ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

শর্ত সাপেক্ষে হিরু ও ছায়েদুরের ৯৩ বিও হিসাব অবমুক্ত

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ নভেম্বর ১৬ ০৪:২৪:৩০
শর্ত সাপেক্ষে হিরু ও ছায়েদুরের ৯৩ বিও হিসাব অবমুক্ত

শেয়ারবাজারে আলোচিত দুই বিনিয়োগকারী আবুল খায়ের হিরু ও ছায়েদুর রহমানসহ সাত ব্যক্তির নিয়ন্ত্রণাধীন ৯৩টি বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। কমিশনের সাম্প্রতিক এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিএসইসি চেয়ারম্যানের স্বাক্ষরে তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা হয়েছে।

অবরুদ্ধ এসব বিও হিসাবের মধ্যে আবুল খায়েরের ৩২টি, তার স্ত্রীর ২৩টি, বোনের ১০টি, বাবার আটটি এবং ভাইয়ের চারটি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া ছায়েদুর রহমানের ১১টি ও তার স্ত্রীর পাঁচটি হিসাবের ওপরও একই আদেশ প্রযোজ্য হয়েছে। সংশ্লিষ্টদের আবেদনের প্রেক্ষিতে এবং বাজার মধ্যস্থতাকারী বিভাগের সুপারিশ আমলে নিয়ে এই সিদ্ধান্ত এসেছে।

নতুন নির্দেশনার ফলে অ্যাকাউন্টগুলোতে জমা থাকা শেয়ার এখন থেকে খোলা বাজারে কেনাবেচা করা যাবে। মার্জিন বিধিমালা অনুসরণ করে শেয়ার সমন্বয়ের সুযোগও রাখা হয়েছে। তবে স্বাভাবিক লেনদেন চললেও এসব হিসাব থেকে কোনোভাবেই কোনো অর্থ তোলা বা অন্য কোথাও স্থানান্তর করা যাবে না।

নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, ব্লক মার্কেটে শেয়ার লেনদেন, মালিকানা পরিবর্তন কিংবা শেয়ার হস্তান্তরের পূর্বের নিষেধাজ্ঞা বহাল থাকছে। এছাড়া লক-ইন বা বন্ধকি শেয়ারের ক্ষেত্রেও নতুন এই সুবিধার সুযোগ মিলবে না।

আদালত, দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড কিংবা আর্থিক গোয়েন্দা ইউনিটের পক্ষ থেকে পৃথক কোনো নিষেধাজ্ঞা থাকলে সেই নির্দিষ্ট হিসাবগুলো এই আডেশের বাইরে থাকবে। সিডিবিএলকে এসব বিষয় যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উভয় স্টক এক্সচেঞ্জকে নতুন এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। প্রতি মাসের দশ তারিখের মধ্যে আগের মাসের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়েছে প্রধান শেয়ারবাজার দুটিকে।

সানজিদা ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ