দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে শেয়ারবাজারে অকার্যকর হয়ে থাকা বস্ত্র খাতের কোম্পানি ড্যান্ডি ডাইং লিমিটেড এবার ব্যবসায় ফেরার উদ্যোগ নিয়েছে। সিকিউরিটিজ আইন পরিপালনের মাধ্যমে কোম্পানিটি বাজারে নিজেদের সক্রিয়তা পুনরুদ্ধারে কাজ শুরু করেছে, যা বিনিয়োগকারীদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
১৯৯৫ সালে তালিকাভুক্ত এই কোম্পানিটি মূলত ধূসর কাপড় বয়ন, ডাইং এবং প্রিন্টিংয়ের ব্যবসায় যুক্ত ছিল। তবে ২০০৯ সালের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে কোম্পানিটি বড় ধরনের ব্যবসায়িক সংকটে পড়ে। দীর্ঘ সময় অকার্যকর অবস্থায় থাকায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে এটি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) মার্কেটে স্থানান্তরিত হয় এবং টানা এক দশকেরও বেশি সময় ধরে সেখান থেকেই লেনদেনহীন অবস্থায় রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে ড্যান্ডি ডাইং তাদের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক নাসরিন সাঈদকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনিক ও আইনি জটিলতা নিরসনে কোম্পানিটি বিএসইসির কাছে একটি লিখিত পরিকল্পনা জমা দিয়েছে।
সিকিউরিটিজ আইনের সাথে সামঞ্জস্য রাখতে কোম্পানিটি ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত ১৫টি বকেয়া বার্ষিক সাধারণ সভা (এজিএম) ধারাবাহিকভাবে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কর্মকর্তারা জানিয়েছেন, ব্যবসায়িক কার্যক্রম নিয়মিতকরণের প্রথম ধাপ হিসেবে এই এজিএমগুলো সম্পন্ন করা জরুরি।
ইতিমধ্যে এজিএমে অংশগ্রহণের জন্য শেয়ারহোল্ডারদের তালিকা চূড়ান্ত করতে ৩ ডিসেম্বর রেকর্ড ডেট ঘোষণা করেছে কোম্পানিটি। বছরের পর বছর অচল থাকার পর এই সিদ্ধান্তকে কোম্পানির পুনরুজ্জীবনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নিয়ন্ত্রক সংস্থার আইনি বাধ্যবাধকতা পূরণের পর কোম্পানিটি নতুন ব্যবসায়িক পরিকল্পনা ঘোষণা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
রফিকুল আলম














