উপবৃত্তির টাকা পেতে ছাত্রীদের সবার জন্য একই ধরনের ব্যাংক হিসাব বাধ্যতামূলক নয়। শিক্ষার্থীর বাবা-মা জীবিত কি না, আবেদনপত্রে কাকে অভিভাবক দেখানো হচ্ছে এবং কোন মাধ্যমে টাকা নেওয়া হবে—এসব বিবেচনায় হিসাব খোলার নিয়ম নির্ধারণ করেছে সরকার। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি বা সমমান পর্যায়ে পড়ুয়া সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত বাস্তবায়নে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসার সংশ্লিষ্ট শ্রেণির ছাত্রীরা ১০০ শতাংশ উপবৃত্তি পাবে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে। উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী অথবা তাঁর অভিভাবকের হিসাবে পাঠানো হবে। এ জন্য ব্যাংক, এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং—তিন ধরনের হিসাব ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক গত ১৮ নভেম্বর এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন। এতে হিসাব খোলার পাশাপাশি অভিভাবক নির্বাচন, বিশেষ পরিস্থিতিতে উপবৃত্তি গ্রহণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির নিয়মও জানানো হয়েছে।
আগে থেকেই উপবৃত্তি পেলে নতুন হিসাবের প্রয়োজন নেই
নতুন নির্দেশনায় বলা হয়েছে, উপবৃত্তির অর্থ দেওয়া হবে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে। এ ব্যবস্থায় টাকা পেতে শিক্ষার্থী কিংবা তাঁর অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।
তবে যেসব ছাত্রী ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অর্থ পাচ্ছে, তাদের আবার হিসাব খুলতে হবে না। একই সুবিধা পাবে যেসব ছাত্রীর তথ্য কর্মসূচির এইচএসপি-এমআইএস সফটওয়্যারে আগে থেকেই অন্তর্ভুক্ত রয়েছে। নতুন করে হিসাব খোলার বাধ্যবাধকতা থাকছে শুধু তাদের জন্য, যারা এখনো এ কর্মসূচির আওতায় উপবৃত্তি পাচ্ছে না।
ব্যাংক হিসাবের ক্ষেত্রে অভিভাবক নির্ধারণের নিয়ম
ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তি নিতে চাইলে প্রথমে শিক্ষার্থীর বাবা অথবা মাকে অভিভাবক হিসেবে নির্ধারণ করতে হবে। তাঁদের কারও নামে আগে থেকে অনলাইন তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিং হিসাব থাকলে সেটি ব্যবহার করা যাবে। নতুন হিসাব খোলার প্রয়োজন হলেও একই নিয়ম অনুসরণ করতে হবে।
এ জন্য উপবৃত্তির আবেদনপত্রে সংশ্লিষ্ট বাবা অথবা মায়ের নাম শিক্ষার্থীর অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।
বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে অভিভাবক নির্বাচনের সুযোগ রয়েছে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানির মধ্য থেকে একজনকে। এমন ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের নামে তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। আবেদনপত্রে যাঁকে অভিভাবক হিসেবে দেখানো হবে, হিসাব খোলার সময় তাঁর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।
মোবাইল ব্যাংকিংয়ে সিম ও হিসাব একই ব্যক্তির নামে হতে হবে
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির টাকা গ্রহণের নিয়ম ব্যাংক হিসাবের চেয়ে আলাদা। এ পদ্ধতিতে টাকা পেতে হলে শিক্ষার্থীর বাবা অথবা মায়ের অন্তত একজন জীবিত থাকতে হবে।
আবেদনপত্রে বাবা-মায়ের মধ্যে যাঁকে অভিভাবক হিসেবে দেখানো হবে, তাঁর জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে। মোবাইল ব্যাংকিং হিসাবও খুলতে হবে সেই একই ব্যক্তির নামে।
নির্দেশনায় উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। কোনো ছাত্রীর আবেদনে বাবাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হলে বাবার জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে সিম নিবন্ধন করতে হবে। এরপর ওই পরিচয়পত্রের তথ্য অনুযায়ী বাবার নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অর্থাৎ সিমের নিবন্ধিত মালিক এবং মোবাইল ব্যাংকিং হিসাবের মালিক একই ব্যক্তি হতে হবে।
কোনো অভিভাবক জীবিত না থাকলে কীভাবে টাকা পাবে
কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং বিকল্প অভিভাবক হিসেবে নির্ধারিত আপন ভাই-বোন, দাদা-দাদি কিংবা নানা-নানির কেউ জীবিত না থাকলে আলাদা ব্যবস্থা অনুসরণ করতে হবে।
এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় একজন ব্যক্তিকে অভিভাবক হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেবেন। শিক্ষার্থীর তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করার সময় সেই প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।
তবে বিশেষ এই পরিস্থিতিতে উপবৃত্তির অর্থ পাওয়ার জন্য শিক্ষার্থীকে নিজের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। এ ক্ষেত্রে অন্য কোনো হিসাবের মাধ্যমে টাকা গ্রহণের সুযোগের কথা নির্দেশনায় বলা হয়নি।
১৮ বছর হলে স্কুল ব্যাংকিং হিসাব হালনাগাদ করতে হবে
স্কুল ব্যাংকিং হিসাব শিক্ষার্থীর নিজের নামেই খুলতে হবে। তবে বয়স ১৮ বছর পূর্ণ হলে এ ধরনের হিসাব স্থগিত হয়ে যায়। তখন সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিজের নামে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে ব্যাংক হিসাবটি হালনাগাদ করতে হবে।
হিসাব খোলার সময় গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি ফরমও যথাযথভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। নির্দেশনায় সতর্ক করা হয়েছে, নির্ধারিত নিয়ম মেনে হিসাব খোলা ও প্রয়োজনীয় তথ্য জমা না দিলে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না।
কোন শিক্ষাপ্রতিষ্ঠান নতুন করে উপবৃত্তি কর্মসূচিতে আবেদন করতে পারবে
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির পরিধি বাড়াতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির আবেদন নেওয়ার নিয়মও জানানো হয়েছে।
সাধারণ শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমোদনপ্রাপ্ত যেসব প্রতিষ্ঠান বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকে ইআইআইএন নম্বর পেয়েছে, সেগুলো কর্মসূচিতে যুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবে।
আবেদন জমা দিতে হবে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের কাছে। আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এইচএসপি-এমআইএস অ্যাকাউন্ট সক্রিয় করার নির্দেশ
কর্মসূচির আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার প্রবেশের আগে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে। এ জন্য সফটওয়্যারের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশন ব্যবহার করে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। একই প্রক্রিয়ায় ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
উপবৃত্তি কার্যক্রম পরিচালনার সময় কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সমাধানের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনে [email protected] ই-মেইল ঠিকানায়ও সহায়তা চাওয়া যাবে।
এ ছাড়া উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশনার বিষয়টি জানাতে হবে। পাশাপাশি উপবৃত্তি-সংক্রান্ত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের দায়িত্বও তাঁদের দেওয়া হয়েছে।
সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সরকারি সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। নির্দেশনায় পুরো বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
ম্যাচটি সরাসরি দেখতে এখানেক্লিক করুন।
FAQ
১. বাংলাদেশ ‘এ’ ও আফগানিস্তান ‘এ’-এর ম্যাচটি কবে অনুষ্ঠিত হচ্ছে?
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ ‘এ’-এর ষষ্ঠ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
২. ২৪ ওভার শেষে আফগানিস্তানের স্কোর কত?
২৪ ওভার শেষে আফগানিস্তান ‘এ’ ৪ উইকেট হারিয়ে ১০২ রান করেছে।
৩. বাংলাদেশের হয়ে সর্বোচ্চ কয়টি উইকেট নিয়েছেন রিপন মণ্ডল?
রিপন মণ্ডল ৭ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।
৪. ইকবাল হোসেন ইমনের বোলিং পরিসংখ্যান কী?
ইকবাল হোসেন ইমন ৪ ওভার বল করে ১৪ রান দিয়েছেন এবং ১ উইকেট নিয়েছেন। এর মধ্যে একটি মেডেন ওভার রয়েছে।
৫. আফগানিস্তানের হয়ে কারা অপরাজিত রয়েছেন?
অধিনায়ক ইকরাম আলিখিল ৩৯ বলে ১৯ রান এবং বাহির শাহ ১৯ বলে ১০ রান করে অপরাজিত রয়েছেন।
তানভির ইসলাম/












