ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আবহাওয়ার খবর: ৫ দিন বৃষ্টি-ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্বল হচ্ছে নিম্নচাপ

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ২৫ ২১:২৪:৫৩
আবহাওয়ার খবর: ৫ দিন বৃষ্টি-ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্বল হচ্ছে নিম্নচাপ

দেশের ওপর বৃষ্টির প্রবণতা আপাতত থাকছেই। বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় তৈরি হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে এবং বর্তমানে ভারতের ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সিস্টেমটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

কোথায় অবস্থান করছে নিম্নচাপ

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ভারতের দক্ষিণ উড়িষ্যা ও সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় থাকা স্থল গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে দুর্বল হয়েছে। এর পর এটি স্থল নিম্নচাপের রূপ নিয়ে বর্তমানে ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় এর শক্তিও ধীরে ধীরে কমে যেতে পারে।

এর পাশাপাশি মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের মধ্যপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্র, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

শনিবার ও রোববার কোথায় বৃষ্টি হতে পারে

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকাতেও অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পরদিন রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গাতেও এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই দুই দিনে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাপমাত্রার ক্ষেত্রে শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নাও হতে পারে। রোববার দিন ও রাত—দুই সময়েই তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার-বুধবারের পূর্বাভাস

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ তালিকায় রয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ।

সোমবার সারা দেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওই দিন সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টির বিস্তৃতি তুলনামূলকভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশি থাকতে পারে। এ দুই বিভাগের অনেক জায়গায়, বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সমুদ্রবন্দরের সতর্ক সংকেত নামানোর নির্দেশ

এদিকে নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে যে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি ছিল, তা নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবারের সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে এ নির্দেশনা দেওয়া হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলার কথা বলা হয়েছে।

তবে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ