জমির নামজারি করতে গিয়ে আবেদনপ্রক্রিয়া বুঝতে পারছেন না, খতিয়ান তুলতে গিয়ে জটিলতায় পড়েছেন কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধের পর দাখিলা পাচ্ছেন না—এ ধরনের সমস্যায় সমাধানের জন্য আর ভূমি অফিসে ছুটে তথ্য সংগ্রহ করতে হবে না। দিন হোক বা রাত, সপ্তাহের সাত দিনই ফোন করে ভূমিসেবা-সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। এ জন্য ভূমি মন্ত্রণালয়ের চালু করা হটলাইন নম্বর ১৬১২২।
জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র, সরকারি ফি, অনলাইনে আবেদন, ভূমি অফিসের কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে এই নম্বর থেকে তথ্য পাওয়া যায়। শুধু তথ্য জানাই নয়, ভূমিসেবা নিতে গিয়ে হয়রানি, জটিলতা কিংবা অন্য কোনো সমস্যার মুখোমুখি হলে অভিযোগও জানাতে পারবেন নাগরিকেরা। ২০২৬ সালের অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকায় ভূমিসেবা-সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
নামজারি করতে কী লাগবে, জানা যাবে ফোনেই
জমি কেনার পর নতুন মালিকের নামে রেকর্ড হালনাগাদ করার জন্য নামজারি বা জমাখারিজ করতে হয়। এ কাজের আবেদন কীভাবে করতে হবে, কোন কোন কাগজপত্র জমা দিতে হবে, সরকারি ফি কত এবং পুরো প্রক্রিয়ায় কী নিয়ম অনুসরণ করতে হবে—এসব বিষয়ে জানতে ১৬১২২ নম্বরে যোগাযোগ করা যাবে।
নামজারির আবেদন করতে গিয়ে কোনো ধাপে সমস্যা হলে কিংবা আবেদন-সংক্রান্ত তথ্যের প্রয়োজন হলে হটলাইন থেকে পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে। এতে প্রয়োজনীয় তথ্যের জন্য সরাসরি ভূমি অফিসে যাওয়ার ঝামেলা কমবে।
খাজনা, হোল্ডিং ও দাখিলা নিয়ে সহায়তা
ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাবে এই হটলাইনে। অনলাইনে কর দেওয়ার নিয়ম, নতুন হোল্ডিং খোলা, হোল্ডিং অনুমোদন এবং করের পরিমাণ নির্ধারণের বিষয়ে নাগরিকেরা জানতে পারবেন।
কোনো জমির জন্য ভুল করের দাবি করা হলে তা সংশোধনের উপায় সম্পর্কেও তথ্য পাওয়া যাবে। পাশাপাশি ভূমি উন্নয়ন কর পরিশোধের পর দাখিলা সংগ্রহ করতে সমস্যা হলে কিংবা অনলাইন ব্যবস্থায় জটিলতা দেখা দিলে ১৬১২২ নম্বরে ফোন করে সহায়তা চাওয়া যাবে।
খতিয়ান, পর্চা ও মৌজা ম্যাপ সংগ্রহের নিয়ম
জমির রেকর্ড যাচাই ও মালিকানা-সংক্রান্ত তথ্য জানার ক্ষেত্রে সিএস, এসএ, আরএস ও বিএস জরিপের খতিয়ান বা পর্চা গুরুত্বপূর্ণ। এসব নথি সংগ্রহের আবেদনপদ্ধতি, সার্টিফায়েড কপি পাওয়ার নিয়ম এবং ভূমি রেকর্ড-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হটলাইন থেকে পরামর্শ নেওয়া যাবে।
আরও পড়ুন:
যৌথ খতিয়ানে নিজের অংশের খাজনা দেবেন যেভাবে, নতুন নিয়ম জানুন
নামজারি খতিয়ান হারিয়ে গেলে কী করবেন? জানুন ফের পাওয়ার নিয়ম
অন্যদিকে, জমির অবস্থান শনাক্ত করা কিংবা সীমানা ও নকশা বুঝতে মৌজা ম্যাপের প্রয়োজন হয়। এই ম্যাপ কোথা থেকে এবং কীভাবে সংগ্রহ করতে হবে, নকশায় থাকা তথ্যের অর্থ কী, জমির অবস্থান কীভাবে নির্ধারণ করতে হয়—এসব বিষয়েও ১৬১২২ নম্বরে যোগাযোগ করা যাবে। জরিপ-সংক্রান্ত তথ্যের প্রয়োজন হলেও এই সেবা থেকে পরামর্শ পাওয়া যাবে।
রেকর্ডে ভুল থাকলে সংশোধনের তথ্যও মিলবে
জমির মাঠজরিপ, জরিপের তথ্য যাচাই কিংবা রেকর্ডে ভুল থাকলে তা সংশোধনের নিয়ম জানতে ভূমি সেবা হটলাইনে ফোন করা যাবে। আদালতের আদেশের ভিত্তিতে ভূমি রেকর্ড সংশোধন এবং জমির শ্রেণি পরিবর্তনের বিষয়েও পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে।
রেকর্ডের ভুল তথ্য সংশোধনের জন্য কীভাবে আবেদন করতে হবে এবং এ কাজে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম কী—এসব বিষয়ে প্রয়োজনীয় তথ্যও পাওয়া যাবে এই নম্বরে।
অধিগ্রহণ হলে ক্ষতিপূরণ নিয়ে পরামর্শ
সরকারি প্রয়োজনে জমি অধিগ্রহণ বা হুকুমদখল করা হলে মালিকদের সামনে ক্ষতিপূরণ-সংক্রান্ত নানা প্রশ্ন দেখা দেয়। ক্ষতিপূরণ কীভাবে নির্ধারণ করা হয়, অর্থ পরিশোধের প্রক্রিয়া কী এবং অধিগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম কীভাবে চলে—এসব বিষয়ে ভূমি সেবা হটলাইন থেকে তথ্য ও পরামর্শ নেওয়া যাবে।
খাসজমি, জলমহাল ও ইজারা-সংক্রান্ত তথ্য
খাস কৃষিজমি ও অকৃষি জমি বন্দোবস্ত নেওয়ার নিয়ম, এ জন্য আবেদন এবং জলমহালসহ বিভিন্ন সায়রাত মহাল ইজারা নেওয়ার প্রক্রিয়া সম্পর্কেও তথ্য পাওয়া যাবে ১৬১২২ নম্বরে।
এসব সেবার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপদ্ধতি এবং সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম সম্পর্কে জানতে ফোন করে সহায়তা নেওয়া যাবে।
ভূমি রাজস্ব মামলা ও অন্যান্য প্রশাসনিক সেবা
ভূমি রাজস্ব মামলার কার্যক্রম এবং মামলার আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের নিয়মসহ ভূমি প্রশাসনের বিভিন্ন বিষয়েও পরামর্শ দেবে এই হটলাইন।
এ ছাড়া অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, ইজারা, বন্দোবস্ত এবং ভূমি প্রশাসনের অন্যান্য সেবা সম্পর্কে তথ্য জানার সুযোগ রয়েছে।
দিন-রাত যেকোনো সময় ফোন করা যাবে, তবে কলচার্জ প্রযোজ্য
ভূমি সেবা হটলাইন ১৬১২২ সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা চালু থাকে। ফলে সরকারি ছুটির দিনেও কিংবা রাতের সময়েও ভূমি-সংক্রান্ত তথ্য জানতে, পরামর্শ নিতে বা কোনো সমস্যার অভিযোগ জানাতে ফোন করা যাবে।
প্রবাসী বাংলাদেশিদের জন্যও রয়েছে আলাদা যোগাযোগ নম্বর। দেশের বাইরে থেকে ভূমিসেবা-সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ জানাতে +৮৮০৯৬১২৩১৬১২২ নম্বরে কল করা যাবে।
তবে এই সেবায় ফোন করার আগে একটি বিষয় মনে রাখা জরুরি। ১৬১২২ নম্বরে কল করার জন্য কোনো নির্ধারিত টোল ফ্রি সুবিধা নেই। অর্থাৎ ফোন করলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের প্রচলিত কলচার্জ দিতে হবে। তাই সেবা নিতে যোগাযোগের সময় কলের খরচও বিবেচনায় রাখা প্রয়োজন।
পাঠকের সাধারণ প্রশ্ন (FAQ)
১. ভূমি সেবা হটলাইন নম্বর কত?
ভূমি মন্ত্রণালয়ের ভূমি সেবা হটলাইন নম্বর ১৬১২২।
২. ভূমি সেবা হটলাইন কি ২৪ ঘণ্টা চালু থাকে?
হ্যাঁ। সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা এই হটলাইন চালু থাকে। সরকারি ছুটির দিন ও রাতেও ফোন করা যায়।
৩. ১৬১২২ নম্বরে ফোন করে কী কী বিষয়ে তথ্য পাওয়া যাবে?
নামজারি, জমাখারিজ, ভূমি উন্নয়ন কর, খতিয়ান, পর্চা, মৌজা ম্যাপ, ভূমি রেকর্ড সংশোধন, জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ, খাসজমি, জলমহাল ও ভূমি রাজস্ব মামলা-সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাওয়া যাবে।
৪. বিদেশ থেকে ভূমি সেবা হটলাইনে যোগাযোগের নম্বর কত?
প্রবাসী বাংলাদেশিরা দেশের বাইরে থেকে +৮৮০৯৬১২৩১৬১২২ নম্বরে ফোন করতে পারবেন।
৫. ১৬১২২ নম্বরে ফোন করতে কি কোনো টাকা লাগে?
হ্যাঁ। এই নম্বরে ফোন করার জন্য নির্ধারিত টোল ফ্রি সুবিধা নেই। মোবাইল অপারেটরের প্রচলিত কলচার্জ প্রযোজ্য হবে।
আল-মামুন/













