ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শিক্ষক বদলি নিয়ে সোমবার ফের সভা, আসতে পারে সিদ্ধান্ত

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৯:৪১:৩৩
শিক্ষক বদলি নিয়ে সোমবার ফের সভা, আসতে পারে সিদ্ধান্ত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনে ভুল সংশোধন বা আবেদন বাতিলের সুযোগ দেওয়া হবে কি না, শূন্য পদ না থাকা এবং এনটিআরসিএর প্রতিস্থাপন হওয়া ১৯৫টি পদ—এসব বিষয় ঘিরে নতুন করে আলোচনায় বসছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় শিক্ষকদের বদলি নিয়ে আবারও সভা অনুষ্ঠিত হবে। সেখানে বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

আজ রবিবারের বৈঠকে শিক্ষকদের বদলি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করা যায়নি। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সভায় উপস্থিত না থাকায় আলোচ্য বিষয়গুলোতে শেষ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। সেই কারণেই পরদিন আবার বৈঠকের আয়োজন করা হয়েছে।

যে বিষয়গুলো নিয়ে আলোচনা

শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় আবেদনকারীদের ভুল সংশোধনের সুযোগ দেওয়া হবে কি না—এটি বৈঠকের আলোচনার অন্যতম বিষয় ছিল। পাশাপাশি শূন্য পদ না থাকা এবং এনটিআরসিএর প্রতিস্থাপন হওয়া ১৯৫টি পদ নিয়েও আলোচনা হয়েছে।

আবেদনে ভুল করা শিক্ষার্থীদের আবেদন এডিট অথবা বাতিল করার সুযোগ দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ইতিবাচক মতামত দিয়েছেন বলে জানা গেছে।

তবে মতামত পাওয়া গেলেও বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে যায়নি।

সচিব না থাকায় থেমে আছে চূড়ান্ত সিদ্ধান্ত

আজকের সভায় উপস্থিত ছিলেন না মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। ফলে আলোচনায় ওঠা বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'যাদের আবেদনে ভুল হয়েছে তাদের আবেদন এডিট বা বাতিলের সুযোগ দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী ইতিবাচক। শিক্ষা সচিব আবদলু খালেক না থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা যায়নি।'

এর পরিপ্রেক্ষিতেই সোমবার আবার সভা ডাকা হয়েছে।

সোমবার দুপুর ২টায় বৈঠক

পরবর্তী সভার সময়ের বিষয়টি নিশ্চিত করেছেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, ‘শিক্ষকদের বদলি নিয়ে আগামীকাল সোমবার দুপুর ২টায় আবারও সভা অনুষ্ঠিত হবে। সভায় বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

ফলে আগামীকালের বৈঠকেই শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে আলোচনায় থাকা কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তা সভাতেই নির্ধারিত হবে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত: