও জানান।

সাদ্দাম তার স্ট্যাটাসে বলেন, সসম্মানে ও সজ্ঞানে তিনি বাংলাদেশের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়াচ্ছেন। ৩১ আগস্টের পর থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না বলেও ঘোষণা দেন তিনি।

পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক জীবনে জেনে বা না জেনে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান সাদ্দাম। একই সঙ্গে রাজনীতির বাইরে থেকেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তবে হঠাৎ করে তার এমন সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক বিরোধ, ক্ষোভ কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে সাদ্দাম হাওলাদারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না বলেন, বিষয়টি তার জানা নেই। সাদ্দাম হাওলাদার দীর্ঘদিন ধরে কর্মসূত্রে সৌদি আরবে রয়েছেন।

তিনি বলেন, কারও সঙ্গে বিরোধ বা ক্ষোভের কারণে সাদ্দাম এ সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি লিখিতভাবে কোনো পদত্যাগপত্র না দিয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করে কেন রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন, সে বিষয়েও খোঁজ নেওয়া হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ