ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

মেসি-সুয়ারেজের গোল, শেষ হাসি হাসল কোন দল?

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ২১ ১০:২৪:৪৭
মেসি-সুয়ারেজের গোল, শেষ হাসি হাসল কোন দল?

লিডে এগিয়ে থেকেও ম্যাচ শেষ করতে পারল না ইন্টার মায়ামি। স্যান ডিয়েগোর বিপক্ষে ঘরের মাঠ নু স্টেডিয়ামে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচ শেষ হয়েছে। এর ফলে এমএলএসে টানা চতুর্থ ম্যাচে জয় পেল না মায়ামি।

ম্যাচের শেষ ১০ মিনিটে জয়ের অবস্থানে ছিল ফ্লোরিডার দলটি। কিন্তু সেই সমীকরণ বদলে দেন ড্যানিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ার। ভার্সকোভের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে মায়ামির জয় কেড়ে নেন তিনি।

মেসির পায়ে সমতা

শুরুর ধাক্কাটা অবশ্য মায়ামিই খেয়েছিল। ১২ মিনিটে ড্রেয়ারের গোলে এগিয়ে যায় স্যান ডিয়েগো। মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে জালে পৌঁছে দেন ড্রেয়ার।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে মায়ামি। ফাইনাল থার্ডে বল নিয়ে চাপ বাড়ানোর পাশাপাশি দীর্ঘ সময় বল দখলেও এগিয়ে ছিল তারা। এরই মধ্যে ২৪ মিনিটে আসে সমতা।

বক্সের ডানপ্রান্ত থেকে বাঁ পায়ের শট নেন লিওনেল মেসি। শটটি কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে গোললাইনের সামনে পড়ে দূরের পোস্টে স্পর্শ করে জালে ঢুকে যায়।

লিগে এটি মেসির ২০তম গোল। গত ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করা আর্জেন্টাইন তারকার মায়ামির জার্সিতে গোলসংখ্যা হলো ১০১ এবং ক্যারিয়ারে মোট ৯৩০। ফ্রি কিক থেকে এটি তার ৭৫তম গোল।

সুয়ারেজের গোলে এগিয়ে যায় মায়ামি

মেসির সমতাসূচক গোলের পর আক্রমণের ধার আরও বাড়ায় মায়ামি। প্রতিপক্ষের বক্সে চাপ তৈরি করে তারা। একপর্যায়ে সেই চাপের ফলও আসে।

৭৪তম মিনিটে রদ্রিগো দে পলের বাড়ানো বলে গোল করেন লুইস সুয়ারেজ। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

এরপর ম্যাচের শেষ ১০ মিনিটে প্রবেশ করে মায়ামি জয়ের সম্ভাবনা নিয়েই। কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখা সম্ভব হয়নি।

শেষ মুহূর্তে ড্রেয়ারের দ্বিতীয় গোল

জয়ের বদলে মায়ামিকে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করেন ড্রেয়ার। ভার্সকোভের নিখুঁত পাস থেকে গোল করে তিনি ম্যাচের স্কোর ২-২ করেন।

চারদিন আগে ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলের বিপক্ষে জিতে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল মায়ামি। ওই ম্যাচেও গোল করেছিলেন মেসি। কিন্তু এমএলএস রেগুলার সিজনে ফিরে মেসি আবারও গোল পেলেও দলটির জয়খরা কাটেনি।

পয়েন্ট টেবিলে পিছিয়ে মায়ামি

স্যান ডিয়েগোর সঙ্গে ড্রয়ের পর শেষ ৯ ম্যাচে মায়ামির জয় হলো মাত্র একটি। এমএলএস টেবিলেও এর প্রভাব পড়েছে। ২৬ ম্যাচ শেষে দলটি নেমে গেছে তিন নম্বরে।

শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে মায়ামি। ৪৬ পয়েন্ট নিয়ে তাদের ওপরে দ্বিতীয় স্থানে আছে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ